ভোটারদের মধ্যে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার রাত থেকে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।  ছবিটি গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর এলাকা থেকে তোলা   প্রথম আলো
শুক্রবার রাত থেকে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবিটি গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর এলাকা থেকে তোলা প্রথম আলো

শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। আজ রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত উপজেলায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনকে শান্তিপূর্ণ করার সব পদক্ষেপই নিয়েছে প্রশাসন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। আশা করি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
মো. নজরুল ইসলাম আরও জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন লাখ ২৬ হাজার ১৬৪ জন ভোটার ১৩৩টি কেন্দ্রে ভোট দেবেন। এসবের মধ্যে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যায় থেকে সেনাবাহিনীর তিন প্লাটুন ও বিজিবির এক প্লাটুন সদস্য উপজেলাজুড়ে টহল দিচ্ছেন।
ভোটারদের মতে, এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এম. তৌহিদুল আলম, বিএনপির মুহাম্মদ সরওয়ার আলমগীর ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হাবিব আহমেদের মধ্যে হবে ভোটের লড়াই। এ ছাড়া এ পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. ছালাহ উদ্দিনও নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন উত্তম কুমার মহাজন। এইচ এম নাসির উদ্দিন বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করলেও একই দলের খোরশেদুল আলমও নির্বাচনে আছেন। এ পদে জামায়াতের সমর্থন নিয়ে আলমগীর মো. ইউনুস, ইসলামী ঐক্যজোটের সমর্থন নিয়ে আবু তালেব ও একই দলে আশরাফ বিন এয়াকুব নির্বাচন করছেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জেবুন নাহার, বিএনপির সমর্থন নিয়ে তামান্না হাসনাত, একই দলের তসলিমা আকতার এবং জামায়াতের সাজিয়া সুলতানা নির্বাচন করছেন।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ভোটারদের প্রত্যাশা নির্বাচনের পর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। পাশাপাশি প্রার্থী ও ভোটারেররা চান শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকার দুর্নাম ঘুঁচবে।
প্রার্থীরাও নির্বাচনের শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল আলম বলেন, ‘স্থানীয় প্রশাসন শক্ত অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আশা করি শান্তিপূর্ণ নির্বাচন হবে।’
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সরওয়ার আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। ভোটারদের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া বলেন, সব কেন্দ্রই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবের সার্বক্ষণিক টহল থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।