ভোটারদের মন জয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়নের অর্ধশতাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণা চালাতে কোমরবেঁধে মাঠে নেমেছেন। এবার পুরোনো প্রার্থীর পাশাপাশি একাধিক নতুন প্রার্থীও রয়েছেন। ৫ মার্চ মনোনয়নপত্র দাখিল করার পর ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রার্থীরা নিজের পক্ষে সমর্থন ও দোয়া চাইছেন। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়নের অর্ধশতাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী প্রচারণায় নেমেছেন। ৫৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা গণসংযোগ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সুকৌশলে নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীরা গ্রামগঞ্জে গণসংযোগ করার পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন। ভোটারদের কাছে গিয়ে তাঁদের দুঃখ-দুর্দশাসহ নানা সমস্যার খোঁজ নিচ্ছেন। এ ছাড়া আগামী নির্বাচনে তাঁদের পক্ষে সম্মতি দেওয়ার আহ্বান জানাচ্ছেন। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম ধাপে উপকূলীয় এলাকার ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ মার্চ। এতে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, এবং ২১টি সংরক্ষিত মহিলা সদস্যের পদে ১২৫ জন এবং ৬৩টি সাধারণ (পুরুষ) সদস্যের পদে ৪২৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মাতারবাড়ি ইউনিয়ন থেকে ১০ জন, ধলঘাটে ছয়জন, কালারমারছড়ায় সাতজন, হোয়ানকে ১০ জন, বড় মহেশখালীতে আটজন, কুতুবজোম ইউনিয়নে আটজন এবং ছোট মহেশখালী ইউনিয়ন থেকে ছয়জন। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—মাতারবাড়িতে বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ, রুহুল আমিন, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, রফিকুল ইসলাম, সাইফুল কাদের চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, জাহেদ হোসেন চৌধুরী ও এস্তেফাজুল হক।কালারমারছড়াতে বর্তমান চেয়ারম্যান জামায়াতের নেতা জাবের আহমদ চৌধুরী, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ হাসান, মীর কাসেম চৌধুরী, আব্দুল হান্নান ও ফরিদুল আলম।হোয়ানকে আব্দুল মাবুদ চৌধুরী, এনামুল করিম, শাহাব উদ্দিন, রুহুল আমিন, মোহাম্মদ মীর কাসেম, মোহাম্মদ আব্দুর রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আবু তাহের সিকদার, মোহাম্মদ সরওয়ার কামাল, মাহবুবুল আলম ও আলী আহমদ।বড় মহেশখালীতে এনায়েত উল্লাহ, মোহাম্মদ শরীফ, আব্দুল্লাহ আল নিশান, মোহাম্মদ হাবিব উল্লাহ, এম মহসিন আনোয়ার, সিরাজ মিয়া, মোহাম্মদ কাসেম ও আব্দুল মাজেদ।ধলঘাটাতে কামরুল হাসান, আব্দুল মান্নান, আহসান উল্লাহ, আকতার হোসাইন, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা মকবুল আহমদ ও সাইদুল আলম। কুতুবজোম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির আহমদ সওদাগর, মোহাম্মদ ছিদ্দিক, নুরুচ্ছফা মাসুদ, সাজ্জাদ বোরহান উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিউল আলম ও ছাবের আহমদ।ছোট মহেশখালীতে মোহাম্মদ আলী, বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ, মোহাম্মদ শাহ জাহান, সিরাজুল মোস্তফা, জহিরুল ইসলাম সিকদার ও মোহাম্মদ কবির হোসেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মইনুল হক জানান, ‘৬ ও ৭ মার্চ প্রার্থীদের এসব মনোনয়নপত্র বাছাই করা হয় এবং মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। কিন্তু ৭ মার্চ রোহিঙ্গা ভোটার ইস্যু নিয়ে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া গ্রামের ভোটার মুন্সি হাবিব হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত কর্তৃক ওই ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৩ দিনের জন্য স্থগিত করেছে বলে শুনেছি কিন্তু এখনো কোনো কাগজপত্র পাইনি।’খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার মাতারবাড়ি, কালারমারছড়া, হোয়ানক, ধলঘাট, বড় মহেশখালী, ছোট মহেশখালী, শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়নের ৪৫টি হাটবাজারের চায়ের দোকানে বেচাকেনার ধুম পড়েছে। এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা প্রধান সমন্বয়কারী ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এখন থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’