ভোটারদের মনে শঙ্কা, উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ভোট। বিভিন্ন ভোটকেন্দ্রে চলে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরের নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ জিমনেসিয়াম চত্বর থেকে তোলা  সৌরভ দাশ
আজ ভোট। বিভিন্ন ভোটকেন্দ্রে চলে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরের নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ জিমনেসিয়াম চত্বর থেকে তোলা সৌরভ দাশ

সেনা, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে তিন থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে নির্বাচনে। তার পরও ভোটারদের শঙ্কা দূর হচ্ছে না কিছুতেই। এই অবস্থায় আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের নয়টি সংসদীয় আসনে নির্বাচন। ফলে ভোটার উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে সাতটিতে একক প্রার্থী হওয়ায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। বাকি নয় আসন—চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম-১৫ (সাতাকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)-এর নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। গতকালের মধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পৌঁছে গেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সব কেন্দ্রের।
এ বিষয়ে জানতে চাইলে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘নির্বাচনে আমরা তিন থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করছি। জনমনে যে আশঙ্কা রয়েছে তা দূর করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। র্যাব, পুলিশ, সেনা, বিজিবি আনসারের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিটি আসনে স্ট্রাইকিং ফোর্স থাকবে।’ জেলা প্রশাসক জানান, যদি ৫ ভোটও পড়ে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে সন্দেহের কারণ নেই। সব কটি ভোটকেন্দ্রকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, নগর ও জেলার নয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৪৪টি। এর মধ্যে জেলায় রয়েছে ৭১৩টি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এরপর কয়েকটি ভোটকেন্দ্র মিলে থাকবে র্যাব, বিজিবি। টহলে থাকবে সেনাবাহিনীও।
এদিকে, চট্টগ্রামের সহিংসপ্রবণ এলাকা সাতকানিয়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে পরিস্থিতি শান্ত থাকলেও গত শুক্রবার রাতে সীতাকুণ্ডে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া একই দিন নগরে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
অবশ্য গতকাল থেকে সবকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে পর্যাপ্ত নিরাপত্তায়ও জনমনে শঙ্কা কাটছে না।
নগরের ঘাটফরহাদবেগ এলাকার ভোটার শিমুল চৌধুরী (৪০) বলেন, ‘আতঙ্ক তো আছেই। কখন কোন দিক থেকে গণ্ডগোল শুরু হয় তার কোনো ঠিক নেই। এখনো ঠিক করিনি ভোট দিতে যাব কি না।’
আনোয়ারা বটতলী এলাকার ভোটার আবুল মনসুর (৩৫) বলেন, ‘এক পক্ষ বলছে ভোট দিতে যাওয়ার জন্য, আরেক পক্ষ বলছে প্রতিহত করবে। ফলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।’
প্রার্থীরাও ভোটারদের শঙ্কা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। কোনো ধরনের সহিংসতা হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন।’
জানা গেছে, প্রতিটি আসনে চার থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে স্ট্রাইকিং ফোর্স। যেকোনো কেন্দ্রে গোলযোগ মোকাবিলায় তাঁরা নিরাপত্তাবাহিনীকে নির্দেশনা দেবেন।
প্রসঙ্গত, নির্বাচনে ২৬ জন প্রার্থী রয়েছেন। এক হাজার ৪৪ কেন্দ্রের পাঁচ হাজার ৫৮৩ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। নয়টি আসনের মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩২ জন।