মিরসরাইয়ের প্রতিটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে করেরহাটে সীমানা-বিরোধ ও ভোটার তালিকা নিয়ে জটিলতায় নির্বাচন স্থগিত রয়েছে। অন্য ১৫টি ইউনিয়নে আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে দোয়া চাইছেন। ভোটাররা এলাকার নানা সমস্যা প্রার্থীদের সামনে তুলে ধরে সমাধানের প্রতিশ্রুতি চাইছেন।উপজেলার হিংগুলি, জোরারগঞ্জ, ধুুম, ওসমানপুর ও ইছাখালী ইউনিয়ন ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার অবকাঠামোগত উন্নয়ন করবেন এবং সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারবেন—এমন সৎ প্রার্থী যাচাই-বাছাই করে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তাঁরা। হিংগুলি ইউনিয়নের তপন নাথ, মনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আলাপ হয়। তাঁরা বলেন, হিংগুলি ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন। আইনশৃঙ্খলা, সুষ্ঠু বিচারব্যবস্থা, মাদক ও জলাবদ্ধতা এলাকার মূল সমস্যা। তাঁদের ধারণা, হিংগুলি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবার পরিবর্তন আসতে পারে। জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন প্রার্থী। ওই ইউনিয়নের ভোটার আবু আহাম্মদ ও আবুল হোসেন বলেন, জোরারগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও মাদকব্যবসা মূল সমস্যা। গ্রামাঞ্চলের সড়কগুলোর অধিকাংশই কাঁচা। বর্ষাকালে এসব সড়কে হাঁটু পরিমাণ কাদা জমে থাকে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য অবকাঠামো নির্মাণ না করায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই দুই ইউনিয়নে যে প্রার্থী এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেবেন ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন, তাঁর পক্ষে রায় দেবেন বলে জানান ভোটাররা।ধুম ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান চৌধুরীর মৃত্যুর পর প্রায় পাঁচ বছর ধরে হারুন-উর-রশিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। ওই ইউনিয়নের ভোটার আব্দুল কাদের, নূর মোহাম্মদ ও ডা. মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন ভোটার বলেন, ইউনিয়নের মূল সমস্যা ফেনী নদীর ভাঙন, জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও রাজনৈতিক কোন্দল। ফেনী নদীর উপকূলে অপরিকল্পিতভাবে ও অবৈধভাবে অসংখ্য মৎস্য প্রকল্প করায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। ফলে নাহেরপুর, ধুম, মোবারকঘোনাসহ বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা হয়। এলাকার এসব সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। ওসমানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁদের মধ্যে দুই প্রার্থীর রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে। একজন প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন এবং অপর প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। ওই ইউনিয়নের ভোটার মো. শহিদ উল্লাহ্, জহির উদ্দীন ও সামছুল আলম বলেন, ওসমানপুর ইউনিয়নের মূল সমস্যা আইনশৃঙ্খলা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া জোরারগঞ্জ-মুহুরী প্রকল্প সড়কের জীর্ণদশা। এই ইউনিয়নের ভোটাররা এসব সমস্যার সমাধান চান।ইছাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। পারিবারিক সিদ্ধান্তের কারণে জামায়াত-সমর্থিত বর্তমান চেয়ারম্যান মাওলানা আবু তাহের নির্বাচন করছেন না। ওই ইউনিয়নের মোক্তার হোসেন, মশিউল আলম ও সামছুল ইসলামসহ অন্য ভোটাররা জানান, মুহুরী প্রকল্পের চরে অপরিকল্পিতভাবে মৎস্য খামারের জন্য দীঘি খনন করায় সামান্য বৃষ্টিপাতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাড়িঘরে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। ইছাখালীর চরে ভূমিহীনদের জমি দখল করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। দীর্ঘ সাত বছর আগে ইছাখালীর সাহেবদীনগরে বিদ্যুতের খুঁটি লাগালেও এলাকায় জনগণ আজও বিদ্যুৎসংযোগ পায়নি। ইছাখালীর বহু গ্রামীণ সড়ক এখনো চলাচলের অযোগ্য। নির্বাচনের সময় এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর তাঁদের দেখা মেলে না। ইছাখালী প্রত্যন্ত অঞ্চল হওয়ায় একাধিক ভোটার ভোটের দিন গোলযোগের আশঙ্কা করছেন। তাঁরা এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগেরও দাবি জানান।