আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সুদৃশ্য সব ভবনে আলোর ঝকমকি। আর অলিগলিতে ময়লা-আবর্জনার স্তূপ, পাশে বস্তি আদলে বাড়ি, ঘিঞ্জি কলোনি। একই ওয়ার্ডের দুই রূপ দেখে ভোটারদের কেউ ক্ষুব্ধ, কেউ স্তব্ধ আবার কেউ প্রতিবাদী-সোচ্চার। ভোটারদের কথা—তাঁরা যেন দুই ভুবনের বাসিন্দা। কেউ থাকেন সাততলায় আর কেউ গাছতলায়। অতীতে এলাকার ‘আশানুরূপ উন্নয়ন না হওয়ায়’ তাঁরা এবার নতুন হিসাব কষছেন। তাঁরা দেখছেন কাউন্সিলর প্রার্থীর যোগ্যতা, শিক্ষা আর সততা কতটুকু তা। ভোটের লড়াইয়ে আওয়ামী ঘরানার তিনজন ও বিএনপির একজন মুখোমুখি হবেন—এমন ধারণা ভোটারদের। এরমধ্যে দুজন আবার সম্পর্কে মামা-ভাগিনা। যত দিন যাচ্ছে বাড়ছে নির্বাচনী উত্তাপ, বাড়ছে প্রচারণার জৌলুস। এলাকাজুড়ে পোস্টার, প্রতীক ও প্রচারপত্রের ছড়াছড়ি তো আছেই। তবে প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন গণসংযোগের ওপর। গত কয়েকদিন সরেজমিনে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে এমন চিত্র দেখা গেছে। এবার কাউন্সিলর পদে নির্বাচন করছেন আবদুর রহিম (বাস), জাহাঙ্গীর আহমদ (পদ্মফুল), জেবল হোসেন দোভাষ (চাঁদ), নজরুল ইসলাম বাহাদুর (বৈদ্যুতিক পাখা) ও সালেহ আহম্মদ (আপেল)। ভোটার ও সচেতন জনসাধারণের অভিমত, এবার গত দুবার নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ, সাবেক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও বিএনপির প্রার্থী জেবল হোসেন দোভাষের মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গত বুধবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার সঙ্গে সঙ্গে সালেহ আহম্মদের সমর্থকেরা ‘আপেল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মোগলটুলিতে। তাঁরা বেলুন দিয়ে বানানো আপেল সংগ্রহ করে সুতো দিয়ে বেঁধে টাঙিয়ে দেন অলিগলিতে। সালেহ আহম্মদ প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান, ‘বাণিজ্যিক রাজধানীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পাঠানটুলী ওয়ার্ড। দুঃখের বিষয় এখানে আমরা অবহেলিত। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না। একটু বৃষ্টি হলেই ঘরের বাইরে বের হওয়া যায় না। অপ্রশস্ত গলি দিয়ে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। ঘরে ঘরে বেকার।’ আওয়ামী ঘরানার প্রার্থী তিনজন। ভোট তো ভাগাভাগি হবে, তাতে আপনার অসুবিধা হবে না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো দলনিরপেক্ষ নির্বাচন। ব্যক্তিগত ভাবমূর্তি বিবেচনায় জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ ভোটার মো. আবু বকর বলেন, ‘আমাদের আগের কাউন্সিলর থাকেন ওয়ার্ডের শেষপ্রান্তে, বাংলাবাজারে। জাতীয়তা, জন্মনিবন্ধন সনদ দেন তাঁর পেট্রলপাম্পে বসে। ওয়ার্ড কার্যালয়ে বিশাল জায়গা থাকা সত্ত্বেও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটি নিয়ে গেছেন বাংলাবাজারে। অলিগলির কোথাও স্থায়ী ডাস্টবিন নেই।’ ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য সিরাজুদ্দৌলা বলেন, ‘এবার যোগ্যপ্রার্থীকেই ভোট দেব। যোগ্যরা নির্বাচিত হলে ওয়ার্ডের সুষম উন্নয়ন হবে।’পাঠানটুলী সড়কের একটি উপসড়কে নাইমা ডিপার্টমেন্ট স্টোর। দোকানের মালিক হামিদুল্লাহ। তিনি জানান, ‘এবার ভোট দেব দেখে-শুনে। বিপদে-আপদে পাশে না পেলে ভোট দিয়ে লাভ কী!’ গত বৃহস্পতিবার নিজের বাসায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করছিলেন জেবল হোসেন দোভাষ ওরফে দুলাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলে কোনো কোন্দল নেই। আমি দলের একক প্রার্থী। মোট ভোট ৩৫ হাজার ৬৭। আওয়ামী লীগের তিন ভাগ হওয়ার পর সুষ্ঠু নির্বাচন হলে আমি জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী।’ একপর্যায়ে জামাল উদ্দিন নামে একজন বলে ওঠেন, ‘মামা-ভাগিনা যেখানে আপদ নেই সেখানে।’ ব্যাপারখানা জানতে চাইলে অন্যরা সমস্বরে বলে ওঠেন, ‘বাহাদুর তো ভাগিনা। দুলাল ভাই মামা।’ অবশ্য নজরুল ইসলাম বাহাদুর স্বীকার করেন দুলাল তাঁর দূরসম্পর্কের মামা।বিগত দুবারের নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর সারা দিন ব্যস্ত গণসংযোগের কাজে। প্রশ্নের জবাবে বললেন, ‘গত মেয়াদে আমি তিন কোটি টাকার উন্নয়নকাজ করেছি ওয়ার্ডে। পানিসংকট নিরসনে বড়ুয়াপাড়া, বাংলাবাজার, রশীদ বিল্ডিং, আরবি কোর্ট এলাকায় গভীর নলকূপ বসিয়েছি। এবার নির্বাচিত হলে ওয়াসার সঙ্গে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে একটি বড় প্রকল্প স্থাপন করব। স্থানীয়রা কেউ জায়গা না দেওয়ায় আরবান হেলথ সেন্টারটি বাংলাবাজারে স্থাপন করেছি।’ তিনি বলেন, ‘মহানগর আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’স্থায়ী ডাস্টবিন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন তো জায়গা হুকুম দখল করতে পারে না। স্থানীয়রা ডাস্টবিনের জায়গা না দিলে কোথায় বসাব?’ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘যানজট নিরসনে নাসির খান ছড়ার ওপর ঢাকনা (স্ল্যাব) বসিয়ে বিকল্প পথ তৈরি করব। ওয়ার্ড কার্যালয়ের পাশে সিটি করপোরেশনের জায়গায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করব। আগ্রাবাদ ডেবায় শিশুদের জন্য বিনোদনকেন্দ্র তৈরি করব। এলাকায় নীরবে যে চাঁদাবাজি চলছে তা বন্ধ করব।’