ভোটে হেরে গেল এভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে হেরে গেছে আলোচিত অল্টারনেটিভ ভোটিং (এভি) চালুর প্রস্তাব।উপ-প্রধানমন্ত্রী লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা নিক ক্লেগ ছিলেন এভি পদ্ধতির পক্ষে। তবে প্রধানমন্ত্রী রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন বর্তমান ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতি বহাল রাখার পক্ষে। এভি পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির মতো শুধু একজন প্রার্থীকে ভোট না দিয়ে ভোটাররা পছন্দের ক্রমানুসারে প্রার্থীদের তালিকা করতে পারবেন। যেসব ক্ষেত্রে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পাবেন না, সে ক্ষেত্রে ফলাফল নির্ধারণে সাহায্য করবে ওই তালিকা। শতাংশের হিসাবে তুলনামূলকভাবে কম ভোট পেয়েও (অর্থাৎ কম জনসমর্থন) নির্বাচিত হওয়া ঠেকাতেই এ প্রস্তাব।বর্তমান পদ্ধতির নাম ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’। এতে কোনো একটি আসনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী এমপি নির্বাচিত হন।এভি পদ্ধতিতে ভোটাররা তালিকায় প্রার্থীদের নামের পাশে তাঁদের পছন্দের ক্রম অনুযায়ী নম্বর দেবেন। যেমন, যে প্রথম পছন্দ, তাঁর নামের পাশে ১, দ্বিতীয় পছন্দের প্রার্থীর পাশে ২ ইত্যাদি। এখন কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোটারের কাছ থেকে ১ নম্বর পেলে তিনি সরাসরি নির্বাচিত হবেন। কিন্তু কেউ-ই যদি ৫০ শতাংশ প্রথম পছন্দ ভোট না পান, তাহলে যে প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়েছেন তিনি বাদ পড়ে যাবেন। তাঁর ভোট বিতরণ করে দেওয়া হবে বাকি সবার মধ্যে। এরপর দ্বিতীয় দফা ভোট গণনা হবে। এভাবে কোনো প্রার্থীর ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পাওয়া পর্যন্ত চলতে থাকবে।এভি পদ্ধতির সমর্থকদের যুক্তি হচ্ছে, প্রচলিত পদ্ধতিতে অনেক ভোট নষ্ট হয়। অল্প আসনে অল্প কিছু ভোটারের মাধ্যমে জাতীয় নির্বাচনের ফল স্থির হয়, যাতে কোনো একক দলের বড় সংখ্যাগরিষ্ঠতা থাকে না। তাঁদের যুক্তি হচ্ছে, এ কারণে অনেক ভোটার ভোট দিতে নিরুৎসাহিত হন। অন্যদিকে বর্তমান পদ্ধতির সমর্থকদের যুক্তি হচ্ছে, বর্তমান ব্যবস্থা সাধারণভাবে স্থিতিশীল সরকার আনে। ঐতিহ্যগতভাবে এটি জনগণের ইচ্ছাকেই প্রতিফলিত করেছে। অজনপ্রিয় সরকারের ভোটে হেরে বিদায়ই এর প্রমাণ। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট স্পষ্ট ও সহজবোধ্য। তারা আরও বলছে, অন্যান্য ব্যবস্থায় ঝুলন্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে বেশি। সরকার গঠন চূড়ান্ত হয় নির্বাচনের পর এমপি কেনাবেচা ও রাজনৈতিক চালের মাধ্যমে। এতে করে নির্বাচনী অঙ্গীকার ও অন্যান্য প্রতিশ্রুতি ভঙ্গ হয়।লেবার দলের নেতা এড মিলিব্যান্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে তাঁর দলের নেতা-কর্মীরা এ ব্যাপারে দ্বিধাবিভক্ত।