ভোটের দিনে
‘জানজিবারভ, তুমি কাকে ভোট দিয়েছ?’ ভোটের দিন বিয়ার-পানশালা তুষারকণার দুয়ারে দাঁড়িয়ে সের্গেই ইভানভিচ প্রশ্ন করলেন তাঁর বন্ধুকে। ‘তা তোমার জানার কী দরকার?’ সতর্ক হয়ে উঠলেন জানজিবারভ। ‘কেনই বা জানতে চাইব না! আমরা দুজন একই দলকে ভোট দিয়ে থাকলে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে এবং এখন আমরা তা উদ্যাপন করতে যাব। আর ভিন্ন ভিন্ন দলে ভোট দিয়ে থাকলে...বলা যায় না, মারামারি পর্যন্তও যেতে পারে ব্যাপারটা। তা বলো না, কাকে ভোট দিলে?’‘তুমি কাকে দিয়েছ?’‘আমি আগে প্রশ্ন করেছি।’‘তাতে কী! আগে প্রশ্ন করেছ, উত্তরও আগে দাও না!’‘আমি নিজের পছন্দের দলকে ভোট দিয়েছি’, একটু ভেবে নিয়ে উত্তর দিলেন সের্গেই ইভানভিচ।‘আমিও ভোট দিয়েছি নিজের পছন্দের দলকে। তোমার পছন্দের দল কোনটা?’‘তোমার কোনটা? এবার তোমার আগে উত্তর দেওয়ার পালা।’‘আমাকে বোকা পেয়েছ? বলি, আর তুমি ঘুষি বসিয়ে দাও আমার মুখে! সবচেয়ে বড় কথা, ভোট দিয়েছি গোপনে। গোপনীয়তা রক্ষার অধিকার আছে আমাদের দুজনেরই।’‘সত্যিকারের বন্ধুদের মধ্যে গোপনীয়তা বলে কিছু থাকে না,’ কঠোর স্বরে বললেন সের্গেই ইভানভিচ। ‘বলা তো যায় না, হয়তো তোমার প্রিয় দলটা আমারও প্রিয়। বলো না!’জানজিবারভ গোঁয়ারের মতো চুপ করে রইলেন।‘শোনো, এক কাজ করা যাক। বলতে ভয় পাচ্ছ তো? তাহলে ইঙ্গিতের মাধ্যমে বলো। এই যেমন, বলো তোমার দল দেশে স্থিতিশীলতার পক্ষে নাকি বিপক্ষে?’‘পক্ষে।’‘দারুণ! আমার দলও। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বেগবান করার পক্ষে?’‘সুস্পষ্টভাবে পক্ষে।’‘আমার দল কিন্তু দুর্নীতির মূলোৎপাটনের পক্ষে।’‘প্রায় একই কথা। তোমার দল বেকারত্বের হার কমানোর পক্ষে?’‘অবশ্যই!’‘কতটা কমাতে চায়?’‘নামিয়ে আনতে চায় শতকরা দুই ভাগে।’‘আর আমার দল এক দশমিক নয় ভাগে। তফাত তেমন নেই। আচ্ছা, সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে তোমার দল কী বলে?’‘চূড়ান্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর তোমার দল?’‘যুদ্ধ চালিয়ে যাবে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত।’‘ঋণখেলাপিদের ব্যাপারে?’‘তিন মাসের মধ্যে সুরাহা করে ফেলবে। আর তোমার দল?’‘তাদের পরিকল্পনাও ত্রৈমাসিক।’‘শোনো, আমার কিন্তু মনে হচ্ছে, আমরা দুজনে ভোট দিয়েছি একই দলকে।’‘এ নিয়ে আমার কোনো সংশয় কিন্তু ছিল না। বন্ধু না আমরা! তা এখন দলের নামটা বলো।’‘আমরা তো চুক্তি করেই ফেলেছি, তুমি আগে নাম বলবে। কী, বলো!’‘বলো! বললেই হলো!’ খেপা স্বরে বলল জানজিবারভ। ‘নির্বাচন নিয়ে লেগে পড়েছ কেন? সত্যিই যদি জানতে চাও, তাহলে বলি: আমি ভোট দিতে যাইইনি।’‘মিথ্যে বলছ।’‘স্ত্রীর স্বাস্থ্যের দোহাই দিয়ে বলছি, মিথ্যে বলিনি। অতএব তুমি কাকে ভোট দিয়েছ, নির্ভয়ে বলতে পার। মারামারি করা তো দূরের কথা, তোমাকে আঙুল দিয়েও ছোঁব না। ভোটকে আমি পাত্তা দিলে তো!’‘সত্যি বলতে কি, আমিও যাইনি ভোট দিতে।’‘মজার ব্যাপার তো!’ জানজিবারভের গলা উৎফুল্ল হয়ে উঠল। অথচ তুমি ভয় পাচ্ছিলে মিল হবে না বলে। অথচ দেখো, আমরা দুজন ভোট দিয়েছি একই দলকে...মানে ভোট দিইনি একইভাবে। দারুণ মিল না!’‘অন্য রকম হওয়া তো সম্ভবও ছিল না!’ আলো-ঝলমল হয়ে উঠল সের্গেই ইভানভিচের মুখ। ‘বন্ধু না আমরা! চলো, দুই বন্ধুর এমন মিলের ঘটনা উদ্যাপন না করাটা হবে বিরাট পাপ।’