ভোটের মাঠে ইভিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে বিভিন্ন সংগঠনের নির্বাচন-প্রক্রিয়ায় ব্যবহূত হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। সরকারিভাবে প্রথমে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ব্যবহূত হয় ইভিএম। গত বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়। সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের পুরো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। এটিই প্রথম নির্বাচন, যেখানে পুরোপুরি এই ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষিত হয়েছে। এতে ভোটারদের যেমন বেশ আগ্রহ ছিল, তেমনি দ্রুত সময়ে ফলও পাওয়া গিয়েছিল।ইভিএমের শুরুর কথাপ্রযুক্তি ব্যবহার করে ভোট দেওয়া থেকে শুরু করে ভোট গণনা এবং নির্বাচনী ফলাফল নির্ধারণ পর্যন্ত সম্পূর্ণ ব্যবস্থাটি হতে পারে স্বয়ংক্রিয়।বিভিন্ন দেশে তা হচ্ছেও। নানা কারণে কাজটি কঠিন মনে হলেও দেশে এর ব্যবহার সহজ করে দিয়েছেন আমাদের দেশেরই প্রযুক্তিবিদেরা। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও চিন্তাভাবনা থেকে বাংলাদেশে নির্বাচনে ব্যবহারের উপযোগী করে স্বয়ংক্রিয় ভোটযন্ত্র তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) একদল তরুণ গবেষক। ইভিএম একটি স্বয়ংক্রিয় ভোট গ্রহণের ব্যবস্থা, যা সার্বিক খরচ কমিয়ে আনে।এ যন্ত্র ব্যবহারে সবকিছু ঠিক রেখে ভোট গ্রহণ এবং গণনা হচ্ছে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ব্যবস্থায়।যা থাকছে ইভিএমেমূলত কাগুজে ব্যালট পেপার ও সিলের কাজটি করছে ইভিএম। নির্বাচনী প্রক্রিয়ার মূল কাঠামো এক রেখে কেবল ব্যালট পেপারে সিল দেওয়ার পরিবর্তে পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে বোতাম (সুইচ) চাপার ব্যবস্থা রাখা হয়েছে এই যন্ত্রে। একই সঙ্গে ভোট গণনাও হবে স্বয়ংক্রিয়ভাবে। ইভিএমে দুটি অংশ—ব্যালট ও কন্ট্রোল ইউনিট। নির্বাচনী কেন্দ্রে আসার পর প্রচলিত নিয়মে পরিচয় শনাক্ত করা, সই দেওয়া প্রভৃতি কাজ শেষে ব্যালট ইউনিটের ওপরের অংশেথাকা পছন্দের প্রার্থীর নাম ও প্রতীকের পাশের সুইচে চাপ দিলেই ভোট দেওয়া সম্পন্ন হয়ে যাবে। একজন ভোটার যাতে একটি ভোটই সঠিকভাবে দিতে পারেন, সে জন্য নির্বাচনী কর্মকর্তা এই ব্যালট ইউনিট নিয়ন্ত্রণ করবেন ইভিএমের কন্ট্রোল ইউনিট দিয়ে। প্রতিটি ভোট দেওয়ার পর সবার সামনে মোট গৃহীত ভোটসংখ্যা ভেসে আসে ইলেকট্রনিক পর্দায়। পুরো যন্ত্রটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে এর ব্যাটারি। সঠিকভাবে ভোট দিতে ভোটারকে দরকারি নির্দেশনা দেবে ব্যালট অংশের বিভিন্ন রঙের নির্দেশক বাতি। আর নিয়ন্ত্রণ অংশে ভোট গ্রহণের প্রয়োজনীয় তথ্য দেবে আলাদা একটি ইলেকট্রনিক পর্দা। এ অংশ থেকে সুইচ চাপার মাধ্যমে ভোট দেওয়ার অনুমতিসহ ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হবে। ইভিএমের নিয়ন্ত্রণ অংশের আটকানো (সিল করা) বোতাম চেপে ভোট গ্রহণ শুরু, স্থগিত, শেষ এবং ভোট গণনা করা যাবে। প্রতিটি ইলেকট্রনিক ব্যালটে ১২ জন প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতীক দেওয়া থাকবে। তবে প্রার্থীর সংখ্যা এরচেয়ে বেশি হলেও সমস্যা নেই। একাধিক ব্যালট ইউনিট একের পর এক সংযুক্ত করে বাড়ানো যাবে প্রার্থীর তালিকা।নির্মাতাদের কথাআইআইসিটির পরিচালক অধ্যাপক এস এম লুৎফুল কবির ছিলেন এ যন্ত্রটি তৈরির নেতৃত্বে। তিনি বলেন, ‘আমরা শুরু করেছিলাম গবেষণা প্রকল্প হিসেবে। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় এ গবেষণা হয়, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়েরই তরুণ প্রকৌশলীরা কাজ করেছেন। শুরুতে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে ইভিএম ব্যবহারের পর নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নেয়। এখানে বড় একটি বিষয় হচ্ছে, ইভিএম সম্পূর্ণভাবে আমাদের দেশের তরুণদের হাতে তৈরি। শুরুর দিকে যেমন এর সব কাজই করেছে আমাদের দেশের মেধাবী তরুণেরা, তেমনি এর যে উন্নয়নের কাজ চলছে, তাতেও কাজ করছে তরুণেরা। এর মাধ্যমে প্রমাণ হয়, আমাদের দেশের তরুণেরা অনেক কিছুই পারেন।’যন্ত্রটি তৈরির সঙ্গে জড়িত পাইল্যাবস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘শুরু থেকে আমাদের একটা লক্ষ্য ছিল—দেশে যন্ত্রটি তৈরি করার। সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে ইভিএম, যাতে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারে, আমাদের দেশের মেধাবীরা দারুণ সব পণ্য তৈরি করতে পারে।’ইভিএমের নিরাপত্তাসর্বোচ্চ নিরাপত্তা ও যান্ত্রিক স্বচ্ছতার কথা মাথায় রেখে ধাপে ধাপে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে ইভিএমে। এই যন্ত্রে ভুল হওয়ার আশঙ্কা নেই। থাকছে না ভোট নষ্ট হওয়ার আশঙ্কা এবং ভোটদানের প্রক্রিয়াটি থাকছে সম্পূর্ণ গোপন ও নিরাপদ। নির্বাচনী কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলা করার জন্য এতে আছে বেশ কিছু বিশেষ ব্যবস্থা। যন্ত্রটিতে একটি ভোট দেওয়ার পর পরবর্তী ১০ সেকেন্ড আর কোনো ভোট দেওয়া যাবে না। প্রতিটি ভোট দেওয়ার পর পোলিং এজেন্টসহ সবাই মনিটরে গৃহীত মোট ভোটের হিসাব দেখতে পারবেন। তবে নির্বাচন চলাকালে কোনো ধরনের ফলাফল দেখা যাবে না। ভোট গ্রহণ শেষ হলে কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হলে ‘ক্লোজ’ বোতাম চেপে ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে থাকা ভোটতথ্য পরে সংগ্রহ করা যাবে। মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের ইভিএমে স্ট্যান্ড অ্যালন পদ্ধতি ব্যবহূত হয়েছে। অর্থাৎ এ যন্ত্র সার্ভার বা অন্য কোনো কিছুর সঙ্গেই যুক্ত নয়। ফলে এ যন্ত্রে হ্যাকিং করার কোনো উপায়ই নেই। জানা যায়, এ যন্ত্রে ব্যবহার করা হয়েছে ওয়ান টাইম প্রোগ্রামেবল (ওটিপি) মাইক্রো কন্ট্রোলার চিপ। ফলে প্রোগ্রাম কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।ইভিএমে আছে চারটি মাইক্রোচিপের নিরাপদ তথ্যভান্ডার, যা ভাঙার চেষ্টা করলেও থেকে যাবে সব তথ্য। ব্যাটারিতে চলে বলে যন্ত্রটিতে বিদ্যুৎবিভ্রাটের আশঙ্কা নেই। যন্ত্রটির আরেকটি সুবিধা হলো, ফল প্রকাশ দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর নিয়ন্ত্রণ অংশের ‘ফাইনাল রেজাল্ট’ বোতামটি চাপলে তাৎক্ষণিকভাবে নির্ভুল ফল পাওয়া যাবে। ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীকের পাশের বোতাম চাপতে পারলেই হলো। এতেও কোনো সমস্যা হলে শাব্দিক (বিপ) সতর্কমূলক ব্যবস্থা থাকছে।তরুণেরাই এগিয়েদেশের তরুণ একদল প্রকৌশলীর হাতে তৈরি হয়েছে। এ সাফল্য আরেকবার দেখিয়ে দিল, আমাদের দেশের তরুণেরা অনেক কিছুই করতে পারেন। তরুণ প্রজন্মের মেধাবীদের এমন উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, সে প্রত্যাশা সবার। সে পথে নেতৃত্বও দেবেন তরুণেরা।ইভিএমে ভোটারদের অভিজ্ঞতাকুমিল্লা নগরের রেসকোর্স এলাকার বাসিন্দা আবদুল খালেক। তিনি প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট দিয়েছেন সিটি নির্বাচনে। বললেন, ‘মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তিনটি মেশিনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট সম্পন্ন হয়েছে। এত কম সময়ে ভোট প্রদান আর কখনো হয়নি।’দারোগা বাড়ি এলাকার ভোটার আলী আকবর বললেন, ‘ইভিএমের কারণে ব্যালট পেপার ভাঁজ করতে হয়নি। এ পদ্ধতি ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচনী সহিংসতার পথ রুদ্ধ করেছে।’সংরক্ষিত কাউন্সিলর নাজনীন কাজল জানান, ‘প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদেরকে দীর্ঘসময় সারিতে দাঁড়িয়ে থাকতে হয়নি। এ পদ্ধতিতে ভোট দিতে পেরে আমি খুশি।’ গাজীউল হক, কুমিল্লা