ভোটের মাঠে কৌশলী বিরোধী কাউন্সিলররা
কিছু দিন আগে সংবাদ সম্মেলন করে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করেছিলেন অন্তত ১০ ওয়ার্ড কাউন্সিলর। এরই রেশ ধরে মহিউদ্দিন চৌধুরী বিরোধিতাকারী কাউন্সিলরদের বিরুদ্ধে অনেক ওয়ার্ডে প্রার্থীও দিয়েছেন বলে গুঞ্জন আছে। কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এসে সেই কাউন্সিলররা এ প্রসঙ্গে কৌশলী জবাব দিলেন। মহিউদ্দিনের বিরুদ্ধে সোচ্চার কাউন্সিলররা নিজেদের মহিউদ্দিনবিরোধী বলতে রাজি হননি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষেই আছেন মূলধারার নেতা-কর্মীরা। নানা বিতর্কের কারণে তাঁর জনপ্রিয়তা আগের মতো না থাকলেও মেয়রবিরোধী কিন্তু আওয়ামীপন্থী এ ১০ কাউন্সিলর কৌশলী ভূমিকা নিয়েছেন। তাঁদের বেশির ভাগ নির্বাচনী বৈতরণী পার হতে মূলধারার সঙ্গে থাকতে পছন্দ করছেন। জানা গেছে, সিটি করপোরেশন ও দলীয় বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ কাউন্সিলররা মেয়রের পক্ষ ত্যাগ করেন এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম এবং আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হয়ে যান। এখন তাঁরাই আবার মেয়রের বিরুদ্ধে একটি বাক্যও উচ্চারণ করতে চান না। এঁদের কেউ কেউ নিজেকে মেয়রের প্রার্থী বলেও পরিচয় দিচ্ছেন বলে জানা গেছে।সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩-এর বর্তমান কাউন্সিলর ফেরদৌস বেগম মাস দুয়েক আগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে এসে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই এমনিতে বিপদের মধ্যে আছি। এখন কেউ আমাকে মেয়রবিরোধী বলে প্রচার করলে নির্বাচনে প্রভাব পড়বে। মহিউদ্দিন চৌধুরী আমার নেতা, আমার মুরব্বি। তাঁর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। তাঁর কিছু আচরণে আমার খারাপ লেগেছিল বলে মামলা করেছিলাম। আমি আওয়ামী লীগের প্রার্থী।’ অভিযোগ রয়েছে, সাবেক প্যানেল মেয়র ও এনায়েত বাজার-আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে প্যানেল মেয়র থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন মহিউদ্দিন চৌধুরী। রেখা আলম তখন মহিউদ্দিনের ওপর চরম ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। পরে তিনিও বিদ্রোহী কাউন্সিলরদের সঙ্গে যোগ দেন। মনোনয়নপত্র জমা দিতে এসে রেখা আলম বলেন, ‘আমি কোনো পক্ষে নই। আমি আওয়ামী লীগের প্রার্থী, নৌকার লোক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আছি। সবার সঙ্গেই আছি। মেয়রের সঙ্গে আমার কীসের দ্বন্দ্ব?’প্যানেল মেয়র থেকে বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘আগে নির্বাচন করি তারপর এসব নিয়ে ভাবব। আমি মেয়রবিরোধী কোনো দলের প্রার্থী নই।’দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম বললেন, ‘আমি জনগণের প্রার্থী।’মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত অন্য কাউন্সিলররা হলেন, জালাল উদ্দিন ইকবাল, তারেক সোলায়মান, গিয়াসউদ্দিন, হাসান মাহমুদ, এফ আই কবির মানিক, রেহানা বেগম ও লুৎফর নাহার দোভাষ। ১০ কাউন্সিলর গত ৩০ এপ্রিল সংবাদ সম্মেলন করে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে করপোরেশনের কাজকর্মে অস্বচ্ছতা, সাধারণ সভায় কথা বলতে না দেওয়া, স্বেচ্ছাচারী কায়দায় কর্মকাণ্ড পরিচালনা ও দুর্নীতির অভিযোগ তোলেন। মেয়রের বিরোধিতা প্রসঙ্গে কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল বলেন, ‘ব্যক্তি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মধ্যে যা ছিল তা শুধু আদর্শিক দ্বন্দ্ব। আমি তাঁর বিরুদ্ধে কেন যাব?’ কোন দলের প্রার্থী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী। মেয়র তো আওয়ামী লীগের বাইরের কেউ নন। সে হিসেবে আমি মেয়রেরও প্রার্থী।’ তবে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও নিজেকে কোনোভাবেই মেয়রবিরোধী বলে মনে করেন না কাউন্সিলর রেহানা বেগম। ‘আমি কখনোই মেয়রবিরোধী ছিলাম না। কিছু কাজের সমালোচনা করেছিলাম। সেটা যে কারও বিষয়ে আমি করব। মেয়রের ভালো কাজের সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি এখনো চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতা। আমি শুধু তাঁর কাছ থেকে আরেকটু দায়িত্বশীল আচরণ আশা করি।’ বলেন রেহানা বেগম।দুপুর দুই টার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিদ্রোহী ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পরিচিত তারেক সোলায়মান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন কোনো পক্ষের কথা বলে নির্বাচন নিয়ে ঝামেলায় পড়তে চাই না।’