ভোটের মাঠে তারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ীরা l প্রথম অালো
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ীরা l প্রথম অালো

খুদে ভোটারদের লম্বা লাইন। কার আগে কে গিয়ে দাঁড়াবে, চলছে সেই প্রতিযোগিতাও। ভোট দিয়ে বুথ থেকে বের হওয়ার পর ভোটারদের সে কি উচ্ছ্বাস! জীবনের প্রথম ভোট বলে কথা! এই চিত্র কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির। এটি জাতীয় সংসদ কিংবা স্থানীয় কোনো নির্বাচন নয়। ৮ আগস্ট এখানে অনুষ্ঠিত হয় ছাত্রসংসদ নির্বাচন।
সকাল সাড়ে আটটায় এই ভোটকেন্দ্রে গেলে কথা হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজিয়া নূরের সঙ্গে। সে বলে, ‘জীবনের প্রথম ভোটটি দিতে লাইনে দাঁড়িয়েছি। এমন একজনকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করব, যিনি আমাদের সমস্যা নিয়ে কথা বলবেন।’
সাজিয়া নূরের সামনে–পেছনে আরও কয়েক শ ছাত্রী লাইনে দাঁড়িয়ে। তারাও ভোট দিতে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়েছে।
দশম শ্রেণির ছাত্র ফারুক আজম জানায়, ‘এত দিন বড়দের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখেছি। এখন জীবনের প্রথম ভোটটি দিতে পেরে খুবই আনন্দ লাগছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম জানান, শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে ১ হাজার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫’ অনুষ্ঠিত হয়। কক্সবাজার সদরে নির্বাচনের জন্য এই বিদ্যালয়টি বেছে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভোট হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আদলে। ভোটাররা ব্যালট সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে সিল মারছে। তারপর সেই ব্যালট ঢোকাচ্ছে স্বচ্ছ বাক্সে। ছাত্রছাত্রীদের দিয়েই গঠন করা হয় নির্বাচন কমিশন, প্রার্থীদের পোলিং এজেন্ট, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল। ছিল পর্যবেক্ষকও।
খুদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ নির্বাচন দেখে খুশি হন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ খোরশেদ আরা হক। তিনি বলেন, সুশৃঙ্খল নির্বাচন দেখে ভালো লাগল। বড়রা এই নির্বাচন থেকে শিক্ষা নিতে পারেন।
নির্বাচন পর্যবেক্ষণ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নুরুল ইসলাম তালুকদার বলেন, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে। এমন সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি প্রশংসার দাবি রাখে।
বিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনে দিবা শাখায় আটটি পদে প্রার্থী হয়েছে ২৪ জন ও প্রভাতি শাখায় ১৮ জন। দুই শাখায় ভোটার ছিল ২ হাজার ২২৭। বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল চারটায় ঘোষণা করা হয় ফলাফল। দিবা শাখায় নির্বাচিত প্রতিনিধিরা হলো এ বি এম আবদুল ফাত্তাহ (দশম শ্রেণি), তৌকির মো. তারেক (নবম), মো. ফয়েজ উল্লাহ (দশম), নাসরিন জাহান (অষ্টম), ফারজানা ইয়াছমিন (সপ্তম), বায়েজিদ হাসান (ষষ্ঠ), মো. আরিফ (অষ্টম) ও নাইমুল হাসান (নবম)।
প্রভাতি শাখার নির্বাচিতরা হলো তাজ মোহাম্মদ (দশম), নুরুল ইসলাম (নবম), আরমান হেলাল (দশম), জাহেদুল ইসলাম (অষ্টম), তাসবিউল হাসান (ষষ্ঠ), আশরাফিয়া আজাদ (সপ্তম), রাহনুমা নুরাইয়া (অষ্টম) ও জুবাইদা সেলিম তাসনিম (সপ্তম)।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলাম বলেন, এই নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে শিক্ষার্থীদের।