ভোরের আলোয় পাহাড়ে হাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে ডিসি পাহাড়। ভোরের স্নিগ্ধ হাওয়ায় শরীর-মন সতেজ করে তুলতে এখানে আসেন বিভিন্ন বয়সের নাগরিকেরা।ডিসি হিলের চূড়ায় রয়েছে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন। ডিসি বা জেলা প্রশাসকের নামের সঙ্গে মিল রেখে সাধারণ মানুষ ডিসি পাহাড় নামেই অভিহিত করে একে। ৫ দশমিক ২ একরের এই পাহাড় ব্যস্ত নগরের বুকে এক খণ্ড ছায়া ঘেরা আশ্রয়। ডিসি হিলে ভোরে এবং বিকেলে এক থেকে দেড় হাজার মানুষ হাঁটতে আসেন। নন্দনকানন ও আশপাশের এলাকা বিশেষ করে মোমিন সড়ক, রহমতগঞ্জ, জামালখান ও আন্দরকিল্লার বাসিন্দারা ডিসি পাহাড়ে হাঁটতে আসেন বেশি। বাকলিয়া, পাথরঘাটা কিংবা ফিরিঙ্গিবাজার থেকেও আসেন অনেকে। কিছু ভ্রমণকারী আসেন ব্যক্তিগত গাড়ি হাঁকিয়ে। তেমন একজন হলেন জয়নুল সরকার। উজ্জীবন নামের একটি সংগঠনের সদস্য তিনি। বললেন, ‘আমি ডিসি হিলে আসি পাথরঘাটা থেকে। এখানে এসে বন্ধুদের সঙ্গে মিলে ব্যায়াম করতে ভালো লাগে, ক্লান্ত হই না।’ডিসি হিলে উজ্জীবন এবং শতায়ু অঙ্গন নামের দুটি সংগঠনের সদস্যরা নিয়মিত শরীরচর্চা করেন। এখানকার বসার স্থানও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন তাঁরা। শতায়ু অঙ্গনের সহসম্পাদিকা বিনুন নাহার বলেন, ‘আমাদের সংগঠনে প্রায় ৩০০ নারী-পুরুষ আছেন। আমরা সপ্তাহিক ১০০ টাকা ঝাড়ুদারকে দিয়ে ডিসি হিলে বসার জায়গাগুলো পরিষ্কার রাখার ব্যবস্থা করি। এ ছাড়া প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পয়লা বৈশাখ পালন করি আমরা। মূলত ডিসি হিলকে কেন্দ্র করে আমাদের সংগঠনের কার্যক্রম চলছে।’উজ্জীবনের সদস্যরা নিয়মিত শরীরচর্চা করেন। সংগঠনের ৫০-৬০ জন সদস্য মিলে একেকটি দল গঠন করেন। এরপর অংশ নেন দলগত ব্যায়ামে। ব্যায়ামের অংশ হিসেবেই তাঁরা উচ্চস্বরে হেসে ওঠেন। প্রবীণ ব্যক্তিরা এই পাহাড়ে হাঁটতে এসে দীর্ঘায়ুর রসদ সংগ্রহ করেন। ডিসি পাহাড় সঞ্জীবনী শক্তি জোগায় তাঁদের। শিক্ষক গোপাল চক্রবর্তী বলেন, ‘ভোরে ডিসি পাহাড়ে হাঁটলে সারা দিন মন ভালো থাকে। কাজ করার উদ্যমও বাড়ে।’ভোরে হাঁটতে আসা মহিলাদের সংখ্যাও কম নয়। অনেকে হাঁটতে এসে ডিসি পাহাড়ের নার্সারি থেকে সংগ্রহ করেন পূজার ফুল। দুই থেকে তিনজন নারী দলবেঁধে হাঁটেন। হাঁটতে হাঁটতে চলে সাংসারের সুখ-দুঃখের আলাপ।মোমেনা খানম রোজ হাঁটতে আসেন ডিসি পাহাড়ে। তিনি বলেন, ‘কোনো একদিন ডিসি পাহাড়ে আসতে না পারলে মন খারাপ থাকে। ইদানীং ঘন ঘন হরতাল হচ্ছে। এ কারণে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগি। এখানে হাঁটার পাশাপাশি সঙ্গীদের সঙ্গে কথা বললে মনটা একটু হালকা হয়।’