ভোল পাল্টাচ্ছে রাউজানের গডফাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের পালিয়ে থাকা সন্ত্রাসীরা এখন বিভিন্ন কৌশলে সংগঠিত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, চারদলীয় জোট সরকারের আমলে সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজিতে জড়িত এসব সন্ত্রাসী এখন রাতের বেলায় এলাকায় ঢুকে চুরি, ডাকাতি করছে। তাদের স্থানীয় গডফাদারেরাও এখন ভোল পাল্টাতে শুরু করেছেন। পূর্ব গুজরা ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন দলবদল করে আওয়ামী লীগে যোগ দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেন। ৬ ফেব্রুয়ারি এক সভায় এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের মতে, আবু চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি ছাড়াও তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জানা গেছে, এসব অভিযোগের কথা শুনে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা শেষ পর্যন্ত তাঁকে দলে নেননি। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করে আবু হোসেনকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় জনসাধারণ জানান, বিগত নির্বাচনের পর জনরোষে পড়ার আশঙ্কায় এলাকা থেকে পালিয়ে থাকা অনেক সন্ত্রাসী এখন জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা সংগঠিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘোলাটে করতে সচেষ্ট রয়েছে।সূত্র জানায়, ৯ ফেব্রুয়ারি দুপুরে শহরের মোগলটুিল এলাকা থেকে অপহূত হয়েছিলেন মোহাম্মদ রুবেল (১৭) নামের এক যুবক। ওই যুবক নরসিংদী থেকে খালার বাড়িতে বেড়াতে আসেন। ৫০ হাজার টাকার মুক্তিপণ আদায়ের জন্য তাঁকে অপহরণ করে রাউজানের (বর্তমানে জেলে আটক) শীর্ষসন্ত্রাসী বাচাইয়ার সহযোগীরা। বাচাইয়া স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে। ১১ ফেব্রুয়ারি রাউজানের গহিরা এলাকায় র্যাব ফাঁদ পেতে উদ্ধার করে অপহূত ওই যুবককে। এখান থেকে আটক করা হয় উপজেলার দক্ষিণ সর্তা গ্রামের এজাহার মিয়ার ছেলে সেকান্দর (২৬) প্রকাশ হিরু, একই গ্রামের ফিরোজ মাস্টারের ছেলে ফোরকান উদ্দিন (২৪), গহিরার কোতোয়ালিঘোনার মৃত কামাল উদ্দিনের ছেলে মোফাচ্ছের হোসেন (২৮) ও কিশোরগঞ্জের কাটয়াদি থানার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে। গত ২৪ জানুয়ারি উপজেলার কাগতিয়া বাজার থেকে ছিনতাইকারীরা একটি সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে এই গ্রামের সিএনজিচালক আবদুস শুক্কুরকে হত্যা করে লাশ ফেলে যায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায়। তাঁকে হত্যার পর গাড়িটি নিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়দের অভিযোগ, কাগতিয়া বাজার থেকে স্থানীয় জাহেদুল ইসলাম, মোহাম্মদ জাহেদুল, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ জামশেদ গাড়িটি ভাড়া করেছিলেন। এঁরা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। বর্তমানে সবাই পলাতক। এলাকাবাসীর মতে, পালিয়ে থাকা সন্ত্রাসীরা শহরে গোপন আস্তানায় বসে ছক আঁকে। পরে সংগঠিত হয়ে এলাকায় ঢুকে অঘটন ঘটিয়ে যায়। গত ২০ জানুয়ারি রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে মোহাম্মদপুর গ্রামের বদিউর রহমান চৌধুরী বাড়ির মোহাম্মদ ইসহাকের ঘরে। ঘরের দরজা কেটে চোরের দল ১০ ভরি অলংকারসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় চুরির মামলা হয়েছে। গত ১৭ জানুয়ারি রাতে চুরি হয় বাগোয়ান ইউনিয়নের বদুপাড়া গ্রামের মহিউদ্দিনের পাঁচটি ছোট-বড় গরু। পরের রাতে তিনটি গরু চুরি হয় পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের গোয়াল থেকে। এর আগে গরু চুরির ঘটনা ঘটেছে পূর্ব গুজরা, বিনাজুরি, নোয়াপাড়া, পাহাড়তলি এলাকায়।জানুয়ারির প্রথম দিকে ডাকাতি ও চুরি হয়েছে কদলপুর, পশ্চিম গুজরা, বাগোয়ান ও বিনাজুরি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে। পশ্চিম গুজরায় চুরি হয়েছে হিন্দু সমপ্রদায়ের কয়েকটি মন্দিরেও। এখানে সর্বশেষ চুরির ঘটনা ঘটে পূর্ব গুজরার প্রবাসী প্রদীপ বড়ুয়ার ঘরে। চোরের দল সিঁধ কেটে প্রায় দুই লাখ টাকার সম্পদ লুটে নেয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিলচন্দ্র মণ্ডল বলেন, পুলিশ চোর-ডাকাতদের বিরুদ্ধে তত্পর রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’ বহিরাগত অপরাধীদের অনুপ্রবেশের কথা স্বীকার করে তিনি বলেন, ‘অপরাধীরা গোপনে এলাকায় ঢুকে এসব ঘটনা ঘটায়। তবে এখন সেই সুযোগ তারা আর পাচ্ছে না। চারদিকে পুলিশের ফাঁদপাতা আছে।’ ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধীদের পাকড়াও করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন।