রমজান মাসের শেষের দিক। ঈদ আসি আসি করছে। ছোট্ট শহরটির দোকানপাটে উপচে পড়া ভিড়। তবে রাত দুটোর মধ্যে কেনাবেচা মোটামুটি শেষ হয়ে যায়। সে রাতে দোকানিরা ঝাঁপি বন্ধ করে বাড়ি ফেরার আয়োজনে ব্যস্ত। শহরের নামকরা শাড়ির দোকান ‘রূপসী শাড়িঘর’-এর মালিক চান মিয়ারও কাজ প্রায় শেষ। কর্মচারী দুজনকে বিদায় করে, হিসাবের খাতা বন্ধ করল চান মিয়া। উঠতে গিয়ে আবার বসে পড়ল সে—সামনে দাঁড়িয়ে এক ভদ্রমহিলা। সুন্দরী। বিস্মিত হলেও নিজেকে সামলে নিল চান মিয়া: ‘দেখুন, আজ তো দোকান বন্ধ করে দিচ্ছি, আপনি বরং কাল আসুন।’ মহিলার বাঁকা ভুরু সামান্য কুঁচকে গেল। নীল পাথরের মতো স্থির দুটো সুরমা টানা চোখে নিমেষের জন্য ক্রোধ ঝলসে উঠল। কোনো কথা না বলে তর্জনী তুলে ওপরের তাকের একটি দামি শাড়ির প্যাকেট দেখাল মহিলা। কাঁচা সোনাবরণ চম্পাকলি আঙুলে আংটি ভীষণভাবে ঝলমল করছে। কেমন যেন ভয় ভয় করছে চান মিয়ার। রাস্তার দিকে তাকাল সে। জনশূন্য আবছা আঁধারি পথ। ঘামছে চান মিয়া। হঠাৎ মনে পড়ল, এই মহিলাই তো এসেছিল গতকাল। ১০ হাজার টাকার নীল শাড়িটির বায়না ধরেছিল সঙ্গে থাকা স্বামীর কাছে। সম্ভবত স্বামী রাজি না হওয়ায় দুজনই একসময় দোকান থেকে বেরিয়ে যায়। ক্রেতার ভিড়ে ওদের দিকে খেয়াল করার ফুরসত ছিল না তার। বমিভাব হচ্ছে চান মিয়ার, ঘাম বেড়ে যাচ্ছে—কানে আসছে আজকের সকালের ক্রেতাদের ভিড়ের মাঝে কিছু কথা, ‘আরে মিয়া আজকের কাগজ পড়েননি? ওই যে এক সুন্দরী মহিলা গতরাতে আত্মহত্যা করেছে?’ কেন? কেন? আরে স্বামী বেচারা ১০ হাজার টাকা দামের শাড়ি কিনে দিতে না পারায়—তাই বলে আত্মহত্যা?তাড়া দিল মেয়েটা। গোলাপি ঠোঁটের কোনায় নিষ্প্রাণ হাসি। কী যেন ঘটতে যাচ্ছে—মরিয়া হয়ে উঠছে চান মিয়া। কাঁপা কাঁপা পা দুটো একরকম টেনে তুলে দাঁড় করাল। অবশ হাত বাড়িয়ে শাড়ির প্যাকেটটি তুলে দিল মহিলার হাতে। একবারও মনে হলো না শাড়িটির দাম ১০ হাজার টাকা। জ্ঞান হারাচ্ছে চান মিয়া—কানে বাজছে যেন বহু দূর থেকে ভেসে আসা খিলখিল হাসির শব্দ। পরদিন সকালে ‘রূপসী শাড়িঘর’-এর সামনে অনেক মানুষের ভিড় জমেছে। চান মিয়ার লালা গড়ানো হাঁ করা মুখের পাশ দিয়ে লাল পিঁপড়ার সারি। নুরুন নাহার