ভ্যান গঘের ভুবনে
>বুকে গুলি করে আত্মহনন অথবা নিজের কান কেটে ‘উপহার’ পাঠানো। ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ কেবল তুলনারহিত চিত্রকর্মের কারণে নয়, অমর হয়ে আছেন তাঁর বিচিত্র খেয়ালের কারণেও। ২৯ জুলাই পূর্ণ হবে এই শিল্পীর মৃত্যুর ১২৫ বছর। নেদারল্যান্ডসের আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘর ঘুরে এসে লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

গমখেতে জনমনিষ্যি নেই। গাছগাছালি চোখে পড়ে না কোথাও। পাখিরাও এমনকি উড়ে চলে গেছে দূরে। দিগন্তে নীল আকাশ আর মেঘের সারি। সবকিছু কেমন আশ্চর্য বিষণ্ন। আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়াম ঘুরতে ঘুরতে এই ছবিটার সামনে এসে থমকে দাঁড়াই। ছবির নাম ‘হুইট ফিল্ড আন্ডার থান্ডার স্টরমস’ অথবা ‘বজ্রমেঘের কবলে গমখেত’। ভিনসেন্ট ভ্যান গঘের হঠাৎ ফুরিয়ে যাওয়া জীবনের শেষভাগে এসে আঁকা ছবি। শিল্পীর জীবনের সব বেদনা যেন ছায়া ফেলেছে ছবিটায়। খুব সম্ভবত এমনই এক সবুজ গমখেতে নিজের বুকে গুলি চালিয়েছিলেন ভিনসেন্ট। আজ থেকে প্রায় ১২৫ বছর আগের একদিন।
আর্থিক টানাপোড়েন আর জীবনের নানা সংকট এই শিল্পীকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে তুলেছিল। সে কথাই ফিরে ফিরে এসেছে ভাই থিও ভ্যান গঘকে লেখা চিঠিতে। মৃত্যুর কিছুদিন আগে ভিনসেন্ট যেখানে লিখেছিলেন—
‘আমি এখনো দারুণ দুঃখভারাক্রান্ত। তোমার ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, সে ঝড়ের ঝাপটা প্রতিনিয়ত টের পাচ্ছি আমি নিজেও। এমনিতে আমি খুব হাসিখুশি আর মিশুক একজন মানুষ হয়ে থাকতে চাই। কিন্তু আমার জীবনও এখন আপাদমস্তক আক্রান্ত। আমার পদক্ষেপ ভারী হয়ে আসছে।’
১৮৯০ সালের ১০ জুলাই এই চিঠি লেখার দিন পনেরো পরেই পৃথিবী থেকে বিদায় নেন ভিনসেন্ট। ভ্যান গঘ জানতেন না একদিন শিল্পের দুনিয়া তাঁকে সত্যিই অমরদের আসনে বসাবে। মৃত্যুর ১২৫ বছর পরও তাঁর চিত্রকর্মের সবচেয়ে বড় সংগ্রহশালাটি হয়ে থাকবে খোদ আমস্টারডাম শহরের অন্যতম আকর্ষণ।

ভিনসেন্টের ভুবনে
২৯ মে ২০১৫। আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের উল্টোদিকে টিকিট কাটার দোকান। আমস্টারডামের বিখ্যাত খাল বিহারে নামব বলে ভাবছি। সঙ্গে ভ্যান গঘের জাদুঘরও দেখে আসার ইচ্ছে। কোনটা ফেলে কোনটাতে যাই? টিকিট কাউন্টারের ভদ্রমহিলা সব সহজ করে দিলেন। নৌকার টিকিট কাটতেই খুব খাতির করার ভঙ্গিতে বললেন, ‘ক্যানেল টুরের সঙ্গে ভ্যান গঘ মিউজিয়ামের টিকিট চাও? তাহলে দাম কম পড়বে।’ বললাম তথাস্তু। খুশিটা আরও বাড়ল, যখন জানতে পারলাম এই নৌকাটাই নিয়ে যাবে জাদুঘরের ঘাটে। সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটলেই ভ্যান গঘের জাদুঘর। নৌকা ৪ কি ৫ নম্বর ঘাটে থামতেই লাল জ্যাকেট পরা গাইড জানিয়ে দিল এখানটাতেই নামতে হবে। আমস্টারডামের আকাশে তখন মেঘ। বৃষ্টি বৃষ্টি ভাব। কয়েকজন পথচারীকে জিজ্ঞেস করতেই পথ দেখিয়ে দিল। নিয়মিতই ভিনসেন্ট ভ্যান গঘকে নিয়ে নানা কিছুর আয়োজন করে এই জাদুঘর। এখন চলছে ‘হোয়েন আই গিভ, আই গিভ মাইসেলফ’ শিরোনামের প্রদর্শনী। ইউরোপ তো বটেই, ভ্যান গঘের চিত্রকর্ম এখনো সারা বিশ্বের শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। ভিনসেন্ট ভ্যান গঘের মৃত্যুর ১২৫ বছর মাথায় রেখে করা এই আয়োজনে শামিল হয়েছেন সমকালীন ২৩ জন শিল্পী।
জাদুঘরে ছবি তোলা নিষেধ। তাই ক্যামেরা বন্ধ রাখতে হলো। শুরুতেই ভ্যান গঘের সংক্ষিপ্ত জীবন। ১৮৫৩ সালের ৩০ মার্চ নেদারল্যান্ডসের জুনদারটে জন্মেছিলেন তিনি। ছাত্র হিসেবে খুব মন্দ ছিলেন এমন নয়। তাই ঠিক কী কারণে ভিনসেন্ট স্কুল ছেড়েছিলেন, সেটা জানা যায়নি কখনো। ধারণা করা হয়, শিল্পের প্রতি তাঁর প্রথম ভালো লাগার শুরু লন্ডনে গিয়ে। কিন্তু চিত্রশিল্পী হওয়ার ইচ্ছে তখনো মনে পাকাপোক্ত হয়নি। উৎসাহের বীজ বুনে দিয়েছিলেন ভাই থিও ভ্যান গঘ। ১৮৮০ সালের দিকে শিল্পী হয়ে ওঠার প্রথম পাঠ শুরু করেন তিনি। বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধেই শিল্পী হওয়ার সাধনায় নেমেছিলেন ভিনসেন্ট। ঘরও ছেড়েছিলেন প্রেম আর শিল্পের টানেই।

সূর্যমুখীর শিল্পী
কখনো আদিগন্তবিস্তৃত ফসলি জমি, গ্রামের পরিশ্রমী মানুষ, কখনো নিজের মুখচ্ছবি। তাঁর সাড়ে আট শর বেশি চিত্রকর্ম (আরও ১ হাজার ৩০০-এর বেশি ছবি তিনি এঁকেছেন কাগজে) এখনো সারা দুনিয়ার শিল্পপ্রেমীদের আগ্রহের বিষয়। জাদুঘরের প্রতিটি ছবির সামনেই একাগ্র দর্শকদের সারি। আর তাঁর সুবিখ্যাত হলুদ সূর্যমুখী ফুেলর চিত্রকর্মের সামনে ভিড় তো হবেই। সেটা জানা ছিল। আরও একটি চিত্রকর্মের প্রতি দেখলাম প্রবল আগ্রহ দর্শকদের। সেটি প্রস্ফুটিত কাঠবাদাম ফুল (আমন্ড ব্লুজম)। নীল আকাশের পটভূমিতে কাঠবাদামগাছের ডাল। কিছু ফুল পুরোপুরি ফুটে আছে। কিছু ফুটল বলে। সব মিলিয়ে সত্যিই অসাধারণ!
তিনতলায় একটা জায়গায় জাপানিদের ভিড়। কারণ কী? কারণ ওরা জানে জীবনের একটা সময়ে জাপানি চিত্রকলার প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়েছিলেন ইউরোপের এই শিল্পী। জাদুঘরে রাখা তাঁর জাপানি ধাঁচের চিত্রকলার নমুনা দেখতেই এই ভিড়।
ভাই থিওকে ভিনসেন্টের লেখা চিঠিগুলোও রাখা আছে একটা জায়গায়। ইচ্ছা করলেই কানে হেডফোন গুঁজে সেই সব চিঠির আবৃত্তি শুনে নেওয়া যায়। যেখানে বারবার ফিরে ফিরে এসেছে শিল্পী হিসেবে ভিনসেন্টের নিজেকে আরও বেশি পরিপূর্ণ করে তোলার আকুতি। জীবন কখনো দুহাত ভরে দেয়নি হতভাগ্য এই শিল্পীকে। আর্থিক টানাপোড়েন তো ছিলই, সঙ্গে যোগ হয়েছিল মানসিক বৈকল্যও। এই মানসিক বৈকল্যের জেরেই সম্ভবত তিনি ক্ষুর দিয়ে নিজের কানের একটি অংশ কেটে ফেলেছিলেন। ভিনসেন্টের সেই কানের রেপ্লিকা দেখলাম বিক্রি হচ্ছে স্মারকের দোকানে। মহান শিল্পীর কাটা কানের স্মারক চাবির রিং! ডাচরা পারেও বটে। মনে মনে খানিক ধাক্কা খাই। সেই ধাক্কা ভুলতে এসে বসি পাশের ছোট্ট ভ্যান গঘ ক্যাফেতে। ততক্ষণে পাঁচটা প্রায় বেজে গেছে। ভিনসেন্ট ভ্যান গঘের ছবির দুনিয়া সেদিনের মতো বন্ধ হলো বলে।
