ভ্যানে চড়ার অপেক্ষায় একতারাটি!
‘কাষ্ঠ-লোহায় পিরিত করে/নৌকাটি সাজাইয়া পরে/দুইজনে যুক্তি করে শুকনাতে থাকে না’ গানের কথাগুলো একদম বিশ্বাস হবে না চারুকলা কলেজে গেলে। রশীদ চৌধুরী আর্ট গ্যালারির সামনে শুকনো মাঠে যে বিশাল এক নৌকা! যেনতেন নৌকা নয়—ময়ূরপঙ্খি। নৌকার পাশের একতারাটা বাজাবেন কোন বাউল? সেই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও জানা গেল ভ্যানে চড়ে নগরে ঘুরবে এটি। কখন? কখন আবার বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে। আর এ নিয়ে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সদস্য ও চারুকলা কলেজের শিক্ষার্থীদের চোখে ঘুম নেই। পয়লা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রায় চারুশিল্পী সম্মিলন এবার মূল প্রতীক হিসেবে ব্যবহার করছেন ময়ূরপঙ্খি নাও। অন্য প্রতীকে আবহমান বাংলার প্রকৃতির রং ও রূপ চিত্রিত হবে। গত মঙ্গলবার থেকে কাজে নেমে পড়েছেন চারুশিল্পী সম্মিলনের সদস্য ও চারুকলার শিক্ষার্থীরা। শিল্পী বিশ্বজিত্ তলাপাত্রের নকশা করা ময়ূরপঙ্খি নাওয়ের দৈর্ঘ্য প্রায় ২৪ ফুট, প্রস্থ চার ফুট এবং উচ্চতা ১৫ ফুট। মনোয়ার হোসেন, পারভেজ সিদ্দিকী, অজয় সেন, নাসির খান, আবিদুল ইসলাম, রাব্বী, আবেশ কুমার ইন্দু, বিজন মজুমদার, নূরী আকবর, সাইফুল ইসলাম ও মাহবুবুর রহমান চৌধুরীসহ চারুকলা কলেজের সাবেক শিক্ষার্থীরা এটি তৈরি করছেন। বিশ্বজিত্ তলাপাত্র জানান, ‘লোকজ পুঁথিতে রয়েছে, চাঁদ সওদাগরেরা ময়ূরপঙ্খি নাও নিয়ে ব্যবসার উদ্দেশে চলে যেতেন দেশ থেকে দেশান্তরে। আমাদের দেশের জমিদারেরা ওই নাও নিয়ে ঘুরে বেড়াতেন সারা বাংলা। সেই নাও এখন নেই। পাল তোলা নৌকা ও ডিঙি নৌকার বদলে এসেছে ইঞ্জিনের নৌকা। শোভাযাত্রায় ময়ূরপঙ্খি নৌকাকে মূল প্রতীক বানিয়ে আমরা আদি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি।’ প্লাইউড ও কাঠ দিয়ে তৈরি নৌকাকে ভ্যানে চড়িয়ে শোভাযাত্রায় নেওয়া হবে। সঙ্গে থাকবে রঙিন ছাতা, হাতপাখা, মুখোশ, বাঘ, দোয়েল, বানর, মুরগি, পেঁচা, হাতির প্রতীক—জানালেন নাসির খান। সকাল নয়টা থেকে মুখোশ তৈরিতে ব্যস্ত সাজিয়া সিদ্দিকা, ফারজানা আকতার, সঞ্জিত মহালদার, ইতি ও সুবেরাত, এসএম রিয়াদ। তাঁরা জানালেন একসঙ্গে কাজ করতে অনেক মজা। কাজের ফাঁকে কেউ গিটার বাজিয়ে গান শুরু করেন। সাজিয়া বললেন, ‘যতক্ষণ এখানে থাকি খুব ভালো লাগে। ছাত্রীরা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে বাসায় চলে যায়। তবে ছেলেরা কাজ করেন গভীর রাত পর্যন্ত। দুপুরের খাবারের ব্যবস্থা করেন শিক্ষার্থীদের প্রিয় করিম ভাই। ফারজানা বলেন, ‘চারুকলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ আলাদাভাগে কাজ করে। ঢাকায় সেটা হয় না। তাঁদের মতো আমরাও যদি একসঙ্গে কাজ করতাম তাহলে আরও ভালো হতো।’ পয়লা বৈশাখ সকালে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢোলের তালে তালে শুরু হয় শোভাযাত্রা। সাজিয়া নববর্ষ উদ্যাপনের বর্ণনা দিলেন এভাবে—‘শোভাযাত্রা শেষে ডিসি হিলে গিয়ে ১০ টাকার বিনিময়ে মুখে আলপনা আঁকব। সব টাকা জমা করে সবাই মিলে খাব। দুপুরে ফিরে আসব কলেজে। বিকেলে বাউল গানের আসর ও সন্ধ্যায় কলেজের ছাত্র বখতিয়ারের ব্যান্ড সাবজিরো গান করবে।’ চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের তত্ত্বাবধানে সকালে শোভাযাত্রা বের হবে চারুকলা কলেজ থেকে। চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, ডিসি হিল ঘুরে সিআরবিতে গিয়ে শেষ হবে শোভাযাত্রা।