ভ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক কাপ লাল চা।’ হঠাত্ই ভারী কণ্ঠে ভেসে আসে কথাটা। টং-দোকানটার পাশে ঘাপটি মেরে থাকা অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা ছায়া। মানুষটাকে এক নজর দেখে যে যার কাজে মন দেয়। নানা বিষয় নিয়ে গুঞ্জন ওঠে ফের। লিকলিকে পাতলা চা-ওয়ালা ছেলেটা চায়ের কাপে টুংটাং শব্দ তুলতে তুলতে বলে, ‘ও, মফিজ ভাই, তুমি। তো একটু কাশটাশ দিয়া চা চাইবা না? কেমন ভয় পাইয়া গেছিলাম। তোমার বাঁশি কই? বাঁশিতে ফুঁক দেও না যে!’ টুঁ শব্দটি না করে চায়ের কাপটা হাতে নিয়ে বেঞ্চিতে বসল মফিজ মিয়া। এই তল্লাটে চোরের জ্বালাতন খুব বেড়েছে। প্রতিদিনই শোনা যায়, কারও না কারও বাড়িতে চুরির ঘটনা ঘটছে। তল্লাটের শেষ মাথায় নুরু মিয়ার বাড়ি। খুবই জাঁদরেল লোক তিনি। সেই বাড়ি থেকে পর পর দুই দিন দুই জোড়া নতুন জুতা হাওয়া। সুফিয়া বড় সাধ করে একটি স্বর্ণের চেইন বানিয়েছিল। সেই চেইনটা এক রাতে গায়েব হয়ে গেল। পায়খানার বদনা থেকে শুরু করে ঘটিবাটি-বালতি এমনকি শার্ট-প্যান্ট, শাড়ি-ব্লাউজ পর্যন্ত খোয়া যাচ্ছেই। বিষয়টি খুবই চিন্তার। চোরটা ধূর্ত। তাকে ধরতেই হবে। তাই এই তল্লাটের পঞ্চায়েত কমিটি নৈশপ্রহরী হিসেবে মফিজ মিয়াকে চাকরি দিয়েছে। চল্লিশোর্ধ্ব মফিজ মিয়া শক্ত-সামর্থ্য মানুষ। পেটা শরীর। উজ্জ্বল তামাটে রং, মাথাভর্তি একগুচ্ছ কালো কুচকুচে ঝাঁকড়া চুল। থাকে এখানকারই একটা ঝুপড়িঘরে। দিনমান ঘাপটি মেরে থাকে ঘরের মধ্যই। মধ্যরাতে তার দর্শন মেলে। দুই চুমুকে চা-টা শেষ করে কাপটা ছেলেটার হাতে দিয়ে বলল, ‘টাকা নাই, লেইখ্যা রাখো।’ মফিজ মিয়ার চোখজোড়া টকটকে লাল। ইটভাটার আগুনের মতো জ্বলে। নীল ইউনিফর্মের পকেট থেকে বাঁশিটা বের করে হাওয়ায় মিলিয়ে গেল মফিজ মিয়া। দূর থেকে শোনা গেল মফিজ মিয়ার বাঁশির শব্দ। দুই দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। শীতল হাওয়া বইছে। লোক চলাচল একদম কম। বাঁশিতে ফুঁ দিতে দিতে মফিজ মিয়া চলে এল রাস্তাটার শেষ মাথায়। কাঁচাপাকা বাড়ির জানালার পাশে দাঁড়াল। উঁকি মারল। শূন্য ঘর। কেউ নেই। মাথাটা নামিয়ে ভাবনায় পড়ে গেল মফিজ মিয়া। মেয়েটা তাহলে গেল কোথায়? এখন তো এখানেই থাকার কথা। রঙিন সুতোয় কাপড়ে নকশা করার কথা। মফিজ মিয়া উসখুস করতে লাগল। মেয়েটা...মেয়েটা...। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল সে। তার পর কী মনে করে ফের তাকাল। তাকিয়েই চমকে উঠল যেন। এই তো মেয়েটা দাঁড়িয়ে আছে তার খুব কাছে। জানালার পাশ ঘেঁষে। আজ মেয়েটা শাড়ি পরেছে। লাল শাড়ি। ঠোঁটজোড়ায় গাঢ় রঙের লিপস্টিক। চোখে কাজল। চুলের খোঁপায় কী একটা ফুল। দুই হাতভর্তি লাল চুড়ি। মেয়েটা অপলক তাকিয়ে আছে। মফিজ মিয়ার চোখে। মেয়েটার চোখ হাসছে। ঠোঁট হাসছে। হাত নাড়াচ্ছে। ঝনঝন শব্দ হচ্ছে চুড়ির। মফিজ মিয়ার কী হলো কে জানে। কেমন যেন ওলট-পালট হয়ে যাচ্ছে সবকিছু। এই মেয়েটাকে এখন তার বউয়ের মতো লাগছে। বউ হঠাত্ সেজেগুজে মফিজ মিয়াকে চমকে দিত। মাথাভর্তি চুল। ভাসা ভাসা চোখ। লম্বা নাক। সবকিছুই মফিজ মিয়ার আদুরে বউটার মতো। মেয়েটা হাসল ঠোঁট বাঁকিয়ে। তারপর চুড়িতে শব্দ তুলে হাতটা বাড়িয়ে দিল। ঘোরলাগা চোখে মফিজ মিয়া তাঁর হাতটা বাড়িয়ে দিল মেয়েটার হাত ধরার জন্য।মো. ফারুক রানাকামরাঙ্গীরচর, ঢাকা