ভ্রমণ আর পেশা একসঙ্গেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশিল্প বিনিয়োগে বর্তমান পৃথিবীর তৃতীয় বৃহত্তম শিল্প। অস্ত্র এবং আইটি ব্যবসার পরেই এর স্থান। তবে লোকবল নিয়োগের ক্ষেত্রে পর্যটন ব্যবসা সবচেয়ে এগিয়ে আছে। তৃতীয় বিশ্বের অনেক দেশের আয়ের মূল উত্স পর্যটন ব্যবসা। পর্যটন মূলত সেবামূলক শিল্প। একটি দেশে পর্যটনশিল্পের শুধু অধিকাঠামো থাকলে সরকারি-বেসরকারি পর্যটন আয়োজক সংস্থাগুলো সহজেই বিকশিত হতে পারে। আমাদের দুর্ভাগ্য, পর্যটনশিল্পের অপার সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।প্রতিকূলতার মধ্যেও বেসরকারি কয়েকটি পর্যটন আয়োজক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্প এগিয়ে চলছে। কিন্তু সমস্যা হচ্ছে ভ্রমণকালীন পর্যটকদের যিনি সহায়তা দিয়ে থাকেন, সেই গাইড নিয়ে। অধিকাংশ পর্যটন সংস্থাই উপযুক্ত গাইডের ঘাটতিতে ভুগছে।পর্যটন গাইড দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের গাইড রয়েছেন, যাঁরা পর্যটকদের সঙ্গী হয়ে পর্যটন এলাকাগুলো সম্পর্কে পর্যটকদের অবহিত করেন; সেই সঙ্গে পর্যটকদের সামগ্রিক দেখাশোনা থেকে শুরু করে মানসিক সমস্যাও ভাগ করে নেন।আরেক ধরনের গাইড আছেন, যাঁরা নিসর্গ, ভিন্ন ধরনের মানুষের জীবনযাপন দেখানোর জন্য পর্যটকদের দেশ-দেশান্তরে নিয়ে যান; তাঁদের সুখ-সাচ্ছন্দ্যের ব্যবস্থা, পর্যটন এলাকাগুলোর বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন। এ ধরনের গাইডকে বলা হয় ট্যুর লিডার।গাইড পেশার প্রথম কথা হলো—আগে দর্শনধারী, পরে গুণবিচারি। তার মানে এই নয় যে গাইডকে সুদর্শন হতে হবে। প্রয়োজন হচ্ছে, গাইডের পোশাক, ব্যবহার, রুচি পর্যটকদের কাছে বিশ্বস্ত হতে হবে। কয়েক দিনের জন্য একেকটা ট্রিপ যখন হয়, তখন নিজের দেখাশোনা থেকে শুরু করে পুরো দলের দেখাশোনা করতে গিয়ে গাইডকে শারীরিকভাবে অত্যন্ত সমর্থ থাকতে হয়। গাইডের অন্ততপক্ষে মাতৃভাষাসহ দুটি ভাষায় (অবশ্যই একটি ইংরেজি) অনর্গল কথা বলার সাবলীলতা থাকতে হয়। গাইডের আরেকটি আবশ্যকীয় গুণ হচ্ছে, পর্যটনের ক্ষেত্রে যাত্রাপথে এবং থাকার স্থানে যে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, পর্যটকদের সামান্য বিব্রত না করে বিকল্প ব্যবস্থায় তাত্ক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। পুরো যাত্রায় গাইডই নেতৃত্ব দেবেন, কিন্তু কখনোই পর্যটকদের বুঝতে দেওয়া যাবে না যে চাপানো নেতৃত্ব দেওয়া হচ্ছে। গাইডকে সব সময় পর্যটক দলের সব সদস্যের কাছে সমানভাবে গ্রহণীয় হতে হবে। কোনোমতেই পর্যটকদের ধারণা যেন না হয়, গাইড কারও প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন।একেকটি পর্যটক দলে নানা সাংস্কৃতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, বয়স, লিঙ্গের মানুষ ভ্রমণ করতে আসে। যাত্রা অল্প সময়ের হলে গাইডকে পর্যটকদের সামলাতে বেশি বেগ পেতে হয় না, কিন্তু দীর্ঘ যাত্রায় সমস্যায় পড়তে হয়। এ ক্ষেত্রে গাইডের নানা শ্রেণীর মানুষের সঙ্গে মিশে সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ইতিহাস, ভূগোল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। গন্তব্যের ভৌগোলিক এবং ঐতিহাসিক বিবরণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। গাইড অবশ্যই রসিক হবেন, কিন্তু রসিকতার মাত্রা বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, গাইড হবেন সহজে স্বাভাবিকভাবে মিশুক একজন মানুষ, যিনি নিজের আবেগকে কখনোই প্রকাশ করবেন না।