ভ্রমণ পিপাসুদের মেলা
মেঘের কোলে পাহাড়ের দেশে, নাকি সমুদ্রসৈকতে; ঘন বনানি, নাকি চকচকে শপিং মলে—কোথায় যেতে মন চাইছে? শুধু চাইলেই তো হবে না। বেড়ানোর জন্য চাই নানা প্রস্তুতি। কোন জায়গায় কেমন খরচ পড়বে, সে সম্পর্কেও থাকা চাই পরিষ্কার ধারণা। এসব প্রশ্নের উত্তর নিয়েই ভ্রমণপিপাসুদের জন্য হয়ে গেল এক পর্যটন মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ নামের মেলা চলল গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান, জর্ডান, ফিলিপাইনসহ এশিয়ার ১৫টি দেশ মেলায় অংশ নেয়। সব মিলিয়ে স্টল ছিল ১৯০টি।মেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশ একদিক থেকে যেমন নিজেদের দেশের দর্শনীয় স্থানগুলো পরিচয় করিয়ে দিচ্ছিল, তেমনি সেখানে ভ্রমণের জন্যও বেশ লোভনীয় ছাড় ঘোষণা করেছিল। পর্যটন মেলায় পরিবারের সবাইকে নিয়ে এসেছিলেন শোয়েব তারিক। তিনি বলেন, ‘আমরা সব সময় সপরিবারে বেড়াতে যাই। সবাই মিলে এ মেলায় দেখতে এসেছি আবার কোথায় বেড়াতে যাওয়া যায়। আর এশিয়ার বিভিন্ন দেশে বেড়ানোর নানা খবর জানাও হয়ে গেল এই মেলায়। একসঙ্গে অনেক স্টল, তাই বেড়ানোর জায়গাটাও মনমতো করে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছি।’মেলায় যে শুধু বেড়ানোর জায়গার খোঁজ-খবর ছিল তা নয়, ছিল দেশি-বিদেশি বিভিন্ন পোশাক, বাঁশ-কাঠের কারুকার্যমণ্ডিত অন্দরসজ্জার নানা অনুষঙ্গও।এশিয়ান ট্যুরিজম ফেয়ারের সমন্বয়ক মহিউদ্দিন হেলাল বলেন, ‘আমাদের দেশের পর্যটনশিল্পের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের পর্যটকদের একটি সেতুবন্ধ রচনা করাই এই মেলার উদ্দেশ্য।’ আগামী বছর এই মেলার দ্বিতীয় আয়োজনও বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।ভুটানের মিথিকাল ভুটান ট্রাভেলের ট্যুর অপারেশন ম্যানেজার উত্তম ঘেলি এবারই প্রথম এসেছেন বাংলাদেশে। তিনি বললেন, ‘বেড়ানোর প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ আমাকে অবাক করেছে। মেলার এক দিন বাকি থাকতেই আমাদের প্রতিষ্ঠানের সব লিফলেট শেষের দিকে!’পর্যটন মেলায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন নিজ নিজ দেশের সংস্কৃতিকে উপস্থাপন করেছে।