ভ্রমণকাহিনি: জাদুর শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিক সিটির তাজমহল ক্যাসিনো
আটলান্টিক সিটির তাজমহল ক্যাসিনো

ছোটবেলা থেকেই আমি ঘুরতে খুব ভালোবাসি। বিশেষ করে অজানা-অচেনা নতুন যেকোনো শহরে ঘুরতে আমার খুব ভালো লাগে। প্রবাসী হওয়ার পর, সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যাই জীবনসঙ্গীর সঙ্গে।
অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আটলান্টিক সিটি দেখার। সময় আর সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। হুট করেই সেই সুযোগ এল। কিন্তু যখন জানলাম মাত্র এক দিনের জন্য আমরা যাচ্ছি, মনটা খারাপ হয়ে গিয়েছিল। তার পরও ভাবলাম, খারাপ কী? আমার মনের ইচ্ছাটা তো পূর্ণ হলো।
আমরা নিউইয়র্ক থেকে গাড়িতে রওনা হলাম নিউজার্সির একটি শহর আটলান্টিক সিটিতে। গাড়িতে তিন-চার ঘণ্টা সময় লাগে। রাত ১০টা নাগাদ আমরা সিটিতে পৌঁছে গেলাম। আমাদের সময় ছিল খুব কম। তাই রাতেই বের হয়ে গেলাম শহরটা ঘুরে দেখব বলে। এখানকার প্রধান আকর্ষণ ক্যাসিনো। এ জন্য অনেকে এই শহরকে ক্যাসিনো সিটিও বলেন।
মূল শহরটা খুব ছোট। আয়তন মাত্র ১৭ দশমিক ৪ বর্গমাইল। এখানে মোট জনসংখ্যা ৩৯ হাজার ৫০০-এর মতো। আটলান্টিক মহাসাগরের একেবারে গা ঘেঁষে তৈরি হয়েছে শহরটি। শহর জুড়ে রয়েছে অনেক বড় বড় ক্যাসিনো। রাতের বেলায় এসব ক্যাসিনোর চাকচিক্যময় চোখ ধাঁধানো জমকালো আলোকসজ্জা সত্যি বড় মনোরম। মনে হয় যেন কোনো জাদুকর তাঁর নিপুণ হাতের জাদুর মায়ায় তৈরি করেছেন এসব।
আর এসব দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার মানুষের ভিড় জমে এখানে। এঁদের বেশির ভাগ শুধু ঘুরতে আসেন না। খেলতে আসেন ক্যাসিনোর বিভিন্ন খেলা। একে খেলা না বলে জুয়া বলাই ভালো। এ দেশে এই খেলা বৈধ। আবার অনেকে নামীদামি নানা ব্র্যান্ডের মদের রাজ্যে মাতোয়ারা হয়ে ভেসে বেড়াতেই বেশি ভালোবাসেন।
রং-বেরঙের আকাশ ছোঁয়া এ ব ক্যাসিনোতে সারা দিন-রাত ধরে চলে নাচ, গান আর খেলার আসর। চলে হাজার হাজার ডলারের খেলা। কেউ জিতে নিয়ে যাচ্ছে সব, আবার কেউবা সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরছে।
একেকটি ক্যাসিনোর ভেতরে ঢুকলে মনে হয় যেন এক অন্য জগত্। বিপুল আলোকসজ্জা, কড়া মদের গন্ধ, নাচ, গান আর খেলার আসর দেখে আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য পৃথিবীতে চলে এলাম।
এর মধ্যে একটি ক্যাসিনো হলো তাজমহল ক্যাসিনো। এর বাইরের নকশাটি ভারতের তাজমহলের আদলে বানানো হয়েছে। এটি দেখতে খুব সুন্দর। এভাবে কয়েকটি ক্যাসিনো ঘুরে দেখার পর, ঘড়ির কাঁটার দিকে চোখ পড়ে গেল। রাত তখন তিনটা। সময় যে কীভাবে পেরিয়ে গেল কিছুই টের পাইনি।

সমুদ্রসৈকতে লেখিকা ও তাঁর স্বামী
সমুদ্রসৈকতে লেখিকা ও তাঁর স্বামী

এরপর গেলাম আমাদের এক আপুর বাসায়। তাঁদের বাসা আটলান্টিক মহাসাগরের খুব কাছে। পরদিন সকাল বেলাতেই ছুটে গেলাম সমুদ্রসৈকতে। আটলান্টিক সিটির আরেকটি আকর্ষণ হলো বোর্ড ওয়াক। বোর্ড ওয়াক হলো, সারি সারি কাঠের তক্তা দিয়ে বানানো প্রশস্ত রাস্তা। এই রাস্তা চলে গেছে সোজা সমুদ্রসৈকতে।
বোর্ড ওয়াক করতে করতে একটু সামনে যেতেই আমরা দেখলাম, সৈকতের পাশে রয়েছে অনেকগুলো দোকান। পর্যটকেরা সেখান থেকে কিনছেন হরেক রকম জিনিসপত্র। আমি ও আমার জীবনসঙ্গী ঘুড়ি উড়াতে খুব ভালোবাসি। তাই আমি কিনে ফেললাম একটি প্রজাপতি আঁঁকা ঘুড়ি আর আমার জীবনসঙ্গী উড়োজাহাজ আঁঁকা ঘুড়ি।
আমরা দুজনে আটলান্টিক মহাসাগরের সমুদ্রসৈকতে উড়িয়ে দিলাম আমাদের ঘুড়ি। খোলা আকাশে আমাদের দুরন্ত ও বাঁধ না মানা ঘুড়ির ডানায় চেপে আমরাও কিছুক্ষণ ভেসে বেড়ালাম অন্তহীন দিগন্তে।
তারপর কখন যে ফেরার সময় হলো টেরই পাইনি। বিকেলে আমরা রওনা হলাম নিউইয়র্কের উদ্দেশে। আমাদের সেই চিরচেনা কর্মব্যস্তময় জীবনে। কিন্তু আমার মন পড়ে রইল আটলান্টিক সিটিতে কাটানো সেই দারুণ মুহূর্তগুলোর সঙ্গে। আমাদের এই চমত্কার ভ্রমণটি আমার স্মৃতির পটভূমি থেকে আমি হয়তো কখনই মুছে ফেলতে পারব না।
সম্পা হরি সেন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।