ভ্রমণকাহিনি লিখে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর্যটন স্থানগুলো তুলে ধরতে ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ঘুরবো ডটকম। প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমুদ্রসৈকত, ঐতিহাসিক স্থান, পাহাড়-পর্বত, দ্বীপাঞ্চল, জলা, বনসহ বাংলাদেশের যেকোনো ভ্রমণ স্থান নিয়ে লেখা যাবে।

নির্বাচিত বিষয় ও জায়গা অবশ্যই নিজের ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে লিখতে হবে। নির্বাচিত লেখা ও ছবি প্রকাশিত হবে ঘুরবোর বিশেষ পেজে। সর্বোচ্চ পুরস্কার কক্সবাজারে যাতায়াতের এয়ার টিকিটসহ ওশ্যান প্যারাডাইসে ৩ দিন ২ রাত থাকার সুযোগ ও সর্বনিম্ন ৫০০ টাকার গিফট ভাউচার।

বিপিসির চেয়ারম্যান আখতারুজ্জামান খান বলেন, ‘সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা জায়গাগুলোর খবর জানাতে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ঘুরবো আয়োজন করেছে “লিখবো আমি ঘুরবে সবাই” শিরোনামে প্রতিযোগিতা। এ আয়োজন দেশের পর্যটন বিকাশে সহায়ক হবে বলে আশা করি।’

ঘুরবোর বিপণন প্রধান তাহের জামিল বলেন, বাংলাদেশের যেকোনো দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর গল্প লিখে পুরস্কার জিতে নিতে পারেন। ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে। দর্শনীয় স্থানের অবস্থান, আশপাশের বিষয়বস্তু, যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়া, সম্ভাব্য খরচসহ তথ্য থাকতে হবে। তিনটি ছবি থাকতে হবে। প্রতিযোগী চাইলে ভিডিও পাঠাতে পারবেন। ঘুরবোর ওয়েব সাইটে https://goo.gl/kU6jaG ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা জমা দিতে হবে।