
দেশে ভ্রমণের সময়
বাসে করে যাচ্ছেন, রোদের তাপমাত্রাও বেশি। এ ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ হলে সঙ্গে ঠান্ডাজাতীয় খাবার নিন। চিপস, চানাচুরের চেয়ে বিস্কুট খাওয়া ভালো। আর যাঁদের নুডলস পছন্দ, তাঁরা ফ্রাইড নুডলসের বদলে রান্না করা নুডলস নিতে পারেন। সবচেয়ে ভালো হয় প্রিজারভেটিভ বা সংরক্ষিত খাবার নিলে।
ভ্রমণে মিষ্টি খাওয়া যেতে পারে। শক্তির জন্য ভালো হয়। অবশ্যই পানি কিংবা শরবত বা ডাবের পানি খাওয়া উচিত। অনেকে ভ্রমণের সময় পানি খেতে পছন্দ করেন না। এটি মোটেও ভালো নয়। ফল খাওয়া যেতে পারে। ফলের জলীয় অংশ শরীরকে ঠান্ডা রাখে।
যাঁদের আবার ডায়াবেটিসের সমস্যা আছে, ভ্রমণে তাঁদের ইনসুলিন ও খাবার রাখতে হবে। খাবার গ্রহণ করতে হবে তিন ঘণ্টা পরপর। ডায়াবেটিস থাকুক কিংবা না থাকুক জাঙ্ক ফুড বা রাস্তার খাবার খাওয়া যাবে না কোনোভাবেই।
দেশের বাইরে ভ্রমণের সময়
মোটামুটি অধিকাংশ বিমানেই নিজের পছন্দমতো খাবার অর্ডার করে নেওয়া যায়। তাই নিজে যে ধরনের খাবার খান তা-ই নিন। মিষ্টিজাতীয় খাবার খেলে ভালো হয়।
কেমন খাবার খাবেন
যেহেতু ভ্রমণ মানেই পরিবারের রান্না করা খাবার থেকে দূরে থাকা। তাই বিষয়টি মাথায় রেখে সবখানে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন, যা আপনি নিয়মিত খান। দেশে তো পরিচিত খাবার পেতে সমস্যা নেই। আর পৃথিবীর সব দেশেই এখন মোটামুটি পরিচিত খাবার পাওয়া যায়ই। সাদা ভাত, সবজি, মাছ বেছে নিতে পারেন।
ভালো মানের রেস্তোরাঁ বা হোটেলে বুফে পাওয়া যায়। বুফে থেকে নিয়মিত যে খাবার খান তা বেছে নিন।
খাদ্যাভ্যাসের খুব একটা পরিবর্তন না হলে ভ্রমণেও ডায়েট ঠিক থাকবে। পাশাপাশি চালিয়ে যাবেন শারীরিক কসরত। তাতেই চলবে।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী