ভ্রমণে প্রযুক্তি সঙ্গী
কোথায় যাচ্ছেন এই গরমে? গডস ওন কান্ট্রি নাকি সূর্যোদয়ের দেশে? তবে যেখানেই যান, পকেটভর্তি এক গাদা বুকলেট নিয়ে বেড়াতে বের হওয়ার দিন আর নেই। ভিনদেশে গিয়ে অচেনা ভাষায় গন্তব্য জেনে নেওয়ার বিড়ম্বনাও সইতে হবে না। স্রেফ বিদেশি বলেই থাকা-খাওয়ায় গুনতে হবে না বাড়তি পয়সা। স্মার্টফোন, নেটবুকের এই সময় নতুন জায়গা সম্পর্কে সব তথ্য তো জেনে নিতে পারেন কয়েক ক্লিকেই। কীভাবে? দেখুন এই প্রতিবেদনে।যাওয়ার আগে ভাবা: বেড়াতে গেলে কোন জিনিস আপনার লাগবে, তা আগে ঠিক করুন। ভারী ক্যামেরা কি লাগবেই? আইফোন বা যেকোনো স্মার্টফোন দিয়েও কিন্তু বেশ ভালো মানের ছবি তোলা যায়। ল্যাপটপেরও কি খুব প্রয়োজন? ট্যাবলেট বা নেটবুক দিয়ে কি কাজ চলবে না? আসল কথা হলো, হালকা, সহজে বহনযোগ্য এমন সব যন্ত্রই নিন বেড়াতে যাওয়ার সময়। কাছে থাকুন: বেড়াতে যাচ্ছেন। কাজের দুনিয়ার কথা ভুলেই থাকুন না কয়েক দিন। তার মানে ইন্টারনেট সংযোগ নিয়ে খুব ভাবার কিছু নেই। জিপিআরএসে এই কাজ চলবে। স্মার্টফোনে ভরে নিন দারুণ কিছু প্রোগ্রাম। অফলাইনে মানে ইন্টারনেটে সংযুক্ত না হয়েও যা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া বিমানবন্দর আর মোটামুটি মানের হোটেলগুলোতে বিনা মূল্যে ওয়াইফাই তো থাকেই। নেটবুক আর ওয়াইফাই ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন। দেশের সঙ্গে যোগাযোগও তাই খুব সহজে করতে পারবেন। মুঠোফোন রোমিং করানো থাকলে তো ভালোই। না থাকলেও এশিয়ার দেশগুলোতে তেমন সমস্যা নেই। নতুন সিম কেনার নানা প্যাকেজ আছে। বেছে নিন পছন্দেরটি।সঙ্গে নিন: যেখানেই যান কিছু তথ্য আপনার জানা থাকতেই হবে। যেমন সেখানকার হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়ার খরচ, কেনাকাটার জন্য ভালো জায়গা ইত্যাদি। স্থানীয়দের কাছ থেকে জেনে নেওয়ার আগে নিজে এ ব্যাপারে খবর নিন। বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিন।মুদ্রা বিনিময়ের হার সম্পর্কে জানতে দেখুন www.xe.com/mobile। স্মার্টফোনে প্রোগ্রাম নামিয়ে নিতে পারেন। আবার ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার। কোথায় গেলে পাওয়া যাবে সস্তায় মজাদার খাবার, কোন হোটেলে থাকা সবচেয়ে সুবিধাজনক, কেনাকাটার জন্য ভালো জায়গা কোনটা, কোন জায়গায় না গেলে আফসোস থাকবে—সবকিছু জেনে নিতে পারেন এখান থেকে। ক্লিক করুন www.lonelyplanet.com/mobile সাইটে।মাইনে পাওয়া লেখক নন, আপনার মতোই ভ্রমণকারীদের কাছ থেকে জেনে নিন সব তথ্য। হোটেল, রেস্তোরাঁ, ফ্লাইট সবকিছু সম্পর্কে তথ্য পাবেন এ ওয়েবসাইটে। প্রোগ্রাম হিসেবেও নামিয়ে নিতে পারেন। ঠিকানা: www.tripadvisor.com/mobileজিপিএস দারুণ একটা প্রযুক্তি। কিন্তু যদি আপনার প্রয়োজনের সময় কোনো কারণে কাজ না করে? সবচেয়ে ভালো হয়, যদি অফলাইনে দেখা যায় এমন কিছু মানচিত্র মুঠোফোনে রেখে দেওয়া যায়। নেটওয়ার্ক না থাকলেও যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। অফলাইন মানচিত্র পাওয়ার জন্য কয়েকটি ওয়েবসাইট হলো www.offmaps.com, www.mapsdroyd.com, offlinemaps.codeplex.com। শেষের ওয়েবসাইট থেকে গুগল মানচিত্র নামিয়ে রেখে দিতে পারবেন। সমুদ্রের পাশে মোমের আলোয় রাতের খাওয়ার পরিকল্পনা করলেন। আচমকা এল ঝড়। পরিকল্পনা জলে গেল। বেড়াতে যাওয়ার আগেই তাই জেনে নিন সেখানকার আবহাওয়া সম্পর্কে। স্মার্টফোন থেকে দেখুন www.mobile.yahoo.com/ weather। সূর্যোদয়-সূর্যাস্তের সময়, আর্দ্রতা, তাপমাত্রা এসবও জানতে পারবেন এখানে। কেব্ল কারে চড়ে চলে গেছেন মেঘের রাজ্যে অথবা খাওয়ার টেবিলে সামনে নিয়ে বসে আছেন নিজের হাতের সমান লম্বা এক চিংড়ি। এ মুহূর্তে ছবিটি দেখাতে ইচ্ছা করছে বন্ধুবান্ধবদের। চলে যান mobile.yahoo.com/ flickr-এ। ডাউনলোড করে নিন মুঠোফোনের জন্য ফ্লিকার অ্যাপ্লিকেশনটি। ফোন থেকে শেয়ার করতে পারবেন সব ছবি, যখন চাইবেন তখনই।