ভ্রমণে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়া বা লাইফজ্যাকেট নিরাপদ রাখবে পানিতে, আবার সাঁতার শিখতেও কাজে লাগে। মডেল: অধরা, ছবি: নকশা
বয়া বা লাইফজ্যাকেট নিরাপদ রাখবে পানিতে, আবার সাঁতার শিখতেও কাজে লাগে। মডেল: অধরা, ছবি: নকশা

সুইমিংপুলের ঝকঝকে নীল পানি দেখে আর তর সইল না। পোশাক বদলেই ঝুপ! সাঁতার নিশ্চয়ই জানা আছে। যাঁরা জানেন না তাঁদেরই বা চিন্তা কী, পুলই তো। এখানে আর কী বিপদ হবে। এমন ভাবেন অনেকেই। আবার বেড়াতে গিয়েও পানির আশপাশে যথেষ্ট সাবধান হন না কেউ কেউ। ফলে অসতর্কতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক মো. শাহাজাহান আলী জানান, ভ্রমণে গেলে অবশ্যই সবার আগে নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। জীবনের ঝুঁকি আছে এমন স্থান ভ্রমণের জন্য নির্বাচন করা সঠিক না। পানি আছে এমন স্থানে ভ্রমণের সময় ছোট-বড় সবার জন্য লাইফ জ্যাকেট রাখা উচিত। পানিতে নামলে বা সাঁতার কাটতে চাইলে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। এই সময়টুকু ছোটদের বড় কারও তত্ত্বাবধানে রাখা উচিত।

মডেল: অধরা, ছবি: নকশা
মডেল: অধরা, ছবি: নকশা

ভ্রমণের সময় পানিতে ডুবে দুর্ঘটনা ঘটার কথাই বেশি শোনা যায়। সাঁতার না জানার কারণেই এমন হয়। যাঁরা ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে ভ্রমণে যান তাঁদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ আছে? এ বিষয় জানতে চাইলে ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান জার্নি প্লাসের পরিচালক তৌফিক রহমান বলেন, ‘ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না। পানি আছে এমন কোনো স্থানে যেমন: সাগর, হাওর, লেক বা ঝরনা এলাকায় বেশি সতর্ক থাকি। এসব স্থানে কেউ পানিতে নামতে চাইলে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। সে ক্ষেত্রে পর্যটক সাঁতার জানুক আর না জানুক। আর শিশু বা অল্প বয়সীদের গভীর পানিতে না নামার পরামর্শ দিই আমরা।’
পর্যটকদের মধ্যে বড় একটা অংশই ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া একাই ঘুরতে যান। কথা হলো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্বাস ফারুকের সঙ্গে। সময় পেলেই পরিবার নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যান বলে জানালেন। তিনি বলেন, ‘ভ্রমণে গেলে কিছু বিপদের আশঙ্কা তো থাকেই। এই জন্য ঘুরতে যাওয়া তো আর বন্ধ করা যাবে না। তবে ভ্রমণে থাকলে সর্বোচ্চ সতর্ক থাকি। যেন কোনো দুর্ঘটনা না ঘটে।’ সে সর্তকগুলো কী কী? জবাবে তিনি জানান, পানি আছে এমন এলাকায় ঘুরতে গেলে লাইফ জ্যাকেট অবশ্যই নেওয়ার কথা। আর সঙ্গে ফার্স্ট এইড বক্স রাখার কথা।
নিরাপত্তার উপকরণ

রাজধানীর বিভিন্ন মার্কেটে ভ্রমণের নিরাপত্তার বিভিন্ন উপকরণের দোকান আছে। রাজধানীর নিউ মার্কেটে মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী আজমল হোসেন। ১০ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানান, আগে ভ্রমণের নিরাপত্তার উপরণগুলোর তেমন একটা চাহিদা ছিল না। বর্তমানে চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লম্বা ছুটির আগের দিনগুলোতে এই উপকরণগুলো বিক্রি অনেক বেড়ে যায়।
বাজার ঘুরে দেখা গেল, আকারে ছোট ৫ থেকে ১০ বছরের শিশুদের লাইফ জ্যাকেটের দাম ২৫০ থেকে ৬৫০ টাকা। মাঝারি আকারের লাইফ জ্যাকেটের দাম ৫৫০ থেকে এক হাজার ১৫০ টাকা। আকারে বড় লাইফ জ্যাকেটের দাম এক হাজার থেকে এক হাজার ৪৫০ টাকা। ছোটদের পুল বোর্ড ৪৫০ থেকে ৮৫০ টাকা। বড়দের পুল বোর্ড ৭৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। বয়া দুই রকম পাবেন। শোলার তৈরি হলে ৩৫০ থেকে ৪৫০ টাকা। আর প্লািস্টকের বয়ার দাম ৪৫০ থেকে ৬৫০ টাকা। ছোট সুইমিং বোর্ড ৪০০ থেকে ৭৫০ টাকা। বড় সুইমিং বোর্ড ৭০০ থেকে এক হাজার ৩৫০ টাকা। ছোট চেস্ট বোর্ড ২০০ থেকে ৪৫০ টাকা। বড় চেস্ট বোর্ড ৩৫০ থেকে ৬৫০ টাকা। সুইমিং রিং ছোট ১৫০ থেকে ৪৫০ টাকা। সুইমিং বোর্ড বড় ৩৫০ থেকে ৬৫০ টাকা। সুইমিং বল ২৫০ থেকে ৫৫০ টাকা । সুইমিং রিং ৪৫০ থেকে ৭৫০ টাকা। আর্মস গার্ড ২০০ থেকে ৩৫০ টাকা। সুইমিং গজ ছোট ২৫০ থেকে ৫৫০ টাকা।
প্রাপ্তিস্থান ও মানের ওপর দাম অনেকাংশে নির্ভর করে।

কোথায় পাবেন
রাজধানী ঢাকাতে বসুন্ধরা শপিং মলের মোস্তফা মার্ট, নিউ মার্কেট, গুলশান ১ ও ২ নম্বর ডিসিসি মার্কেট, স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, উত্তরাসহ রাজধানীর অনেক স্থানে ভ্রমণের নিরাপত্তা উপকরণ পাওয়া যায়।