রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, এম এন লারমা) চার নেতা নিহত হওয়ার পর আদিবাসীদের মধ্যে আরও সহিংস সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের অপহূত অবস্থায় থাকা নেতা-কর্মীদের স্বজনেরা নানা শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। গত চার বছরে তিন সংগঠনের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষে ৫৬৩ জন নিহত হয়েছেন।আদিবাসীদের তিনটি সংগঠন থেকে পাওয়া তথ্যে জানা যায়, জনসংহতি সমিতি (এম এন লারমা) গঠিত হওয়ার পর সর্বশেষ চারজন নেতাসহ প্রতিপক্ষের হাতে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউপিডিএফের ২৩৫ জন এবং সন্তু লারমার জনসংহতি সমিতির তিন শতাধিক নেতা-কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ২৬ জন পার্বত্য চুক্তি অনুযায়ী সরকারের কাছে অস্ত্র জমাদানকারী সাবেক শান্তি বাহিনীর সদস্য।গত মঙ্গলবার লংগদু সদর ইউনিয়নের দোজর এলাকার মধ্যছড়া পাড়ার পাশে লংগদু-নানিয়ারচর সড়কে সশস্ত্র ব্যক্তিদের হামলায় জেএসএস (এম এন লারমা) রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা (৩৮), সহযোগী সংগঠন যুব সমিতির লংগদু উপজেলা শাখার সদস্য জীবন চাকমা (২৫), পাহাড়ি ছাত্রপরিষদের রাঙামাটি জেলা তথ্য ও প্রচার সম্পাদক গুণেন্দু চাকমা (২০) এবং খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি সুখেন চাকমা (২০) নিহত হন। জেএসএস (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এ হামলার ব্যাপারে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেন। তবে সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় তাঁদের সংগঠনের কেউ জড়িত নন বলে দাবি করেন।জানা যায়, এর আগে রাঙামাটিতে জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে লংগদু ও বাঘাইছড়ির নিজ এলাকায় যাওয়ার সময় লংগদুর কাট্টলী এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির ৭০ জন নেতা-কর্মী ও সমর্থক অপহূত হন। এঁদের মধ্যে ১৬ ফেব্রুয়ারি নয়জনকে মুক্তি দেওয়া হলেও বাকিদের মুক্তির ব্যাপারে জেএসএসের কাছে কয়েকটি শর্ত দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে সজীব চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউপিডিএফের শর্তগুলোকে উদ্ভট ও অবান্তর বলে প্রত্যাখ্যান করা হয়। ফলে অপহূত নেতা-কর্মীরা এখনো মুক্তি পাননি।নাম প্রকাশে অনিচ্ছুক অপহূতদের দুই অভিভাবক বলেন, ‘লংগদুতে চার নেতা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা আতঙ্কিত। কারণ, অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের কথা রয়েছে। এখন অপহূতদের ভাগ্যে কী ঘটে, তা নিয়ে আমরা শঙ্কিত।’জানা গেছে, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সই করা নিয়ে মতভেদ দেখা দেওয়ার প্রেক্ষাপটে ইউপিডিএফ গঠিত হয়। ২০০৯ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে ভাঙন সৃষ্টি হয়। গঠিত হয় নতুন দল জনসংহতি সমিতি (এম এন লারমা)। আদিবাসীদের এ তিনটি দলের মধ্যে মূলত ইউপিডিএফ ও এম এন লারমার সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির দ্বন্দ্ব বিরাজ করছে। এই তিন সংগঠনের ভ্রাতৃঘাতী সংঘাতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা এখন বিপর্যস্ত। তাঁরা চান এ সংঘাত বন্ধে শিগগির উদ্যোগ নেওয়া হোক। এ প্রসঙ্গে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে আহ্বান জানিয়ে আসছি। কিন্তু জনসংহতি নেতারা মাঝেমধ্যে তা মানার কথা বললেও বিশ্বাস ভঙ্গ করেন। সে কারণে সংঘাত বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্যোগ নেওয়া উচিত।’জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, পার্বত্য চুক্তির বিরোধিতার নামে যাঁরা জনসংহতির নেতৃত্বকে ধ্বংস করার লক্ষ্যে সংঘাত সৃষ্টি করছেন, তাঁরা তা বন্ধ করলে সংঘাত বন্ধ হতে পারে।