খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পক্ষের সমর্থক পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ২০তম উপজেলা ও ১৭তম কলেজ শাখা সম্মেলন এবং ছাত্রসমাবেশ ১৫ সেপ্টেম্বর দীঘিনালা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি জ্ঞান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রূপায়ণ দেওয়ান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবকোমল চাকমা, জেলা শাখার ছাত্র ও যুববিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা, কেন্দ্রীয় সভাপতি অংসান থুই মারমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য পিসিপির জন্ম। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তাঁদের বাঙালি বানিয়েছে। সংশোধনী এনে তাঁদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানান।
সমাবেশ শেষে দ্বিতীয় অধিবেশনে সোনামনি চাকমাকে সভাপতি, হিজল চাকমাকে সাধারণ সম্পাদক ও বিবেক চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা কমিটি এবং আলো বিকাশ চাকমাকে সভাপতি, অভয় চাকমাকে সাধারণ সম্পাদক ও বাস্তব চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কলেজ কমিটি গঠন করা হয়।