২০০৯ সালের ৩১ ডিসেম্বর। একদল সশস্ত্র লোক জুরাছড়ি সদরের লেবারপাড়া গ্রামে এসে কৃষ্ণবরণ চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় তারা কৃষ্ণবরণ চাকমার ছোট ভাই প্রভু চাকমার খোঁজ করে। কৃষ্ণবরণ জানান, তাঁর ভাই বাড়িতে থাকেন না। সশস্ত্র লোকজন কৃষ্ণবরণকে বেদম মারধর করে আর বলে—প্রভু চাকমাকে অবশ্যই তাদের হাতে তুলে দিতে হবে। কিন্তু কৃষ্ণবরণ সশস্ত্র লোকজনের চোখে চোখ রেখে বলেন, ‘আমি তা করতে বাধ্য নই।’ আবার বেদম লাঠিপেটা শুরু হয়। একপর্যায়ে কৃষ্ণবরণের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। কৃষ্ণবরণ মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ভেবে কৃষ্ণবরণকে ফেলে ওই স্থান ত্যাগ করে সশস্ত্র লোকেরা। পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক প্রভু চাকমাকে না পেয়ে তাঁর ভাইয়ের ওপর এমন অত্যাচার করা হয়। এরপর শুরু হয় কৃষ্ণবরণের জীবন-মৃত্যুর যুদ্ধ। প্রায় ছয় মাস চিকিৎসার পর ২০১০ সালের ৪ মে মারা যান কৃষ্ণবরণ। রাঙামাটির জুরাছড়ির লেবারপাড়া গ্রামের কৃষ্ণবরণ চাকমা খুন হয়েছেন, সেই সঙ্গে খুন হয়েছে তাঁর পরিবারের স্বপ্ন। জমিজমা, সহায়-সম্বল বেচে স্বামীর চিকিৎসা করেছেন তাঁর স্ত্রী শান্তিমালা চাকমা এবং দুই ছেলে সুশান্ত চাকমা (২০) ও বিপ্লব চাকমা (৯)। আজ তাঁদের চোখে কেবলই অন্ধকার।গতকাল সোমবার কৃষ্ণবরণ চাকমার স্ত্রী শান্তিমালা চাকমা তাঁর দুঃখের কাহিনি বলেন। তিনি জানান, সশস্ত্র লোকজনের প্রহারে কৃষ্ণবরণের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। ছুরির আঘাতে পেটে পচন ধরেছিল। শত চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারেননি।বড় ছেলে সুশান্ত চাকমা (২০) জানান, তাঁদের ফলমূলের কিছু বাগান ছিল। কৃষ্ণবরণের চিকিৎসার খরচ চালাতে সেগুলো বিক্রি করতে হয়েছে। এখন দিনমজুরির টাকায় তাঁদের খেয়ে না-খেয়ে দিন কাটছে। তবু ছোট ভাইকে পড়াচ্ছেন। কিন্তু কত দিন পড়ানো যাবে, তা নিয়ে চিন্তায় আছেন তাঁরা। শুধু কৃষ্ণবরণ চাকমার পরিবার নয়, এ রকম কয়েক শ আদিবাসী পরিবার এমন দুঃসহ স্মৃতি আর অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। তারা ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের শিকার। পার্বত্য চট্টগ্রামের দুই আদিবাসী রাজনৈতিক সংগঠন পার্বত্য চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতি (জেএসএস) ও পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘ এক যুগ ধরে চলছে ভ্রাতৃঘাতী সংঘাত। ভুক্তভোগী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরকার বা কোনো সংগঠনের পক্ষ থেকে সাহায্য পায়নি। বিভিন্ন সময় মামলা হলেও খোঁজ থাকে না। আবার অনেক পরিবারকে এলাকাছাড়া হতে হয়েছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক দশকে উভয় পক্ষে সাত শতাধিক সদস্যের মৃত্যু হয়েছে ভ্রাতৃঘাতী সংঘর্ষে। এ ছাড়া কয়েক হাজার অপহরণ-পাল্টা অপহরণ হয়েছে। জনসংহতি সমিতির দাবি, সরকারের কাছে এরপর পৃষ্ঠা ২ কলাম ২অস্ত্র জামদানকারী প্রত্যাগত ৭০ জনসহ জনসংহতি সমিতির কমপক্ষে দুই শতাধিক সদস্য খুন হয়েছেন। আর অপহরণ হয়েছেন প্রায় ২৫০ জন।অপরদিকে ইউপিডিএফের দাবি, তাদের সংগঠনের কমপক্ষে পাঁচ শতাধিক নেতা-কর্মী, সমর্থক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। অপহূত হয়েছেন এক হাজারের বেশি।জানা গেছে, ১৯৯৭ সালের শেষ দিকে পার্বত্য এলাকার দীর্ঘদিনের সমস্যার রাজনৈতিক সমাধানে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একটি চুক্তি সই করে; যা পার্বত্য শান্তিচুক্তি নামে সবার কাছে পরিচিত। কিন্তু জনসংহতি সমিতির সহযোগী পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের একটি অংশ প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে ওই চুক্তিকে আপসের চুক্তি বলে আখ্যায়িত করেন। তাঁরা গঠন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ইউপিডিএফ শুরু থেকে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।ইউপিডিএফ গঠনের পর থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এরপর গত এক দশকের বেশি সময় পার্বত্যচুক্তির পক্ষ-বিপক্ষে আদিবাসীদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ, খুন অপহরণের ঘটনা ঘটে চলেছে।এ ব্যাপারে জেএসএস ও ইউপিডিএফের কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।