ভ্রান্ত সম্প্রদায়ের চেখভ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুবুকফ্ বংশের কন্যা নাতাশা। নাটকের নায়ক লোমফ্ নিজের বিয়ের পয়গাম নিয়ে নাতাশার বাড়ি যান। এ সংবাদে নাতাশার বাবা খুব খুশি হন। কিন্তু বাদ সাধল একটা জমি। ওই জমির সূত্র ধরে নাতাশা ও লোমফের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ধীরে ধীরে এ ঝগড়া পরিণত হয় পরিণয়ে। রুশ নাট্যকার আন্তন চেখভের পয়গাম নাটকের দৃশ্য এটি। ভ্রান্ত সম্প্রদায়ের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রখ্যাত নাট্যকার আন্তন চেখভের তিনটি একাঙ্কিকা দিয়েই সম্পন্ন করল ‘চেখভ সন্ধ্যা’ নাট্যোৎসব। নাট্যোৎসবের প্রথম নাটকটি ছিল চেখভের গল্প ‘দ্য ফ্যাট ম্যান অ্যান্ড দ্য থিন ম্যান’ অবলম্বনে নাটক ভ্রান্ত-সম্ভ্রান্ত। গল্পটির নাট্যরূপ দেন মোহাম্মদ জাবের, নির্দেশনায় ছিলেন মো. জাবের ও অম্লান বড়ুয়া। এরপর মঞ্চস্থ হয় প্রতিশোধ। নির্দেশনায় ছিলেন ইকবাল হোসেন চৌধুরী ও মো. জাবের। সব শেষে মঞ্চস্থ হয়পয়গাম। নির্দেশনায় ছিলেন কমল বড়ুয়া ও রুমেল বড়ুয়া। দুটি নাটকই অনুবাদ করেছেন সিরাজুর রহমান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এবং নাট্যকার অসীম দাশ ভ্রান্ত সম্প্রদায়ের প্রযোজনা সম্পর্কে বলেন, ‘চেখভের নাটক অভিনয়প্রধান। চরিত্রগুলোতে অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার অবকাশ আছে। সেদিক থেকে নাট্যকর্মীদের সফল বলা যায়। তারা অভিনয়ের মাধ্যমে সমাজের অসংগতিগুলো বিদ্রূপের ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন।’নাট্যকর্মী রাহাত কবীরও সন্তুষ্ট চেখভ সন্ধ্যায় নাটক দেখে। তিনি বললেন, ‘তিনটি প্রযোজনা দেখে মনে হলো তরুণ নির্দেশকদের ওপর আমরা আস্থা রাখতে পারি। আবহসংগীতে ভিন্ন আমেজ ছিল। তবে আলোক প্রক্ষেপণে আরও অভিজ্ঞতার প্রয়োজন।’ভ্রান্ত সম্প্রদায়ের নির্দেশক মো. জাবের তাঁর প্রযোজনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট। নাটকে যে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে সে প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘একই মানুষ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ করে। চেখভ চরিত্রকে এমন কিছু পরিস্থিতিতে ফেলে দেয়, মানুষের ভেতরের যে আমিত্ব আছে, অর্থাৎ আমার ভেতরকার আমি—সেই সত্ত্বাগুলো বেরিয়ে আসে। তিনটি নাটকেই এ ব্যাপারটা ছিল।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমেল বড়ুয়া, ইকবাল, কমল, মুক্তি, পারভেজ, সুমত, রতন, রাজিব প্রমুখ। আলোক প্রক্ষেপণ ও আবহসংগীত পরিচালনায় ছিলেন মো. জাবের এবং অম্লান বড়ুয়া।