ভ্রাম্যমাণ আদালতে এক সপ্তাহে সহস্রাধিক মামলা
যানবাহন চালানোর সময় মুঠোফোনে কথা বলা ও পণ্য পরিবহনের গাড়িতে যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। এক সপ্তাহে নগরে এ-সংক্রান্ত এক হাজার ২৫০টি মামলা হয়েছে। এর মধ্যে চলন্ত গাড়িতে চালকের মুঠোফোনে কথা বলার দায়ে মামলা হয়েছে প্রায় ১০০টি। যাত্রী পরিবহনের দায়ে অন্তত সাতটি ট্রাক আটক করে মামলা দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা নিষেধ। কিন্তু নগর ও জেলার বিভিন্ন স্থানে চালকেরা এ আইন মানছেন না। পাশাপাশি সিটবেল্ট বাঁধা থেকেও তাঁরা বিরত থাকেন। এসব কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। ট্রাফিক সার্জেন্ট মো. পারভেজ জানান, গত রোববার এক দিনে যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা হয়েছে ১৯২টি। এসব মামলার ৩০টি ছিল মুঠোফোনে কথা বলার কারণে। ২৩ জুলাই মামলা হয়েছে ১৯২টি, যার মধ্যে ২০টি ছিল মুঠোফোন ব্যবহার-সংক্রান্ত। ২১ জুলাই দায়ের হওয়া ২৩২টি মামলার মধ্যে ২০টি, ২০ জুলাই ২২০টির মধ্যে ১৫টি, ১৯ জুলাই ২১০টির মধ্যে ১৫টি, ১৭ জুলাই ১৯১টির মধ্যে ১৫টি এবং ১৬ জুলাই ২০৯টির মধ্যে ১৫টি মুঠোফোন ব্যবহারজনিত মামলা হয়। এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (যানবাহন) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘চলন্ত অবস্থায় চালকের মুঠোফোনে কথা বলা নিষেধ। আমরা প্রতিনিয়ত এ অভিযান পরিচালনা করি। তবে মিরসরাইয়ের ঘটনার পর এর প্রয়োগ বাড়ানো হয়েছে।’জানা গেছে, মিরসরাইয়ে ১১ জুলাই ট্রাক খাদে পড়ে ৪০ জন নিহত হয়। দুর্ঘটনার সময় ট্রাকচালক মো. মফিজ মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ট্রাকটি মিরসরাই থেকে বিদ্যালয়ের ছাত্রদের বহন করে আবুতোরাব বাজারে যাচ্ছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নগরের প্রতিটি মোড়ে ট্রাফিক সার্জেন্টরা এখন এ ধরনের অপরাধ যারা করছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য একজন চালককে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা করা হচ্ছে।