দীর্ঘদিন পর চট্টগ্রাম বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। ডেপুটি কমিশনারের ক্ষমতা পাওয়ার পর বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই অভিযান শুরু করেছেন। অভিযানের প্রথম দিনে বন্দরের কয়েক কোটি টাকা দামের মূল্যবান জমি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, গত ১ মার্চ অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বন্দরে যোগ দেন অনুপম সাহা। তবে ডেপুটি কমিশনারের ক্ষমতা না থাকায় যোগদানের পরই উচ্ছেদসহ নানা কার্যক্রম পরিচালনা করতে পারেননি তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৫ এপ্রিল এক আদেশে তাঁকে ডেপুটি কমিশনারের ক্ষমতা দেওয়া হয়। গত ১৪ মে এ-সংক্রান্ত আদেশটি বন্দরে আসার পর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।বন্দর সূত্রে জানা গেছে, গত বুধবার প্রথম অভিযান পরিচালনা করা হয় সদরঘাটে। সদরঘাট সি-রিসোর্সেস প্রতিষ্ঠানের উত্তর পাশে আহমদ নবী ও মো. মোস্তফা নামে দুই ব্যক্তির দুটি ঘর উচ্ছেদ করা হয়। একই এলাকায় ইসমাইল ও জামাল হোসেনের একটি ঘর এবং ইট-বালু দিয়ে দখল করা জায়গা উচ্ছেদ করা হয়। চানমিয়ার দখল করা তিনটি ঘরও উচ্ছেদ করা হয়েছে ওই দিন। এ ছাড়া ৩ জুন পরিচালিত আরেকটি অভিযানে বন্দরের পাঁচ নম্বর জেটি গেইটের আশপাশের এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই দিন মাদারবাড়ি মৌজায় ইট-বালু দিয়ে দখল করে রাখা ২০ শতক জায়গা দখলমুক্ত করা হয়। এসব জমির দাম কয়েক কোটি টাকা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে বন্দরের মূল্যবান জমি উদ্ধার করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, বন্দর কর্তৃপক্ষের প্রায় দুই হাজার ৬০০ একর জায়গার মধ্যে প্রায় ৯৭৫ একর জায়গা বন্দরের নিজস্ব কাজে ব্যবহূত হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থার কাছে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭০ একর। এ ছাড়া অস্থায়ী ইজারা দেওয়া জমির পরিমাণ ১৮২ একর। এর বাইরে রাস্তা, খাল, বাঁধ ও অকেজো জমির পরিমাণ রয়েছে প্রায় ৬২ একর। সূত্র জানায়, বন্দরের এসব জমির মধ্যে কী পরিমাণ জমি অবৈধ দখলে আছে তা চিহ্নিত করে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।