
সান ফ্রান্সিসকো নগর গৃহহীন মানুষের রাজধানী বলে পরিচিত। ২০১৩ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ নগরে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের ঘর নেই। আর তাদের কথা মাথায় রেখে ডোনিস স্যানডোভাল নামের এক নারী সেখানে ভ্রাম্যমাণ গোসলখানা চালুর পরিকল্পনা করেছেন।
ভ্রাম্যমাণ শৌচাগার, গণশৌচাগার ও ভ্রাম্যমাণ দোকানের প্রচলন আগে থেকেই আছে। কিন্তু ভ্রাম্যমাণ গোসলখানাটা আবার কেমন? এ বিষয়ে স্যানডোভালের ভাষ্য, ঘরহীন মানুষের একটা বড় সমস্যা হলো তারা নিয়মিত গোসল করতে পারে না। সান ফ্রান্সিসকোর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী গোসলখানা আছে মাত্র ১৬ থেকে ২০টির মতো। নিঃসন্দেহে এটা অপ্রতুল।
৫১ বছর বয়সী সাবেক বিপণন নির্বাহী স্যানডোভাল বলেন, ‘একদিন সড়কে এক নারীকে খুব অপরিচ্ছন্ন অবস্থায় দেখলাম। তিনি গোসল করতে না পেরে আক্ষেপ করছিলেন। সমাজে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। তারপরও ওই নারীর আক্ষেপ আমাকে নাড়া দিয়ে গেল। তিনি পরিষ্কার হওয়ার সুযোগ চাইছিলেন!’
ওই ঘটনার পরই স্যানডোভালের মাথায় পরিকল্পনাটা আসে। গৃহহীনদের সামনে গোসলখানা হাজির করতে তিনি ‘লাভা মাই’ নামে একটি প্রকল্প চালু করেন। ব্যবহার হচ্ছে না এমন কয়েকটি বাস সংস্কার করে তিনি ভ্রাম্যমাণ গোসলখানা তৈরির সিদ্ধান্ত নেন। প্রকল্পটি সর্বস্তরের মানুষের কাছেই সাধুবাদ পেয়েছে। সানফ্রান্সিসকো শহরের যোগাযোগ সংস্থা একটি বাস দান করেছে এ প্রকল্পের জন্য। ভবিষ্যতে আরও তিনটি বাস দেওয়ার প্রতিশ্রুতিও তারা দিয়েছে। সরকারি ইউটিলিটি কমিশনও আশ্বাস দিয়েছে, ডোনিসের প্রকল্প যদি পানির দাম পরিশোধ করতে রাজি থাকে, তাহলে তারা শহরজুড়ে ছড়িয়ে থাকা পানি সংগ্রহের সংযোগগুলো থেকে পানি নিতে দেবে।
স্যানডোভালের আশা, আগামী মার্চ নাগাদ তাঁর প্রকল্পের প্রথম ভ্রাম্যমাণ বাসটি সড়কে চলতে শুরু করবে। প্রতিটি বাসে থাকবে দুটি করে গোসলখানা। তবে আপাতত তিনি অর্থসংকটে ভুগছেন। প্রকল্পটির প্রথম বছরের বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ডলার। দানের অর্থে পরিচালিত লাভা মাইর হাতে এখনো প্রয়োজনের চেয়ে ৮০ হাজার ডলার কম।