ভ্রাম্যমাণ ডাস্টবিন যন্ত্রণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মেহেদিবাগ সড়কে ন্যাশনাল হাসপাতালের সামনে বসানো হয়েছে ভ্রাম্যমাণ ডাস্টবিন। সরু এ সড়কে ডাস্টবিনটিই দখল করে আছে অর্ধেক অংশ। বাকি অংশে চলাচল করে দুই দিকের যানবাহন। ফলে সড়কের ওই স্থানে যানজট নিত্যসঙ্গী। তার ওপর উপচে পড়া ময়লা-আবর্জনার দুর্গন্ধে পথচারীদের প্রাণ ওষ্ঠাগত। সড়কটি ধরে একটু এগোলে চট্টেশ্বরী মোড়েও রয়েছে আরেকটি ডাস্টবিন। সেটিরও একই অবস্থা।শুধু এ দুটি ডাস্টবিন নয়, নগরের বেশির ভাগ গুরুত্বপূর্ণ সড়কে বসানো চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ ডাস্টবিনগুলো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত আবর্জনা অপসারণের জন্য বসানো এসব ডাস্টবিনেই ময়লা উপচে পড়ে। সরেজমিনে দেখা যায়, নগরের আমতল এলাকায় সড়কের ওপর এ রকম ভ্রাম্যমাণ আরও দুটি ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনের পাশে কৃষ্ণকুমারী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ। ময়লার দুর্গন্ধে সব সময় বন্ধ রাখতে হয় শ্রেণীকক্ষের জানালা। এ ছাড়া পথচারী ও আশপাশের দোকানিদের চলাচল করতে হয় নাকে কাপড় গুঁজে। কখনো কখনো আবর্জনা ছড়িয়ে পড়ে সড়কের আশপাশের বেশির ভাগ অংশে। কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান, সিসিসি কর্মকর্তারা বারবার এসে দেখে গেছেন। কিন্তু জায়গা না থাকায় ডাস্টবিনটি এখনই সরানো সম্ভব হচ্ছে না। নগরের জুবিলি সড়কের বাসিন্দা সালাউদ্দিন আহমদ বলেন, শহরের মূল সড়কের ওপর এভাবে ডাস্টবিন বসানোর মানে কী? রাস্তাজুড়ে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ওই পথ দিয়ে গেলে দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়। শিশুদের নিয়ে ওই পথ দিয়ে চলাচল করা যায় না। বছরের পর বছর এই অবস্থা চলছে। যেন দেখার কেউ নেই। নগরের সিরাজদ্দৌলা সড়কে দেখা যায়, দিদার মার্কেট এলাকায় বসানো ভ্রাম্যমাণ ডাস্টবিনটিরও বেহাল অবস্থা। উপচে পড়া আবর্জনা ঘাঁটাঘাঁটি করছে কিছু পথশিশু। ফলে ডাস্টবিন উপচে আবর্জনা পড়ছে সড়কের ওপর। ওই এলাকার বাসিন্দা ইরফানুল ইসলাম জানান, সারা দিন বিভিন্ন এলাকা থেকে ভ্যানগাড়িতে করে আবর্জনা এনে এখানে ফেলা হয়। কাক উড়তে থাকে। মনে হয় যেন ভাগাড়। হাঁটাচলা করতে খুব কষ্ট হয়।এ ব্যাপারে দেওয়ান বাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ বলেন, ‘ভ্রাম্যমাণ ডাস্টবিন রাখার জন্য তো একটা জায়গা লাগবে। সাব-এরিয়া এলাকায় সম্প্রসারিত সেতুর ওপর একটি ডাস্টবিন রাখতে গেলে স্থানীয় লোকজন আপত্তি জানিয়েছে। কোথাও জায়গা না পেলে ডাস্টবিন বসাব কোথায়?’এদিকে ভ্রাম্যমাণ ডাস্টবিন ছাড়াও নগরের বিভিন্ন এলাকায় কিছু অনির্ধারিত স্থানে নিয়মিত আবর্জনা ফেলতে দেখা যায়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে, প্যারেড মাঠের এক প্রান্তে, শেখ মুজিব সড়কের আগ্রাবাদ কমিউনিটি সেন্টারের সামনেসহ বিভিন্ন স্থানে খোলা জায়গায় আবর্জনা ফেলা হয়।এভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা রোগের জীবাণু ছড়ায় জানিয়ে নগরের সেন্টার পয়েন্ট হাসপাতালের চিকিৎসক পুষ্পল দত্ত জানান, ছড়িয়ে থাকা আবর্জনা থেকে টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, জন্ডিস ও শ্বাসকষ্ট হতে পারে। পাশাপাশি আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধ বায়ুদূষণের অন্যতম কারণ।সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে ভ্রাম্যমাণ ডাস্টবিনের সংখ্যা ৯২টি। দ্রুত আবর্জনা অপসারণের জন্য বিভিন্ন সড়কে এসব ডাস্টবিন বসানো হয়েছে। এ ব্যাপারে সিসিসির প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বলেন, ‘সড়কের ওপরের ডাস্টবিনের জন্য যানজট হলেও আমাদের কী করার আছে? কারণ, ডাস্টবিন বসানোর জায়গা নেই। তা ছাড়া দিনে দুবেলা এসব ডাস্টবিন পরিষ্কার করা হয়। কিন্তু অনেকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলেন না। এ কারণে কিছু আবর্জনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত স্থানে আবর্জনা ফেললে তা সরিয়ে নেওয়া সহজসাধ্য হয়।’