ভয় পায়নি নিউ ইয়র্ক
নিউইয়র্ককে বলা হতো ‘দ্য সিটি দ্যাট নেভার স্লিপস’—যে নগরে কখনো ঘুমায় না। টু্ইন টাওয়ার-উত্তর বিশ্বে হয়তো এ-ও বলা যেতে পারে: যে নগরের বুকে ভয় নেই। ১ মের গাড়িবোমা ঘটনা তা-ই প্রমাণ করেছে আবার। টাইমস স্কয়ারে সম্ভাব্য গাড়িবোমার খবর পেয়েই ঘুম হারাম হয়ে গিয়েছিল নিউইয়র্কের বাসিন্দা ৩০ বছর বয়সী লরেন স্টার্নবার্গের। ঘর থেকে না বেরিয়ে ভোররাত পর্যন্ত বন্ধু জ্যাকির সঙ্গে মোবাইল এসএমএস বিনিময় করতে থাকেন তিনি। ‘ঘটনাটা আসলে কী?’ ‘নতুন খবর কিছু জানো?’ ‘গাড়িবোমা?’ এই ছিল তাঁদের মধ্যে রাতভর কথোপকথনের নমুনা।লরেনের মতো নিউইয়র্কের অনেক বাসিন্দার মনেই ১ মে উঁকি দেয় ২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ভয়াবহ স্মৃতি। লরেন বলেন, ‘টাইমস স্কয়ারে গাড়িবোমা পাওয়া গেছে—এমন খবর শুনে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। ভয়ে আমার গা কাঁপছিল।’ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার সময়ও নিউইয়র্কে ছিলেন লরেন। গাড়িবোমা পাওয়ার খবরে সে জন্যই একটু বেশিই আতঙ্কিত হন তিনি। তবে নিউইয়র্কের সবার প্রতিক্রিয়া লরেনের মতো ছিল না। রুখে দাঁড়ানোর মনোভাব দেখিয়েছে অনেকেই। এর একটা বড় অংশ ছিল শিশুরা। ব্রডওয়ে বরাবর দৈত্যাকার বিজ্ঞাপনী পর্দাগুলোর দিকে তাকিয়ে ঠিকই তারিয়ে তারিয়ে আইসক্রিম চুষেছে তারা। পুলিশের তৎপরতায় সচকিত হলেও ছবি তুলতে ভুলে যাননি গোটা দুনিয়া থেকে আজব এ নগরে আসা পর্যটকেরা। গাড়িবোমার খবরে হোঁচট খেলেও দ্রুতই সামলে নেন এমন একজন হলেন জশ আইসেনবার্গ (২৮)। তিনি ব্রুকলিনের অভিনেতা। আইসেনবার্গ বলেন, ‘থেমে গেলে তো চলবে না। এটা একটু ভয় ধরিয়ে দেওয়ার মতো ব্যাপারই বটে। কিন্তু আমার এখানে আসা কেউ ঠেকাতে পারবে না।’লুসিল স্কট উত্তর নিউইয়র্কের ওয়েস্টচেস্টারে শিক্ষকতা করেন। নাতির সঙ্গে বেড়াতে বের হওয়া এ মহিলাও একটু ঘাবড়ানোর কথা স্বীকার করেন। কিন্তু নিজেকে গুটিয়ে নিতে রাজি নন। লুসিল বলেন, ‘আমরা মার্কিন নাগরিকেরা ভীতসন্ত্রস্ত হতে পারি না। আমরা আমাদের মতোই জীবন যাপন করব। তবে এটা ঠিক, সব সময় সতর্ক থাকতে হবে।’