কানাডিয়ান-আমেরিকান অভিনেতা, কমেডিয়ান ও প্রযোজক। জিম বিখ্যাত তাঁর প্রাণোচ্ছল ও কৌতুকপূর্ণ মুখভঙ্গিমার জন্য। তাঁর ঝুলিতে আছে দুটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তাঁর বিখ্যাত সিনেমার মধ্যে আছে এইসভেঞ্চুরা: পেটডিটেকটিভ, দ্যমাস্ক, এইসভেঞ্চুরা: হোয়েনন্যাচারকলস, ডাম্বঅ্যান্ডডাম্বার।

২০১৪ সালের সমাবর্তনকারী শিক্ষার্থীরা, আজকে আমি এখানে এমন এক অনুপ্রেরণার বীজ বপন করতে চাই, যেটি আপনাদের জীবনের পথে উদ্দীপিত করবে এবং পরিপূর্ণতার ধারণা দেবে।
জীবন আপনাদের কাছে নয়, আপনাদের হয়েই ধরা দেবে। প্রশ্ন করতে পারেন, কীভাবে আমি তা জানি? আসলে আমি জানি না, আমি শুধু আপনাদের অনুপ্রাণিত করছি। আজ এটাই আমার কাজ এবং আমি মনে করি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একে অন্যকে মনে করিয়ে দেওয়া যে আমরা এখানে আছি এবং আমরা সবাই বৃহত্তর কোনো সত্তার অংশ।
আমি বিশ্বাস করি, আমাকে চামড়ার আবরণে এই শরীর নামের যানটি দেওয়া হয়েছে সৃষ্টিকে দেখার জন্য। আমি বিশ্বাস করি, এই যানের বাইরে যা কিছু আছে, সবকিছুই আমার সঙ্গে সম্পর্কিত—আমারই কোনো অংশ।
আজ এখানে আপনাদের এই স্মরণীয় মুহূর্তের সঙ্গী হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি সেসব অসাধারণ মা-বাবাকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের অক্লান্ত ধৈর্য, ভালোবাসা, সহযোগিতা ও মনোযোগের ফলে তাঁদের সন্তানেরা আজ এখানে উপস্থিত। ধন্যবাদ আপনাদের, কী অসাধারণ একটি কাজ আপনারা করেছেন!
২০১৭ সালের সমাবর্তন ব্যাচ, বিয়োগ ৩ (হাসি), তোমাদের অভিনন্দন! নিজেদের জন্য তোমরা করতালি দাও। তোমরা এখন জ্ঞান ও চেতনার শিক্ষায় দীক্ষিত, তোমাদের সামনে আছে সম্ভাবনার সীমাহীন মহাসাগর। এই কক্ষের দরজার বাইরে ক্ষুধার্ত পৃথিবী তোমাদের নেতৃত্ব ও নতুনত্বের অপেক্ষা করছে।
ভয়কে জয় করতে পারা তোমাদের জীবনের অন্যতম একটি নিয়ামক হয়ে দাঁড়াবে, এটাই নির্ধারণ করে দিবে—জীবনে তুমি কী পাবে, কতটুকু পাবে। তুমি সারা জীবন মনের মধ্যে ভয় নিয়ে বেঁচে থাকতে পারো, ভবিষ্যতের কাল্পনিক ভূতের ভয়ে ভীত হতে পারো। কিন্তু জেনে রাখো, ভবিষ্যতে তা-ই হবে, যার সিদ্ধান্ত তুমি আজকে, এখন নিচ্ছ। এ সিদ্ধান্ত তুমি ভয়ের মধ্য দিয়ে নিতে পারো অথবা ভালোবাসাকে প্রেরণা করে নিতে পারো।
আমাদের মধ্যে অনেকেই আছে, যারা বাস্তবতার অলীক ভয়ে ভীত হয়ে নিজের জন্য সঠিক পথটি বেছে নিতে পারে না। তারা মনে করে, যা অবাস্তব, তা-ই অসম্ভব এবং সেটা প্রত্যাশা করাটা পাগলামি। তাই তারা কখনো পৃথিবীর কাছে অবাস্তব কিছু প্রার্থনা করে না। কিন্তু আমি তোমাদের বলছি, প্লিজ, তোমরা সেটা চাও। তুমি যা চাও, সেটাই পৃথিবী তোমাকে দেবে—আমিই এর প্রমাণ। যদি কখনো এমন হয় যে তুমি যা চেয়েছ, তা পাওনি—তাহলে ধরে নেবে পৃথিবী আমার ইচ্ছা পূরণে ব্যস্ত। বিশ্বাস করো, সেটা অনেক বড়।
আমার বাবা একজন অসাধারণ কমেডিয়ান হতে পারতেন। কিন্তু তিনি কখনো বিশ্বাস করেননি যে তাঁকে দিয়ে সেটা সম্ভব। তাই তিনি একটি রক্ষণশীল সিদ্ধান্ত নিয়েছিলেন, অ্যাকাউন্ট্যান্টের নিরাপদ একটি চাকরি। আমার বয়স যখন ১২, তাঁকে তাঁর সেই নিরাপদ চাকরি থেকে বহিষ্কার করা হলো এবং বেঁচে থাকার কঠিন সংগ্রামে আমার পরিবারকে নামতে হলো।
জীবনের অনেক বড় বড় শিক্ষা আমি বাবার কাছ থেকে পেয়েছি। এর একটি হলো তুমি যা চাও না, সেটা করে ব্যর্থ হওয়ার চেয়ে, যা চাও, তা করে ব্যর্থ হওয়াটা উত্তম। আমি বাবার অভিনয় আর ভালোবাসা দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার কাছে এটাই ছিল পুরো পৃথিবী। তখন থেকেই আমি ভাবতাম, বড় হয়ে আমি এ কাজটিই করব।
খুব ছোটবেলা থেকেই আমি অভিনয় শুরু করি। যখন আমাদের বাসায় কোনো অতিথি আসত, তারা অবাক হয়ে দেখত সাত বছরের একটি ছেলে হঠাৎ সিঁড়ির অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছে। তারা জিজ্ঞাসা করত, কী হয়েছে? আমি বলতাম, আমি জানি না। চলো, আবার দেখি কী হয়েছে। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতাম এবং এবারে আস্তে আস্তে গড়িয়ে পড়তাম। আমাদের বাসাটা ছিল বড়ই অদ্ভুত!
আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতেন। বলতেন, আমি ছোট কেউ নই, আমি পূর্ণ একজন শিল্পী। আমিই ছিলাম তাঁর কমেডিয়ান হওয়ার দ্বিতীয় সুযোগ। আমার বয়স যখন ২৮, প্রফেশনাল কমেডিয়ান হিসেবে এক যুগ পার করার পরে লস অ্যাঞ্জেলেসে এক রাতে আমি বুঝতে পারলাম এটাই ছিল আমার জীবনের উদ্দেশ্য—মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া।
তোমার নিজস্ব কী আছে? কীভাবে তুমি পৃথিবীকে অনুপ্রাণিত করবে? তোমার প্রতিভাকে কীভাবে তুমি ব্যবহার করবে?—এসব প্রশ্নের উত্তর তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি, অপরের ওপর তোমার কাজের যে প্রভাব, সেটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর এ কারণেই আমি মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার পাহাড়সম কাজটি বেছে নিয়েছি।
পৃথিবীতে যা কিছু তুমি অর্জন করেছ, সবই একদিন নষ্ট হয়ে যাবে। থাকবে শুধু সেটুকুই, যা তোমার হৃদয়ে আছে। আমি মাঝেমধ্যে ভাবি, খ্যাতিমান না হলে আমি কী রকম হতাম? কী হতো যদি আমি জীবনের অপ্রিয় সত্যগুলো মানুষকে শোনাতাম কিংবা তাদের প্রত্যাশায় সীমারেখা টেনে দিতাম। পৃথিবীতে সব সময়ই এমন কেউ না কেউ থাকবে যে তোমার চেয়ে এগিয়ে থাকবে। যে তোমার চেয়ে ভালো কাজ করবে। তোমার অহংবোধ তোমাকে স্বস্তি পেতে দেবে না। এটা বারবার তোমাকে তাড়া দেবে, তোমাকে প্ররোচিত করবে পৃথিবীতে নিজের চিহ্ন রেখে যেতে—অমরত্ব অর্জন করতে। কিন্তু সত্যি কথা হচ্ছে, কীভাবে এটা তোমাকে এমন কিছুর জন্য প্ররোচিত করতে পারে, যা তোমার মধ্যেই আছে। আমি তোমাকে বলব, তুমি স্থির হয়ে বসো এবং একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখো।
একদিন আমি আবিষ্কার করলাম, আমার বাসার সামনে একটি নতুন বাইক পার্ক করা আছে। আমার এক বন্ধু আমাকে না জানিয়ে এক র্যাফেল ড্রতে আমার নাম দিয়েছিল, সেখানে আমি এটি জিতেছি। এ রকম ঘটনা আমার জীবনে বারবার ঘটেছে। আমি তাই তোমাদের বলব, তোমরা পৃথিবীকে জানতে দাও তোমরা কী চাও এবং সেটার জন্য কাজ করো। কীভাবে তা তোমার কাছে আসবে, সেটা ভেবে সময় নষ্ট কোরো না। তুমি শুধু তোমার মনের দরজা খোলা রাখো এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। যখন সেই সময় আসবে, তখন আত্মবিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করো। যদি সুযোগ একবার এসে চলে যায়, তাহলে হতাশ হয়ো না। সেটা আবার আসবে। আমি তোমাদের বলেছি, জীবন তোমার কাছে নয়, জীবন তোমার হয়ে ধরা দেবে। সত্যি বলতে আমি নিজেও জানি না, কীভাবে সেটা সম্ভব। আমি শুধু চেষ্টা করছি নিজের চেতনাকে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে করে তোমরা বুঝতে পারো কীভাবে আমি জীবনের চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে ব্যবহার করি। তোমাদের প্রত্যেকের নিজ নিজ স্টাইল আছে, সেই অনুযায়ী কাজ করো। এটাই সবচেয়ে মজার কাজ।
আরেকটি কথা, নিজের বিশ্বাসের ওপরে ভরসা রেখো। তোমরা এখন জীবনের জন্য তৈরি এবং এখান থেকে বের হয়ে অসংখ্য ভালো কাজ তোমরা করবে। তোমরা যা-ই করো না কেন, কেবল দুটো পথই তোমার জন্য খোলা থাকবে—ভালোবাসো অথবা ভয় পাও। ভালোবাসাকে বেছে নিয়ো, কখনো নিজের প্রাণের শক্তিকে ভয় পেতে দিয়ো না।
তোমাদের সামনে কথা বলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ধন্যবাদ।
সূত্র: ২৪ মে, ২০১৪ যুক্তরাষ্ট্রের মহাঋষি ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্টের সমাবর্তন উপলক্ষে দেওয়া জিম ক্যারির বক্তৃতা।
ইংরেজি থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জিত ভাষান্তর: মনীষ দাশ