
আমার নাম টুটুল। তবে বন্ধুরা আমাকে কাঁকড়া নামে ডাকে। কেন ডাকে সেটা আপনাদের বলা যাবে না। এই কাঁকড়া কিন্তু মিলির চুলের কাঁকড়া ব্যান্ড নয়। মিলি হলো পৃথিবীর দুইমাত্র মেয়েমানুষ, যাকে আমি ভয় পাই। আগে অবশ্য একমাত্র আম্মাকে ভয় পেতাম।
অঙ্ক আমার প্রিয় সাবজেক্ট। ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষায় আমি অঙ্কে ৯৮ পেয়েছিলাম। ক্লাস এইটের প্রথম সাময়িক পরীক্ষা এখনো হয়নি। আমার ধারণা, মিলি এবার আমার চেয়ে বেশি পাবে। কারণ, আমি রোল নম্বর হিসাব করে দেখেছি, প্রথম সাময়িক পরীক্ষায় মিলির সিট পড়বে আমার দুই বেঞ্চ পরে। মিলিকে দেখে যে আমি ভয় পাই, সেটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। মিলিকে কেন্দ্র ধরে ১৫ ফুট ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকা হয়, সেটাই হলো মিলির ‘ভয়বৃত্ত’। আমার পরীক্ষার সিট যেহেতু মিলির ভয়বৃত্তের ভেতরে পড়বে, সেহেতু ভয় পেয়ে আমি অঙ্ক পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারব না।
আমাকে অঙ্ক প্রাইভেট পড়ান বদরুল স্যার।
প্রথম দিন পড়াতে এসে স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমাদের বাসায় কে কে আছে?’
আমি বলেছি, ‘আমি, বাবা-মা আর আমার বড় আপু।’
আমি মিথ্যা বলেছি, আমার কোনো বড় বোন নেই। বদরুল স্যারের চরিত্রে কিছু সমস্যা আছে। মেয়েরা তার কাছে পড়তে চায় না। আমাদের ক্লাসের ছেলেরা শুধু তার কাছে প্রাইভেট পড়ে। আমার বড় বোন আছে শুনে স্যার আমাকে দেড় ঘণ্টা ধরে পড়ান। অন্য ছেলেদের পড়ান এক ঘণ্টা।
আমার পড়ার ঘরের ডিজাইন আব্বা করেছেন। চেয়ার-টেবিলের বদলে আছে হাই বেঞ্চ আর লো বেঞ্চ। একটা স্কুল-স্কুল ভাব। আজকে বদরুল স্যারের মুড ভালো। আমাকে বললেন:
‘টুটুল, তোমার আপুকে বলো এক কাপ চা দিতে।’
‘আপু তো বাসায় নেই, স্যার।’
‘কোথায় গেছে?’
‘আপু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। বাসার কেউ জানে না, শুধু আমি জানি। আপু আর আমি একদলে। আমরা যা করি, আমাদের দলের সবাই সেটা জানে। আপনাকে যেহেতু বলে ফেলেছি, এখন থেকে আপনিও আমাদের দলে।’
‘তোমাদের দলে থাকার নিয়ম কী?’
‘গোপন কথা দলের সবাইকে বলতে হবে।’
‘আগে তুমি বলো।’
‘আমি একটা নতুন বৃত্ত আবিষ্কার করেছি। সেটা হলো “ভয়বৃত্ত”। সংজ্ঞাটা বলব স্যার?’
‘না, বলতে হবে না। লো বেঞ্চের ওপর দাঁড়াও। দশবার বলো, আমি আর কখনো শিক্ষকদের সাথে উল্টাপাল্টা কথা বলব না।’
‘স্যার, কানে ধরে বলব?’
‘আচ্ছা ধরো।’
‘আব্বাকে ডাকি, স্যার। আমাকে কোনো শিক্ষক শাস্তি দিলে আব্বা খুশি হন।’
‘আচ্ছা ডাকো।’
আমি আব্বাকে ডাকলাম। আমাকে লো বেঞ্চের ওপর কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আব্বা বললেন:
‘উচিত শিক্ষা হয়েছে। বদরুল সাহেব, ভালো কাজ করেছেন।’
‘আব্বা, আপুকে একটা টেলিফোন করে আসতে বলো। নিজের দলের লোক অসময়ে পাশে না থাকলে দল ভারী হয় না। বদরুল স্যার বারবার আপুর কথা জিজ্ঞাসা করছিলেন। উনি মনে হয় আপুকে কিছু বলতে চান।’
বদরুল স্যার অসহায়ভাবে আমার দিকে তাকালেন। তাঁর গালের চামড়া ঝুলে গেছে, চোখ ছোট হয়ে গেছে। তাকে আমি বাবার ভয়বৃত্তের মধ্যে ফেলে দিয়েছি। তবে এই ভয়বৃত্তের পরিধি অনেক বড়। খুব সহজে তিনি এই ‘ভয়বৃত্ত’ থেকে বের হতে পারবেন না।
তানভীর মেহেদী
শান্তিনগর, ঘাটাইল, টাঙ্গাইল।