ভয়াবহ ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনোভাইরাস নিয়ে শঙ্কিত সারা দুনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই প্রজাতির দেখা মিলেছে এই প্রথম। দেশে দেশে বাড়ছে মৃতের সংখ্যাও। ভাইরাসজনিত রোগের কারণে এর আগেও ঘটেছে প্রাণহানি।
হংকং ফ্লু
হংকং ফ্লু

হংকং ফ্লু
এইচ৩এন২ ভাইরাসের প্রভাবে ১৯৬৮ সালে প্রাদুর্ভাব দেখা দেয় হংকং ফ্লুর। হংকংয়ে প্রথম ধরা পড়ায় এই ফ্লুর নাম হয়ে যায় হংকং ফ্লু। তবে দ্রুতই এই ফ্লু ছড়িয়ে পড়ে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এর প্রভাব ছিল মারাত্মক। ১৯৬৮ থেকে ১৯৬৯ সালের মধ্যে এই ফ্লুর কারণে পৃথিবীব্যাপী প্রায় ১০ লাখ মানুষ মারা যায়।

স্প্যানিশ ফ্লু
স্প্যানিশ ফ্লু

স্প্যানিশ ফ্লু
মৃতের সংখ্যার হিসাবে আধুনিক যুগের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হচ্ছে ১৯১৮ সালে ধরা পড়া স্প্যানিশ ফ্লুর প্রাদুর্ভাব। প্রথম মহাযুদ্ধে যেখানে পাঁচ বছরে ১ কোটি ১৬ লাখ মানুষের মৃত্যু হয়, সেখানে স্প্যানিশ ফ্লুতে মাত্র দুই বছরে মারা যায় ২ কোটি মানুষ। স্প্যানিশ ফ্লুর কারণ ছিল এইচ১এন১ ভাইরাস। স্প্যানিশ ফ্লু যখন মহামারিতে রূপ নেয়, তখন বিভিন্ন দেশের গণমাধ্যম সেই সংবাদ প্রচারে বাধা-নিষেধ আরোপ করলেও স্পেনের মিডিয়া ফলাও করে এই ফ্লুর প্রাদুর্ভাবের কথা প্রচার করেছিল। তাই এই মহামারির নাম হয়ে যায় স্প্যানিশ ফ্লু, যদিও এর প্রভাব ছিল পুরো ইউরোপ এবং উত্তর আমেরিকাজুড়েই।

স্প্যানিশ ফ্লু
স্প্যানিশ ফ্লু

জাপানের গুটিবসন্ত
অষ্টম শতাব্দীতে ভ্যারিওলা ভাইরাসের বিস্তৃতির কারণে জাপানে যে গুটিবসন্তের প্রাদুর্ভাব হয়, তাকে ধরা হয় ইতিহাসের প্রথম গুটিবসন্তের মহামারি হিসেবে। বলা হয়ে থাকে, জাপানের মোট জনসংখ্যার ৩৩ থেকে ৬০ শতাংশ সেই মহামারিতে মারা যায়। ৭৩৫ সাল থেকে ৭৩৭ সাল পর্যন্ত চলা ওই মহামারিতে মারা যায় ২০ থেকে ৩৫ লাখ জাপানি, যাদের অধিকাংশই ছিল শিশু।

এশীয় ফ্লু
এশীয় ফ্লু

এশীয় ফ্লু
প্রায় ২০ লাখ মানুষের প্রাণ হন্তারক হিসেবে ১৯৫৭ সালে চীনে আবির্ভূত হয় ভাইরাস এইচ২এন২। প্রাথমিকভাবে এই মহামারি চীন, হংকং ও সিঙ্গাপুরে সীমাবদ্ধ থাকলেও পরে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও হিউম্যান ইনফ্লুয়েঞ্জার একধরনের মিশ্র জাতের স্ট্রেইন থেকে এই ভাইরাসের উদ্ভব বলে জানা যায়। তবে দ্রুতই এই ভাইরাসের টিকা আবিষ্কার ও তা ছড়িয়ে দেওয়া সম্ভব হওয়ায় এক বছরের মাথায় কমে আসে এর প্রাদুর্ভাব।

এইচআইভি এইডস
এইচআইভি এইডস

এইচআইভি এইডস
হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে এইচআইভি। মূলত দুই জাতের লেন্টিভাইরাস, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এইচআইভির সংক্রমণে এইডস রোগ হয়। এইডস রোগাক্রান্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একপর্যায়ে এতটা হ্রাস পায় যে তার শরীর কোনো রোগ বা সংক্রমণের বিরুদ্ধেই প্রতিরোধ গড়তে পারে না, ধুঁকে ধুঁকে মৃত্যুই হয়ে যায় তার একমাত্র পরিণতি। ১৯৬০-এর দশকে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছে এইডস।

সিএনবিসি এবং এমএসএন অবলম্বনে আকিব মো. সাতিল