ভয়াল প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছরের প্রবাসজীবনের অন্য দশটা দিনের মতোই ছিল শুক্রবার দিনটা। স্বামী ইমদাদুল হক রোজকার মতো অফিসে। ১১ বছর বয়সী ছেলে আরিয়ান স্কুলে। দুপুর আড়াইটার মতো বাজে। টোকিও থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সাইতামা সিটিতে এখন অফিস সময়। এই সময়টায় চারদিক মোটামুটি সুনসান। তেমন কিছু করার থাকে না। শিখা ঘোরাঘুরি করছিলেন বাড়ির কাছের ইদা সুপার শপে। কাঁচাবাজার থেকে শুরু করে প্রায় সবকিছু মেলে বাড়ির কাছের এই সুপার শপটায়। কেনাকাটা শেষ করে সুপার শপ থেকে বেরিয়েছেন শিখা। হেঁটে গেলেও এখান থেকে তাঁদের বাসাটা মিনিট সাতেকের রাস্তা। মোটামুটি হেলেদুলেই হাঁটা ধরেছিলেন তিনি। হঠাৎ তাঁর মনে হলো পায়ের নিচের মাটি কাঁপছে। না, মনের ভুল নয়। চলন্ত বাসে দাঁড়ালে যে রকম দুলুনি হয় সে রকম একটা দুলুনি। শিখা চমকে বড় রাস্তার দিকে তাকালেন। তখনই তাঁর মনে হলো খুব বড় একটা গণ্ডগোল হয়ে গেছে। রাস্তার একটা ট্রাফিক সিগন্যালও জ্বলছে না। গাড়িগুলো চলছে এলেমেলোভাবে। শিখা দ্রুত পা চালালেন। বাড়ির কাছের রিসাইক্লিং শপটায় ভিড় জমিয়েছে বেশ কয়েকজন ভিত-সন্ত্রস্ত মানুষ। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত। তাদের কেউ কেউ অপেক্ষা করছিলেন ছেলেমেয়েদের জন্য। ঠিক এই সময়টাতেই ওদের নিয়ে আসে স্কুলবাস। শিখা বাসার দিকে ছুটলেন দ্রুত। ফোন করলেন স্কুলে। বেশ কয়েকবার চেষ্টা করলেন। সংযোগ মিলল না। হন্তদন্ত হয়ে টিভি চালু করতে গেলেন শিখা। এবং তখনই তাঁর মনে হলো বিদ্যুৎ নেই। ইমদাদুল হক একটি আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। টোকিওতে অফিস। তাঁকেও ফোনে পাওয়া গেল না। রাজ্যের উৎকণ্ঠা নিয়ে শিখা আবার পড়িমরি চলে এলেন নিচে। পাশের বাড়ির এক মহিলা ততক্ষণে তাঁর গাড়ির রেডিওটা চালু করতে পেরেছেন। শিখা এবং তাঁর প্রতিবেশীদের বুঝতে বাকি থাকল না ভয়াবহ এক ভূমিকম্প বয়ে গেছে জাপানের ওপর দিয়ে। রেডিওতে একটু পরপর প্রচারিত হচ্ছে সতর্কবার্তা। আবারও যেকোনো সময় আঘাত হানতে পারে ভূমিকম্প। শিখার উদ্বেগ খানিকটা কমল বেশ খানিকক্ষণ পর। তখনকার মতো ভূমিকম্প থেমে গেছে। ফোনের ওপাশে পাওয়া গেল স্বামী ইমদাদুল হককে। তোমরা ভালো আছো? আমরা নিরাপদে নেমে এসেছি। আমাদের এদিকের বিল্ডিংগুলো প্রচণ্ডভাবে দুলছে—এটুকুই শুধু বলতে পারলেন তিনি। আবার বিচ্ছিন্ন হয়ে গেল টেলিফোন-সংযোগ। বেশ খানিক পর প্রতিবেশী মহিলার গাড়িতে নিরাপদেই ঘরে ফিরল ছেলে আরিয়ান। কিন্তু শিখার উদ্বেগ কমল না। কারণ তখনো বাড়ি ফেরেননি স্বামী। এদিকে অফিস থেকে বেরিয়ে ইমদাদুল হক সবার আগে ছুটেছেন টোকিও রেলস্টেশনের দিকে। কিন্তু ট্রেন আসার কোনো নাম-গন্ধ নেই। উপায়ান্তর না দেখে বাড়ির পথে হাঁটা শুরু করলেন ইমদাদুল হক। নয়-দশ কিলোমিটার হেঁটে আসার পর আর চলতে চাইল না শরীর। খিদেয় পেট চোঁ চোঁ করছে। ইমদাদুল হক হন্যে হয়ে একটি রেস্টুরেন্টে ঢুকলেন। কিন্তু কপাল মন্দ। গ্যাস নেই। উনুনে হাঁড়ি চড়েনি সেখানেও। পা আর চলতে চাইছে না। অনেক খুঁজে পেতে আগুন দরে একটা সাইকেল কিনলেন। সৌভাগ্যবশত আরও এক দফা মোবাইল ফোন-সংযোগ পাওয়া গেল। শিখাকে শুধু জানাতে পারলেন তিনি রওনা দিয়েছেন সাইকেলে চেপে। তারপর আবার কেটে গেল ফোন লাইন। রাত ১০টার মতো বাজে তখন। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁয়েছে। স্বামী বাড়ি ফেরেননি। বাইরে প্রচণ্ড শীতে কাবু সাইতামা সিটি। ফোন বাজছে কিন্তু ওপাশে কেউ ধরছে না। ভয়ে-আতঙ্কে সব ওলটপালট মনে হচ্ছে শিখার। মানুষটার হার্টে রিং পরানো হয়েছে খুব বেশিদিন হয়নি। অমঙ্গলের আশঙ্কায় বুক কাঁপতে শুরু করল তাঁর। ভয় কাটাতে শিখা বাংলাদেশে ভাই মনজুরকে ফোন করলেন। মনজুর হাজার মাইল দূর থেকে অভয় দিলেন বোনকে। রাত সাড়ে ১২টার দিকে ইমদাদুল হক নিজেই ফোন করলেন স্ত্রীকে। সাইকেল চালাচ্ছিলেন, তাই ফোনকল টের পাননি। রাত দুইটার দিকে অশ্রু আর কান্নাভেজা জাপানে একটি ছোটখাটো মধুর ঘটনা ঘটল। প্রায় ৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ইমদাদুল হক এসে পৌঁছালেন তাঁর প্রিয়তম স্ত্রী-পুত্রের কাছে। ঠান্ডায় কাঁপছেন। কথা বলার শক্তি নেই। হাত দুটো ফুলে লাল হয়ে উঠেছে। তবুও তো নিরাপদে ঘরে ফেরা... বাংলাদেশ থেকে জাপান। গত রোববার দুপুরে নিশাত সুলতানা (ডাকনাম শিখা) যখন ফোনে ভয়াল সেদিনের কথা বলছিলেন তখন অবশ্য বোঝার উপায় নেই দুদিন আগেও এত বড় একটা ঝড় বয়ে গেছে তাঁর জীবনের ওপর দিয়ে। ফোন ধরেই জানালেন, আপাতত নিরাপদেই আছেন তাঁরা। তবে তাই বলে বিপদ পুরোপুরি কেটে গেছে এমন ভাবা যাচ্ছে না। একটু পরপরই ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে তেজস্ত্রিয়তার ভয়। বাসায় একটা ব্যাগ তাই মোটামুটি গুছিয়েই রেখেছেন শিখা। সেখানে রাখা হয়েছে কাজ চালানোর মতো পানি আর শুকনো খাবার। আবার কোন সময় ঘনিয়ে আসে বিপদ...