ভয়াল রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর ফারুকের বয়স ৬০ পেরিয়েছে। দিনমজুর মানুষ, সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করেন। সূর্য ডুবলেই দুই-চার লোকমা ভাত মুখে দিয়ে বিছানায় গা এলিয়ে দেন। সারা রাত আর খবর থাকে না।কিন্তু আজ শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ওমর ফারুকের, মনে হলো বাড়ির সঙ্গে লাগোয়া বনে তুফান শুরু হয়ে গেছে। কান খাড়া করে রইলেন ফারুক। তুফানটা যেন বাড়ির দিকেই ছুটে আসছে। হঠাৎ নিজেদের বেড়ার ঘরটা দুলে উঠল। ততক্ষণে জেগে গেছেন ওমর ফারুকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৫), কোলে তাঁর এক বছর বয়সী মিজান। বিছানায় উঠে বসেছেন বড় ছেলে নজরুল ইসলাম (২৬) ও হাবিবা আখতার (১৮)। সবাই চিৎকার-চেঁচামেচি করছেন। ছেনুয়ারা স্বামীকে উদ্দেশ করে বলছেন, মনে হয় ভূত আসছে, সবাই দোয়াদরুদ পড়ো। এবার হাবিবার কণ্ঠ শোনা গেল, বাবা, বড় ভাইকে মনে হয় ডাকাতেরা মারছে। চেরাগ নিয়ে দরজা খুলে ঘর থেকে বের হলেন হাবিবা, এরপর তাঁর আর কোনো জবাব পাওয়া গেল না। এরই মধ্যে ঘরটা মটমট করে ভেঙে পড়ল মাথার ওপর। ঘুরে ঘুরে হেঁটে বাড়িটাকে পিষ্ট করছে অতিকায় এক প্রাণী। ওমর ফারুক বুঝে গেছেন, তারা মউর খপ্পরে পড়েছেন। কিন্তু ততক্ষণে হাতির পায়ের আঘাতে কোমর ভেঙে গেছে তাঁর। এর পরও তিনি সবাইকে চুপ থাকতে বললেন। বললেন আল্লাহকে ডাকার জন্য। কিন্তু স্ত্রী ছেনুয়ারা, দুই ছেলে মিনহাজ ও শহীদুল ইসলামের আর্তচিৎকারে কেঁপে উঠছে নিঝুম পাহাড়। ছেনুয়ারার একটা পা ভেঙে ঝুলে আছে। কোলের এক বছর বয়সী ছেলেটার কোমরও বাঁকা হয়ে গেছে। আহত মানুষগুলো ভাঙা বেড়া আর চালার নিচে আটকে আছে। তার ওপর দাবড়ে বেড়াচ্ছে হাতি। আনুমানিক ১০ মিনিট পর হাতিটা নেমে গেল ঘরের চাল থেকে। এই ফাঁকে বেড়া কেটে বের হলেন অক্ষত নজরুল। বোন হাবিবার কী পরিণতি হয়েছে, তা দেখতে উঠানের দিকে চোখ ফেরালেন। দৃশ্যটা দেখে হিমশীতল স্রোত নেমে গেল নজরুলের শিরদাঁড়া দিয়ে। চাঁদের আবছা আলোয় দেখেন, হাবিবার নিথর দেহ পড়ে আছে উঠানে, সামনে দাঁড়িয়ে আছে বিশাল হাতিটা। নজরুল আর দেরি করলেন না। এক দৌড়ে পাশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠে গেলেন। গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলেন।আশপাশের লোকজন ততক্ষণে মশাল, দা, লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এসেছেন। ছুটে এলেন পাশের কার্যালয়ের বন কর্মকর্তারাও। পরিস্থিতি বুঝে হাতিটা ধীর পায়ে ঢুকে গেল পাশের বনে।২০০৭ সালের ২৪ আগস্ট এ ঘটনা ঘটেছিল লোহাগাড়ার চুনতী অভয়ারণ্যের বনপুকুর এলাকায়।সম্প্রতি ওমর ফারুকের সেই বাড়িতে গিয়েছিলাম আমরা। তখনকার এক বছর বয়সী ছেলে মিজান এখন কথা বলতে পারে, কিন্তু ভালো করে হাঁটতে পারে না। একটা পা বেঁকে গেছে তার। তোমার কী হয়েছে? প্রশ্ন করলে মিজান বলে, ‘আমাকে মউ (হাতি) মেরেছে।’