দেশের একটি পোশাক কারখানায় একবার স্বাস্থ্য পরীক্ষায় এক নারী কর্মীর অসুস্থতা শনাক্ত হয়। সময়মতো চিকিৎসা না হলে তা জটিলতার দিকে যেতে পারে বলে জানান চিকিৎসক। কারখানা কর্তৃপক্ষ অসুস্থতা নিয়ে ওই কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু না জানানোর আকুতি জানান। কারণ জানতে চাইলে ওই নারী কর্মী বলেন, অসুস্থ জানলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করবে। স্বামী বিবাহবিচ্ছেদ চাইবে।
একদিকে স্বল্প আয়ের কারণে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে না পারা, অন্যদিকে অসুস্থ হলে পরিবারের সমর্থন না পাওয়ার আশঙ্কায় তৈরি পোশাক কারখানার অনেক নারী কর্মী অসুস্থতা পুষে রাখেন। ফলে প্রজননস্বাস্থ্য, মাতৃত্বকালীন স্বাস্থ্যসহ নানা ধরনের অসুস্থতায় সুরক্ষা পাওয়া থেকে তাঁরা বঞ্চিত হন। তাই কারখানার ভেতরে ও বাইরে নারী কর্মীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন এসএনভি-প্রথম আলো আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভার বক্তারা। এ জন্য স্বাস্থ্যবিমা ও হেলথ কার্ড করার জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন বক্তারা।
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় পরিচালিত এসএনভি বাংলাদেশের ওয়ার্কিং উইথ ওমেন প্রকল্প-২ এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘পোশাক খাতে প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামের ছয় পর্বের আলোচনা সভার পঞ্চম পর্বটি অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। এর আগে গত ২৫ নভেম্বর চতুর্থ পর্ব, ১১ নভেম্বর তৃতীয় পর্ব, ২১ অক্টোবর দ্বিতীয় পর্ব এবং ৮ অক্টোবর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে যে নারীর কথা উল্লেখ করা হয়েছে, তিনি পোশাক কারখানা অকোটেক্স গ্রুপের একজন কর্মী। সভায় ঘটনাটি তুলে ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান জানান, তাঁর কারখানার ভেতরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ক্লিনিক রয়েছে। চিকিৎসক রয়েছেন। সবাই মিলে শেষ পর্যন্ত ওই নারী কর্মীর চিকিৎসার ব্যাপারে তাঁর স্বামী ও শাশুড়িকে সচেতন করতে পেরেছিলেন। তিনি বলেন, নারী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কারখানা, পরিবার, সরকারি-বেসরকারি সংস্থাসহ প্রতিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) মতিউর রহমান বলেন, কারখানার ভেতরে-বাইরে প্রজননস্বাস্থ্য সুরক্ষায় সমান ব্যবস্থা না থাকলে নারী কর্মীরা উপকৃত হবেন না। প্রসবকালীন গ্রামে চলে যাওয়া নারী কর্মী স্থানীয়ভাবে কী সেবা পেতে পারেন, সে সম্পর্কে কারখানা থেকে একটি নির্দেশনা দেওয়া যেতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া কর্মীকে প্রয়োজনে নির্ধারিত মাতৃত্বকালীন ছুটির বাইরেও কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে পারে।
কর্মীরা যেন যথাযথ প্রতিষ্ঠানে বিমার জন্য সঞ্চয় করতে পারেন, কষ্টের আয় নিজের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে ব্যয় করতে পারেন, সম্মিলিতভাবে সেই উদ্যোগ নিতে হবে বলে মনে করেন মতিউর রহমান। তিনি বলেন, একই কারখানায় একাধিক উন্নয়ন সংস্থা বা বেসরকারি সংগঠন (এনজিও) সচেতনতামূলক কাজ না করে বেশিসংখ্যক কারখানাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে। কারখানাগুলোতে ৩৫ ধরনের পদ থাকলেও ১২ থেকে ১৫টি পদে নারী কাজ করেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী অপারেটর পদে। উচ্চ পদে নিয়োগ দেওয়াসহ যথাযথ সম্মান ও সুযোগ দিলে নারী কর্মীরা প্রজননস্বাস্থ্য সুরক্ষায় ক্ষমতায়িত হতে পারবেন।
পোশাক কারখানার কর্মীদের চিকিৎসাসেবা দেয় খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. বখতিয়ার জানান, হাসপাতালে বেশির ভাগ নারী কর্মী গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিতে আসেন। এ ছাড়া দীর্ঘ সময় কাজ করার কারণে নারী কর্মীদের মধ্যে ব্যথাযুক্ত মাসিক, গর্ভকালীন জটিলতা, গর্ভপাত, পেটে তীব্র ব্যথা, বন্ধ্যাত্ব, ঘন ঘন প্রস্রাব ও ত্বকের সমস্যার প্রবণতা দেখা যায়। তিনি বলেন, স্বাস্থ্যসচেতন কারখানাগুলোর অনেক কর্মী কারখানার বাইরে ততটা সচেতন নন। করোনাকালে চিকিৎসা নিতে আসা অনেক কর্মী মাস্ক পরেও আসেন না, সঙ্গে পরিবারের একাধিক সদস্যকে নিয়ে এসে ভিড় বাড়ান। কারখানা থেকে চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থ যেন কর্মীরা ঠিকভাবে ব্যয় করেন, সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। কর্মীদের স্বাস্থ্যসেবাকে বিমার আওতায় আনা হলে চিকিৎসার অর্থ অন্য জায়গায় অপচয় হবে না।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিমা বা হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার বিষয়টি টেকসই করতে সরকার, মালিক, ক্রেতা ও শ্রমিকদের আয়ের একটি অংশ দিয়ে অবদান রাখতে হবে। এতে শ্রমিকদের সম্মতি আছে। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় শ্রমিকেরা বেতনের একটি অংশ দিতে চান। তাঁর মতে, আগে থেকে ব্যবস্থা থাকলে শ্রমিকেরা গুরুতর অসুস্থ হবেন না। এখন ছুটির দিনে নির্ধারিত ক্লিনিকগুলোতে শ্রমিকদের ভিড় লেগেই থাকে। অনেক কারখানায় শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেই। মাতৃত্বকালীন ভাতা আদায় করতে মামলা করার মতো ঘটনাও রয়েছে। কর্মক্ষেত্রের বাইরে শ্রমিকের জীবনমান উন্নয়ন, খাদ্য-পুষ্টি-প্রজননস্বাস্থ্যের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। তিনি পোশাক কারখানাকে অগ্রাধিকার দিয়ে শিল্পাঞ্চলভিত্তিক স্বাস্থ্যসেবা চালুর সুপারিশ করেন।
অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মানবিক বোধ থেকেই নারী কর্মীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। কর্মীর স্বাস্থ্য ভালো থাকার সঙ্গে কারখানায় ভালো উৎপাদন জড়িত, এটাই বাস্তবতা। তিনি জানান, তাঁর কারখানায় কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় যে ক্লিনিক করা হয়েছে, সেটিতে আলট্রাসনোগ্রাম, ইজিসিসহ ১৩২ রকমের পরীক্ষা করা হয়। সার্বক্ষণিক তিনজন চিকিৎসক থাকেন। স্বাস্থ্যসচেতনতামূলক প্রশিক্ষণের পর কর্মীদের মধ্য থেকে ৮০ জনের একটি পিয়ার গ্রুপ করা হয়েছে, যাঁরা এখন অন্য কর্মীদের সচেতন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।