স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির ১৯টি ইউনিয়নে আওয়ামী লীগ ও ২৭টিতে বিএনপি প্রার্থী দিতে পারেনি। সে কারণে স্থগিত হয়েছিল সে দফার নির্বাচন। গত ২৮ এপ্রিল নতুন করে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর দল দুটির নেতা-কর্মীরা বলছেন, আতঙ্ক, ভয়ভীতির পরিবেশ কাটেনি।
তবে তৃতীয় ধাপের চেয়ে ষষ্ঠ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেড়েছে। আর বিএনপির আগের প্রার্থীরাই নির্বাচন করবেন। আঞ্চলিক রাজনৈতিক দলের পাশাপাশি সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচনে জোর খাটানোর অভিযোগ বিএনপির নেতা–কর্মীদের।
গত বৃহস্পতিবার ২৮ এপ্রিল নির্বাচন কমিশন ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী নির্বাচন হবে ৪ জুন। নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ ও ১২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ, বাছাই ও নির্বাচন হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় ৪৯টি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে গত ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ ১৯টি ও বিএনপি ২৭টি ইউপিতে প্রার্থী দিতে না পারায় নির্বাচন স্থগিত হয় মার্চ মাসেই। গত ২৯ মার্চ নির্বাচন কমিশন রাঙামাটি জেলার ইউপি নির্বাচন তৃতীয় ধাপের পরিবর্তে ষষ্ঠ ধাপের তফসিলে অন্তর্ভুক্তির আদেশ জারি করে।
এর আগে গত ২৮ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সময় আওয়ামী লীগ আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র তৎপরতা ও হুমকি এবং বিএনপি বৈরী রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছিল।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমাদের প্রার্থীদের এখনো হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অবশ্য বাঘাইছড়ি উপজেলার দুটি এবং জুরাছড়ি উপজেলার একটি বাদে অন্য ৪৬টি ইউনিয়নে প্রার্থী পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত অবস্থা কী দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না। আশা করি প্রশাসন এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘পরিস্থিতি উন্নতি না হয়ে অবনতি হয়েছে। কারণ, সরকারি দলের দাপট আরও বেড়েছে। আমাদের প্রার্থীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। বিএনপির আগের (তৃতীয় ধাপ) প্রার্থীরা ছাড়া আর নতুন কোনো প্রার্থী নাই।’