মংজু মারমার অন্য রকম ভালোবাসা
‘বান্দরবান শহরে দেখেছি সব শিক্ষার্থী একই পোশাক পরে বিদ্যালয়ে যায়। দেখতে সুন্দর লাগে। এখন আমরাও সবাই একই পোশাক পরে বিদ্যালয়ে যাচ্ছি। এজন্য খুব আনন্দ লাগছে।’ নতুন পোশাক পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করল পঞ্চম শ্রেণীর ছাত্রী ডনিপ্রু মারমা। মংজুপাড়ার হ্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের পোশাক (ইউনিফরম) পেয়ে সবাই ডনিপ্রুর মতো খুশি। পাড়ার বিদ্যানুরাগী মংজু মারমা তাদের এ পোশাক দিয়েছেন। ইউনিফরম দেওয়ার পর বিদ্যালয়ে উপস্থিতির হারও বেড়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এ বিদ্যালয়ে আগে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম ছিল। শিক্ষকস্বল্পতা ও কর্তব্যে অবহেলা, অভিভাবকদের দারিদ্র্য ও সচেতনতার অভাবে কমে গিয়েছিল শিক্ষার্থীদের উপস্থিতি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যজাইহ্লা মারমা বলেন, ‘মংজু মারমা ইউনিফরম দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বর্তমানে শিক্ষকস্বল্পতা সত্ত্বেও বিদ্যালয়ে প্রায় সময় শতভাগ ছাত্রছাত্রী উপস্থিত থাকে।’ মংজু মারমা বলেন, পাড়ার বেশির ভাগ মানুষ হতদরিদ্র। তাঁদের অনেকের ভালো পোশাক কিনে দেওয়ার টাকা না থাকায় সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করেন। আবার ছেলেমেয়েরাও ভালো পোশাক না থাকায় বিদ্যালয়ে যেতে আগ্রহী হয়ে ওঠে না। মংজু বলেন, ‘বিষয়টি আমি অনেকদিন ধরে উপলব্ধি করেছি। পরে শিশুদের পোশাক কিনে দেওয়ার সিদ্ধান্ত নিই। এখন ছেলেমেয়েরা সবাই বিদ্যালয়ে যায়। কিন্তু সমস্যা হয়েছে পর্যাপ্ত শিক্ষক নেই।’ ৮৫ শিক্ষার্থীকে পোশাক দিতে মাত্র ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে মংজু মারমা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়ুয়া বলেন, ‘বিদ্যালয়ে তিনজন শিক্ষক থাকলেও একজন শিক্ষক প্রেষণে থাকায় নতুন শিক্ষকও নিয়োগ দেওয়া যাচ্ছে না। তবে মংজু মারমা ইউনিফরম দেওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।’বান্দরবান সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা যে উচ্ছ্বাস নিয়ে বিদ্যালয়ে আসছে, তা না দেখলে বিশ্বাস করা যাবে না।’