২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাঁর স্মৃতি-বিজড়িত মংপু নিয়েই এই আয়োজনহিমালয়ের পাদদেশে সুউচ্চ পাহাড়ের ওপর দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম মংপু। মৈত্রেয়ী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ বইটি যিনি পড়েছেন, তিনি রবীন্দ্রনাথের সঙ্গে মংপুর সম্পর্কটা ভালোভাবেই জানেন। রবীন্দ্র-স্মৃতিধন্য সেই মংপুতে যাওয়ার সুযোগ ঘটে গেল হঠাৎ।মংপু দারুণ প্রিয় ছিল রবীন্দ্রনাথের। তাই বারবার ছুটে এসেছেন এখানে। মংপু থেকেই দেখেছেন সিকিমের চীন-ভারত সীমান্ত নাথুলা পাসের নৈসর্গিক শোভা। চারবার এখানে এসেছেন তিনি, পঞ্চমবার আসার উদ্যোগ নিয়েও আর আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে।মংপু পাল্টে গেছে। এখন আর দুর্গম পথ ঘোড়ার গাড়ি বা পালকিতে বা হেঁটে পাড়ি দিতে হয় না। যাওয়া যায় সোজা গাড়ি করে। রাস্তা পাকা, তবে এখনো দুর্গম। রাম্ভি থেকে ১১ কিলোমিটার পথ সোজা পাহাড়ের ওপরে উঠে গেছে। ভয়ংকর এই পথ।কবিগুরুর স্মৃতিবাহী সেই মংপুতে এলাম আমি আর আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি। কলকাতা থেকে ট্রেনে করে সোজা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে ট্যাক্সিতে মংপু। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এসে এই পথ চলে গেছে সিকিমের দিকে। শিলিগুড়ি-সিকিম পথের ৪০ কিলোমিটারের মাথায় রাম্ভি। এখান থেকেই ১১ কিলোমিটার পাহাড়ের পথ পেরিয়ে মংপু। কালো পিচঢালা পথ। শিলিগুড়ি থেকে সিকিমের পথে আমরা চলছি পাহাড়ের আঁকাবাঁকা পথে। পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। নদীটি আসছে সিকিমের হিমালয় থেকে। পাহাড় থেকে দেখা গেল নীল পানির ধারা। কখনো উচ্ছল কখনো শান্ত। মংপু শহরে ঢোকার আগেই পেয়ে গেলাম কবিগুরুর স্মৃতিবাহী মংপুর রবীন্দ্রভবন। চালক গাড়ি থামিয়ে আমাদের নামিয়ে দিলেন মংপুর প্রধান সড়কের ওপর। আমরা পাহাড়ের রাস্তা ধরে সিঁড়ি বেয়ে একটু নিচে রবীন্দ্রভবনের দিকে পা রাখলাম। এই বাড়িতেই কবিগুরু এসে থেকেছেন। এখন বাড়িটি রবীন্দ্রভবন।বাড়ির মূল দরজার অপর পাশেই সরকারি কুইনাইন কারখানার প্রধান গেট। মংপুতে প্রচুর সিঙ্কোনার চাষ হয়। এই সিঙ্কোনা দিয়েই তৈরি হয় কুইনাইন। ১১ বছর ধরে বন্ধ রয়েছে কারখানাটি। রবীন্দ্রযুগে এখানে উৎপাদন হতো কুইনাইন। এই কারখানার প্রধান কুইনোলজিস্ট বা বড়বাবুর বাসভবন ছিল আজকের রবীন্দ্রভবন। সাহেবি স্টাইলে গড়া। আর প্রধান কুইনোলজিস্ট ছিলেন রবীন্দ্রভক্ত লেখিকা মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন। কবিগুরু যখন কালিম্পং আসেন, তখনই মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রেয়ী দেবী। তাঁর ডাকেই কবিগুরু প্রথম মংপুতে আসেন, ১৯৩৮ সালের ২১ মে। তারপর ১৯৩৯ সালে আসেন দুবার। আর শেষ বা চতুর্থবার আসেন ১৯৪০ সালে। প্রতিবারই তিনি এখানে এক মাস-দুই মাস থেকেছেন। থেকেছেন এই বাড়িতেই। ১৯৪০ সালে কবিগুরু তাঁর জন্মদিনও এই ভবনেই পালন করেন। শিশির রাহুত বললেন, কবিগুরু ‘মালতীলতা দোলে’ লিখেছিলেন এখানে বসেই। লিখেছিলেন, ‘ছেলেবেলা’, নবজাতক, জন্মদিন।১৯৪৪ সালের ২৮ মে এ ভবনটিকে রবীন্দ্রস্মৃতিভবন হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে এটি রবীন্দ্রভবন। রবীন্দ্রভবনটি একতলা। ঘরের মেঝে কাঠের পাটাতন দিয়ে তৈরি। দেয়াল পাকা হলেও বাড়ির টিনের ছাউনির নিচে আবার কাঠ দিয়ে সিলিং করা। ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্যই এভাবে গড়া হয়েছিল বাড়িটি। কুইনাইন কারখানাই তৈরি করেছিল এ বাড়িটি। বাড়িতে রয়েছে ১৬টি ঘর।আমরা কুইনাইন কারখানার অপর দিকের গেট দিয়ে রবীন্দ্রভবনে ঢুকলাম। বাড়ির সামনে সুন্দর বাগান। বাগানে কবিগুরুর একটি আবক্ষমূর্তি। ফাইবার গ্লাস দিয়ে তৈরি।গেট দিয়ে ঢুকতেই কেয়ারটেকার শিশির রাহুতের সঙ্গে দেখা। নেপালি হলেও ভালো বাংলা বলেন। শিশিরই আমাদের নিয়ে গেলেন ভবনের ভেতরে। বললেন, ‘কবিগুরু এখানে এসেছেন চারবার। পঞ্চমবার কালিম্পং থেকে আসার উদ্যোগও নিয়েছিলেন তিনি। পাঠিয়ে দিয়েছিলেন তাঁর ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর আসতে পারেননি। ফিরে গিয়েছিলেন কলকাতায়। কবিগুরুর সেই ওষুধ এখনো সংগ্রহ করে রাখা হয়েছে এই ভবনে।’ দেখালেন তিনি ওষুধের সেই কৌটাগুলো। বড় মাপের প্রতিটি ঘরেই রয়েছে ফায়ার প্লেস। দেখালেন কবিগুরুর বারান্দার বসার ঘর। কাঠের পাটাতন। সেই বারান্দায় রয়েছে কবিগুরুর ব্যবহূত চেয়ারটি। এই চেয়ারে বসে সামনের হিমালয়ের বরফ-আচ্ছাদিত পাহাড়ের নৈসর্গিক শোভা দেখতেন কবিগুরু। চেয়ারটি সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। চেয়ারের সামনে কবিগুরুর ছবি। ফুলদানি। নানা ফুল দিয়ে সাজানো রয়েছে ফুলদানি। জ্বলছে ধূপকাঠি। আর পেছনের দেয়ালে একটি বিরাট তাম্রলিপি। বাংলা, হিন্দি আর নেপালি ভাষায় লেখা রয়েছে কবিগুরুর কথা। এটি তৈরি করে দেন মৈত্রেয়ী দেবী। এর ডানপাশেই কবির রিডিংরুম বা লেখাপড়ার ঘর। কবিগুরু যে নারকেলের ছোবড়া ও চামড়া দিয়ে তৈরি কুশনটি ব্যবহার করতেন, তা-ও রয়েছে চেয়ারের ওপর। রয়েছে কবিগুরু ছবি আঁকতে যে রং ব্যবহার করতেন, সেই রঙের বাক্সও। পাশে ছোট্ট একটি দেয়াল-আলমারিতে কবির ব্যবহূত সেই ওষুধ। রবীন্দ্রভবনের ঘরগুলোর অধিকাংশ রং সাদা। তবে গোলাপি রঙের ঘরও রয়েছে।রিডিংরুমের পাশেই কবির শয়ন ঘর। রয়েছে এখানে তাঁর ব্যবহূত একটি সিঙ্গেল কাঠের খাট। খাটের ওপর কবিগুরুর ব্যবহূত তোশক, বিছানা। বেডরুমের পাশে বাথরুম। সেই যুগে এ ঘরেই বানানো হয়েছিল ইট-বালু দিয়ে বাথটাব। পাশে একটি জায়গায় রাখা হতো গরম পানি। ঠান্ডা পানি মিশিয়ে ঢালা হতো সেই বাথটাবে। এখানে বসেই কবিগুরু স্নান করতেন।প্রতিটি ঘরেই রয়েছে কবিগুরুর স্মৃতিবাহী নানা ঐতিহাসিক নিদর্শন। পাণ্ডুলিপি। ব্যবহূত সামগ্রী। সেই ১৯৩৯ সালের ২৮ মের ন্যাশনাল হেরাল্ড পত্রিকার একটি কপিও। এখানে এসে এই পত্রিকাই পড়তেন কবিগুরু। পত্রিকার দাম ছিল এক আনা।শিশির রাহুত বললেন, সে সময় কবিগুরু রাম্ভি পর্যন্ত ট্রেন ও গাড়িতে করে আসতেন। তখন টয়ট্রেন চলত গেলখোলা পর্যন্ত। সেখানে এসে বাকি তিন-চার কিলোমিটার পথ গাড়িতে। তারপর রাম্ভিতে এসে কবিগুরুকে মংপুতে আনা হতো পালকিতে। পালকির সর্দার ছিলেন শিশির রাহুতের ঠাকুরদাদা ভীমলাল রাহুত। তখন পালাক্রমে ৮-১০ জনে পালকি নিয়ে আসত মংপুতে। বাড়ির পেছনে ছিল রান্নাঘর। এখন রান্নাঘর নেই। রাহুত দেখালেন কবিগুরুর উপাসনার ঘরটিও। উপাসনা ভবনের পেছনে রয়েছে বিশাল এক পাহাড়ি গাছ। কবিগুরু এই গাছের নাম দিয়েছিলেন সপ্তপর্ণী গাছ। মংপুর কবিগুরুর স্মৃতিময় বাড়িটি সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার করে সংগ্রহশালাকে আরও উন্নত করার দাবি তুলেছেন রবীন্দ্র-ভক্তরা। পর্যটকদের জন্য শিলিগুড়ি থেকে মংপুতে নিয়মিত সরাসরি যানবাহন চালু করারও দাবি তুলেছেন তাঁরা। রবীন্দ্র-ভক্তরা বলছেন, শিলিগুড়ি থেকে মংপু যাওয়া কঠিনই। সব সময় যানবাহন পাওয়া যায় না। সবার পক্ষে ট্যাক্সি ভাড়া করে যাওয়াও সম্ভব নয়। তাই সরাসরি ছোট যান চালু করার দাবি তুলেছেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা দিয়েছেন, এই মংপুতেই কবিগুরুর স্মৃতিঘেরা বাড়ি নিয়ে গড়ে উঠবে রবীন্দ্র গবেষণাকেন্দ্র। কবিগুরুর স্মৃতিবাহী ঐতিহাসিক ভবনটি দেখে আমরা ফিরলাম যখন, তখন বিকেলের সূর্যের আলো পাহাড়ের ওপর খেলে যাচ্ছে।