মও মওদের স্বীকৃতির সংগ্রাম
কেনিয়া মানবাধিকার কমিশনের (কেএইচআরসি) কার্যালয়। সংস্থাটির প্রধান জর্জ মোরারার চারপাশ ঘিরে বসে আছেন একদল প্রবীণ মানুষ। সুদূর লন্ডন থেকে একটা খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। সবার মধ্যেই প্রচণ্ড উৎকণ্ঠা। হঠাৎ বেজে উঠল মোরারার মুঠোফোনটি। সবাই রাজ্যের ঔৎসুক্য নিয়ে তাকালেন তাঁর দিকে।ফোন রেখেই মোরারা জানিয়ে দিলেন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন তাঁরা। খবরটা শুনেই উল্লাসে ফেটে পড়লেন সবাই। কেএইচআরসি কার্যালয়ে উপস্থিত এই প্রবীণেরা কেনিয়ার ঐতিহাসিক ব্রিটিশবিরোধী মও মও বিদ্রোহের যোদ্ধা। ওই বিদ্রোহে অংশ নিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন তাঁরা। সেই নির্যাতনের জন্য ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাজ্যের আদালতে মামলা করেছিলেন তাঁরা। আদালতে মামলাটি দায়ের করেছিলেন যে তিনজন, তাঁদের একজন ওয়ামবুগু ওয়া নিইনগি। ঔপনিবেশিক শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। পক্ষে রায় পেয়ে দারুণ উচ্ছ্বসিত নিইনগি বলেন, ‘আমরা খুবই আনন্দিত। আশা করছি, ব্রিটিশ সরকার এখন আমাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে।’আইনি লড়াই চালাতে কেনীয় সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি নিইনগিরা।মও মও বিদ্রোহের ঐতিহাসিক ও গবেষক এইচ এস কে মাওয়ানিকি মনে করেন, বিষয়টি সত্যিই করুণ। মও মও বিদ্রোহে অংশগ্রহণকারী ব্যক্তিদের অনেকেরই বিশ্বাস, কেনিয়ার স্বাধীনতা আন্দোলনে তাঁদের অবদানকে সব সময়ই অবজ্ঞা করা হয়েছে। ১৯৬৩ সালে স্বাধীন হয় কেনিয়া। আশ্চর্যজনক হলেও সত্যি যে নবীন দেশটির শুরুর দিকে যাঁরা চালকের আসনে বসেন, তাঁরা ছিলেন হোম গার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এই হোম গার্ড ঔপনিবেশিক শাসকদের পক্ষে লড়াই করেছিল। আর যাঁরা দেশের জন্য প্রাণ বাজি রাখলেন, সেই মও মও বিদ্রোহের নেতাদের ক্ষমতার ধারে-কাছে ভিড়তে দেওয়া হয়নি। গবেষক মাওয়ানিকি বলেন, যখন স্বাধীনতা এল, তখন তাঁরাই (হোম গার্ডের সঙ্গে ঘনিষ্ঠরা) থাকলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ব্রিটিশবিরোধীরা হন জেল-জুলুমের শিকার। বিদ্রোহীদের প্রতি সংগঠিত সরকারি নিগ্রহ শুরু হয় কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তার সময় থেকেই। তাঁর উত্তরসূরি ড্যানিয়েল আরাপ মইয়ের সময়েও তা অব্যাহত থাকে। মও মও আন্দোলনকে নিষিদ্ধ করা হয়। এ অবস্থা বিদ্যমান থাকে ২০০৩ সালের আগ পর্যন্ত। এম ওয়াই কিবাকি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ২০০২ সালের ৩০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট কিছুটা পাল্টায়। মও মওকে আইনগত বৈধতা দেওয়া হয়। হারুন-অর-রশীদ, সূত্র: বিবিসি