মকু কবিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৯৮ বিশ্বকাপের কথা। অনেক আধুনিক, বিজ্ঞানমনস্ক লোককেও দেখা যায় খেলার প্রসঙ্গ এলেই কুসংস্কারের পসরা সাজিয়ে বসেন। প্রিয় দলকে জেতাতে কেউ খেলা চলাকালে চেয়ার ছেড়ে ওঠেন না, অনেকে চেয়ারে বসেন না। অনেকে টিভির সামনেই যান না। আমরা গ্রামের ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ ঠিক করলাম, যেভাবেই হোক জাদুটোনা, তাবিজকবজ করে ব্রাজিলকে জেতাতে হবে। গিয়ে ধরলাম দশ গ্রামের বিখ্যাত মকু কবিরাজকে।
‘বাবা, যেভাবেই হোক, ব্রাজিলরে জেতাতে হবে।’
‘কঠিন কাজ। তবে হবে, আলবত হবে। হাদিয়া লাগবে।’
‘যা চান পাবেন। খালি ব্রাজিলরে কাপটা তুইলা দেন। কী লাগব কন।’
‘প্রত্যেক খেলার আগে একটা কইরা তাবিজ নিবি। পাক শরীরে তাবিজ নিয়া পোয়াতি বকরির শিঙে বাঁধবি। পরে শিং ধোয়া পানি টিভির পর্দায় ছিটাইয়া খেলা দেখবি। বকরিটাই আমার হাদিয়া।’
‘তথাস্তু।’
ব্রাজিল তরতর করে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে উঠে গেল। সবাই ভাবছিল, ব্রাজিল ভালো খেলে জিতে যাচ্ছে। কিন্তু আসল কাজ তো করছিল মকু কবিরাজ। সে খবর কেউ না জানলেও আমরা জানতাম। আর জানত আশপাশের ২০ গ্রামের লোক। মকুর কবিরাজি ব্যবসা লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগল। বাচ্চা হয় না? মকুরে ধরো। পরীক্ষায় ফেল? মকুর তাবিজ নাও (তখন ফেসবুক ছিল না, প্রশ্ন ফাঁসও ছিল না। পরীক্ষায় পাস করতে পড়া লাগত)।
সেমিফাইনাল পার হয়ে এল সেই মহা কাঙ্ক্ষিত ফাইনাল। আমরা তো মকুরে চোখে চোখে রাখি। না জানি আর্জেন্টিনাওয়ালাদের কুনজর লেগে যায়। কিন্তু ফাইনালের ফল তো আজ সবাই জানেন। কোথা থেকে জিদান এসে সব ওলট-পালট করে দিল। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না। ব্রাজিল হেরে গেল! এ কী দেখলাম আমরা! দল বেঁধে গেলাম মকুকে ধরতে। দেখি মকু হাওয়া। চারদিকে মকুর খোঁজে তোলপাড়। নেই তো নেই-ই।
তদন্তে জানা যায়, যা হওয়ার তা-ই হয়েছে। সেমিফাইনালের পর চেয়ারম্যানের ছেলে মফিজকে বেশ কয়েকবার মকুর সঙ্গে দেখা গেছে। আমরা দিয়েছিলাম ছাগল। কিন্তু মফিজ গরু দান করে মকুকে লাইনে নিয়ে এসেছে। আর মফিজ হচ্ছে গ্রামের আর্জেন্টিনা সাপোর্টার নম্বর ওয়ান।
এরপর আরও তিন বিশ্বকাপ চলে গেল। এবার ব্রাজিলের ঘরে হচ্ছে বিশ্বকাপ। কিসের মেসি, কিসের রোনালদো। আজ যদি আমাদের মকু থাকত! গরু কেন, দরকার হলে উটের বিনিময়ে কাপ আমাদের ঘরে বুকিং দিয়ে রাখতাম!
আহাদ আদনান
আইসিএমইচ, মাতুয়াইল, ঢাকা।