মক্কার বলীখেলায় চ্যাম্পিয়ন শামশু বলী

সাতকানিয়ার ঐতিহ্যবাহী মক্কার বলীখেলায় কক্সবাজারের উখিয়ার শামশু বলী চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছরও তিনি একই মাঠে কক্সবাজারের রামুর দিদার বলীর সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন। রানার্স আপ হয়েছেন মহেশখালীর কলিমুল্লাহ বলী।
২০ এপ্রিল বিকেলে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামের পাহাড়বেষ্টিত মক্কার মাঠে ১৩৭তম এ বলীখেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাবুনগর গ্রামের দেড় কিলোমিটারজুড়ে বসে মেলা।
বলীখেলার মাঠ ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু করে খেলার স্থানের চারপাশে নানা ধরনের হস্ত ও কুটিরশিল্পের সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। প্রতিটি দোকানেই নারী-পুরুষের ভিড়। কেউ তালপাতার পাখা কিনছেন আবার কেউ বা কিনছেন ঘরের নিত্যপ্রয়োজনীয় পণ্য। সব মানুষের হাতে কোনো না কোনো পণ্য দেখা গেছে।
মেলার আয়োজকেরা জানান, নামে মক্কার বলীখেলা হলেও মূলত এটি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান বৈশাখী মেলা। মেলায় দক্ষিণ চট্টগ্রামসহ বান্দরবান ও কক্সবাজারের দর্শকেরা খেলা উপভোগ করতে আসে। এবারও এসেছে। খেলায় কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া, মহেশখালীসহ চট্টগ্রামের বাশঁখালী, লোহাগাড়া, চন্দনাইশ ও সাতকানিয়ার অর্ধশত বলী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদার্শা এলাকার তৎকালীন জমিদার মো. আবদুল কাদের বক্স চৌধুরী দীর্ঘকাল আগে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে প্রতি বাংলা সনের ৭ বৈশাখ এ বলীখেলার আয়োজন করেছিলেন। আবদুল কাদের বক্স চৌধুরীর মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা প্রতিবছর বৈশাখ মাসের ৭ তারিখেই এ বলীখেলার আয়োজন করে যাচ্ছেন।
এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. শামসুল আলম (৫৬) প্রথম আলোকে বলেন, বলীখেলা উপলক্ষে পুরো মাদার্শা ইউনিয়নের ঘরে ঘরে উৎসব চলে। দূরের আত্মীয়স্বজন বেড়াতে আসে। অনেকের সঙ্গেই বলীখেলা উপলক্ষে বছরে একবার দেখা হয়। সে হিসেবে মক্কার বলীখেলা এলাকাবাসীর মিলনমেলা।
লোহাগাড়ার চুনতি থেকে বলীখেলা দেখতে এসেছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৬)। তিনি বলেন, ‘প্রতিবছরই বলীখেলা দেখতে আসি। খেলা দেখার পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনতে পারি।’
আয়োজক কমিটির সভাপতি মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, পূর্বপূরুষের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এলাকার লোকজনকে বিনোদন দেওয়ার আশায় মক্কার বলীখেলার আয়োজন করতে হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বলীখেলার পরিসর প্রতিবছরই বাড়ছে। তাই খেলা শুরুর আগের দিন থেকে পর্যাপ্ত পুলিশ সদস্যের মাধ্যমে আইনশৃঙ্খলার বিষয়ে তদারকি করা হয়েছে।
খেলায় চ্যাম্পিয়ন, রানার্স আপসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া বলীদের পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটির সভাপতি নাজিমুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. কায়েস চৌধুরী প্রমুখ।