মক্কারো বলীখেলায় চ্যাম্পিয়ন দিদার বলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে মক্কারো বলীখেলা ২০ এপ্রিল শেষ হয়েছে। টেকনাফ, কক্সবাজার, রামু, চকরিয়া, মহেশখালী, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা বলীদের শ্বাসরুদ্ধকর এ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদার বলী। রানারআপ হয়েছেন চকরিয়ার ডুলাহাজারার হাসান বলী। ঐতিহ্যবাহী মক্কারো বাড়ির পাহাড়ঘেরা মাঠে ১৩৪তম আসর বসেছিল বলীখেলার। বলীখেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাজমুল আলম চৌধুরী, জুলফিকার সাদাত চৌধুরী, কায়সারুল আলম ও আহমদুর রহমান চৌধুরী।বেলা তিনটায় ঢোলের তালে তালে বলীদের সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন মেলার আয়োজক কমিটির কর্মকর্তারা। এ সময় দর্শকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে মক্কারো বাড়ির পাহাড়ঘেরা মাঠ। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় পাশের টিলা ও গাছের ডালে উঠে শত শত দর্শনার্থী খেলা উপভোগ করেন। দিদার ও হাসান বলী ছাড়াও বলীখেলায় প্রতিযোগিতা করেন মির্জাখীলের লালু বলী, টেকনাফের ছিদ্দিক বলী, আবদুল বলী, বোবা বলী, সৈয়দ নূর বলী, মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী, কক্সবাজারের হাকিম বলী, সোনাকানিয়ার সৈয়দ বলী ও বাঁশখালীর নুরুল আমিন।খেলার পাশাপাশি মাঠের চারপাশের পাহাড়ঘেঁষে জমে উঠেছিল মেলা। মাদার্শা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার বিপুল মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠেছিল উৎসবমুখর। দেশের বিভিন্ন স্থান থেকে আনা হস্তশিল্পজাত পণ্যসহ গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্রামীণ খাবার ও শিশুদের খেলনা সামগ্রী প্রচুর বেচাকেনা হয়েছে এবারের মেলায়।খেলার আয়োজক মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী বলেন, ১৩৩ বছর আগে তাঁর দাদা প্রয়াত মোহাম্মদ আবদুল কাদের বক্স চৌধুরী এ প্রতিযোগিতার আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলা ৭ বৈশাখ এ বলীখেলা অনুষ্ঠিত হয়।