কক্সবাজার সদর উপজেলার মাছুয়াখালী-চৌফলদণ্ডী সংযোগ সড়ক সংস্কার ও মগঘাটা খালে সেতুর নির্মাণের দাবিতে ৯ নভেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, দৈনিক আপনকন্ঠ পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকাদার, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি উদয় শংকর পাল, অধ্যাপক আতিকুর রহমান, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দীন, মাছুয়াখালী-চৌফলদণ্ডী সংযোগ সড়ক, সংস্কার ও সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী তৌহীদুল্লাহ চৌধুরী।
কাজী তৌহীদুল্লাহ চৌধুরী বলেন, মাছুয়াখালী-চৌফলদণ্ডী সংযোগ সড়ক সংস্কার ও মগঘাটা খালের ওপর একটি সেতু নির্মিত হলে প্রায় এক লাখ মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে এই অঞ্চলের মানুষ কক্সবাজার শহরে যাতায়াতের সুযোগ পাবে। তখন এলাকায় উৎপাদিত মাছ, লবণ, চিংড়িসহ ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হতো।
বক্তারা আরও বলেন, জোয়ারের সময় মগঘাটা খাল নৌকা নিয়ে লোকজন পারাপার করে। আর ভাটার সময় বসে থাকতে হয়। এতে অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। বিশেষ করে নারী, শিশুসহ মুমূর্ষু রোগী ও প্রসূতিদের কক্সবাজার শহরের হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।