মগনামার ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবিতে গত মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খানের কাছে তাঁরা এ স্মারকলিপি দেন।
সকালে মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোকতার আহমদের নেতৃত্বে ইউনিয়নের হারুন মাতবরপাড়া, লালমিয়াপাড়া, ঘাটমাঝিরপাড়া, মওলারপাড়া, ফতেহআলীরমারপাড়া, শরৎঘোনা ও পশ্চিম বাজারপাড়া এলাকার দুই শতাধিক মানুষ মিছিল নিয়ে পেকুয়া উপজেলা পরিষদে যান। এরপর তাঁরা বেড়িবাঁধ মেরামত করার দাবিতে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও কাকপাড়া এলাকার দুই কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে সাগরের পানি লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে এসব এলাকায় জোয়ার-ভাটা চলছে। পুকুর ও খাল-বিলে লোনা পানি ঢুকে পড়ছে। পানির তোড়ে একাকার হয়ে গেছে দুই হাজার একরের চিংড়ি ঘের ও দুই লাখ মণ লবণ। অথচ বাঁধ সংস্কারের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
জানতে চাইলে ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, ‘স্মারকলিপিটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি।’