মঙ্গল গ্রহে হবে 'বরফের বাড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মহাকাশ নিয়ে গবেষণার জন্য নভোচারীদের মঙ্গল গ্রহে যেতে হবে। কয়েক সপ্তাহ ধরে সেখানে থাকতে হবে। কিন্তু থাকবেন কোথায়? এই ভাবনা থেকেই সেখানে বাড়ি তৈরির বিষয়টি নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সম্প্রতি মঙ্গল গ্রহে বাড়ি তৈরির ব্যাপারে একটি ধারণা প্রকাশ করেছে সংস্থাটি। বলছে, বরফের তৈরি বাড়িই হবে ওই গ্রহের উপযুক্ত বাসস্থান।
গবেষকেরা বলছেন, মঙ্গল গ্রহের জলবায়ু বিরূপ। মহাজাগতিক রশ্মি সেখানে থাকা মানুষের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলার আশঙ্কা বেশি। এর থেকে বাঁচার জন্য সর্বোত্তম উপায় হবে বাড়ি নির্মাণ করে সেখানে থাকা। নভোচারীরা সেখানে থাকলে ভিনগ্রহের ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা পাবেন।
নাসার ল্যাংলি গবেষণা কেন্দ্রের গবেষক এবং একদল স্থপতি মিলে গবেষণা করে দেখতে পান, লাল গ্রহটির জন্য বরফের বাড়িই সবচেয়ে উপযোগী। গবেষক দলের সদস্য এবং নাসার জ্যেষ্ঠ প্রকৌশলী কেভিন ভিপাভেতজ বলেন, ‘মঙ্গল গ্রহে থাকতে কী প্রয়োজন হবে ও কী কী সমস্যা সৃষ্টি হতে পারে, তা নিয়ে আমরা বহু গবেষণা করেছি। প্রথমে প্রস্তাব এসেছিল বাক্স আকৃতির ঘর বানানো। কিন্তু পরে দেখা গেল তা
বাস্তবসম্মত নয়। আবার মাটির নিচে ঘর বানানোও হবে জটিল। সর্বশেষ আমরা বরফের বাড়ির ধারণাটিকে অনেক বেশি উপযুক্ত বলে উপলব্ধি করি। প্রকৌশলগত দিক থেকেও এটি বেশি বাস্তবসম্মত।’
গবেষকেরা বলেন, এই বাড়ি হবে অনেকটা ফোলানো টায়ারের মতো। এর চারপাশে থাকবে বরফের আবরণ। হালকা হওয়ার কারণে তা বহনও করা যাবে। রোবট পাঠিয়ে দ্রুতই এ ধরনের বাড়ি নির্মাণ করা সম্ভব হবে। নভোচারীরা যাওয়ার আগেই রোবটের মাধ্যমে বরফের আবরণ দেওয়া সম্ভব হবে।
গবেষক দলের সদস্য কেভিন কেম্পটন বলেন, অনেকের ধারণা হতে পারে এটি হবে গুহার মতো। কিন্তু আদতে তা নয়। বাড়ি নির্মাণে যে উপকরণ ব্যবহার করা হবে, সেগুলো হবে আলোক প্রবাহী কিন্তু অস্বচ্ছ। ফলে বাইরের আলো সহজেই প্রবেশ করতে পারবে। তিনি বলেন, নিজের কয়েক মাস ভ্রমণ শেষে কোনো নভোচারী যখন মঙ্গল গ্রহে গিয়ে দেখবেন তাঁর বাড়ি তৈরি, তা নিঃসন্দেহে দারুণ ব্যাপার হবে।