মোঘল সম্রাট আকবরের শাসনামল থেকেই শুরু হয়েছিল যে বর্ষবরণ প্রথার, কালে কালে সেই বৈশাখ উদ্যাপনের মূল সুরটিকে অবিকৃত রেখেই এর মধ্যে এসেছে বৈচিত্র্যের ছোঁয়া।প্রতিবছর নববর্ষের আগমনকে উৎসবের পরিপূর্ণতা এনে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এই অনুষদের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমেই সফল হয় আয়োজনটি। তাঁরাই দিনটিকে বাঙালি সংস্কৃতি ফুটিয়ে তোলার দিনে রূপান্তরিত করেছেন।শতভাগ বাঙালিপনার সেই দিন আসতে আর মাত্র কটা দিন বাকি। তবে চারুকলা চত্বরের আবহাওয়া এখনই জানিয়ে দিচ্ছে নতুন বছরের আগমনের কথা। মূল ফটক পেরিয়ে বাঁ দিকে তাকাতেই চোখে পড়বে জলরঙে আঁকা বিভিন্ন ছবি, যেসব ছবিতে ফুটে উঠেছে গ্রামবাংলার বিভিন্ন রূপ, নারীর মুখ ও শহরের মানুষের জীবনযাত্রানির্ভর কিছু ছবি। কাজ করে যাচ্ছেন সুমন, রত্ন, জাহিদ, রাসেল ও মৃণাল। পাশেই একদল শিক্ষার্থীর গভীর মনযোগে সরায় রং করছেন। সরার সারিতে চোখ পড়তেই মনে হলো বাংলার সব লোকজ চরিত্রের সম্ভারে যেন মুড়িয়ে রাখা হয়েছে সরাগুলোকে। অস্থায়ী স্টলে সাজানো হচ্ছে সরা, জলরং, মুখোশ, কাগজের পাখি প্রভৃতি।কথা হলো স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের শিক্ষার্থী সুমন বৈদ্যের সঙ্গে। তিনি জানান, ১৭ মার্চ থেকে চলছে ২৫তম মঙ্গল শোভাযাত্রার এ আয়োজন। প্রায় এক মাসব্যাপী এসব শিল্পকর্ম বিক্রয়ের মাধ্যমেই এই মহা-উৎসবের তহবিল সংগ্রহ করা হয়। বৈশাখ উদ্যাপনের সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ন রাখার জন্যই কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় না। পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলার সামগ্রী যে কেউ কিনতে পারবেন।সুমন বৈদ্য আরও জানান, প্রতিবছরের মতোই বৈশাখকে বরণ আয়োজনের নির্দেশনা দিচ্ছেন চারুকলার স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা। আর বরাবরের মতোই প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণের টানে ছুটে আসেন তাঁদের প্রিয় চারুকলায় এই উদ্যাপনকে সফল করতে।একটু সামনে এগোতেই দেখা গেল একদল মুখোশনির্মাতাকে। আপন মনে কাজে লেগে আছেন সিনথিয়া আরেফিন, মেহেদী, লিসা, উপল, মিজান, পুলক, রোকেয়া, তিতলি, সুফিয়ান ও আর্ণি। বারান্দার একপাশে কাগজের মণ্ড দিয়ে তৈরি হচ্ছে মুখোশ, আরেক পাশে সেই মুখোশ রাঙিয়ে তোলার কাজ।দরজার কপাট ঠেলে ভেতরে তাকাতেই একঝাঁক রঙিন পাখি যেন স্বাগত জানাল। সবাই আপন মনের মাধুরী মিশিয়ে রং লাগিয়ে যাচ্ছেন পাখির গায়ে। মুখোশের পাশেই সাজানো রঙিন পাখির সারি। হঠাৎ দেখলে মনে হবে, কেউ রূপকথার জাদুকাঠি নেড়েই যেন তৈরি করে চলেছেন ঠাকুরমার কাছে শোনা গল্পের চরিত্রগুলো। রাজা-রানি-উজির-নাজিরের মুখ, টেপা পুতুলের মুখ, খরগোশ ও প্যাঁচা—এই শোভাযাত্রাকে শোভামণ্ডিত করতে শিক্ষার্থীরা তৈরি করেন বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম।‘এবারে উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ছাত্র সমন্বয়কারী হিসেবে কাজ করছেন নবেন্দু সাহা, রাজিব, সাজু, সিনবাদ, শিপন, নির্মল, আসমান, প্রিন্স, জনি, রবিন, সুমন প্রমূখ।’ এ তথ্য জানালেন সিনথিয়া আরেফিন।চারুকলার ছোট পুকুরের পাশেই চলছে বাঁশ, বেত ও কাঠ দিয়ে সরীসৃপের কাঠামো নির্মাণ। যেখানে কাজের নেশায় মত্ত মানবেন্দ্র ঘোষ, আশিক, সবুজ, রনি, চন্দ্রনাথ, সনদ, কমল, রূপম ও প্রাক্তন ছাত্র নয়ন। সেখানেও চোখে পড়ল এবারের শোভাযাত্রা বিষয়বস্তুতে রয়েছে ভিন্নতা। থাকছে বিদ্রোহের প্রতীক ষাঁড়, হাতির পিঠে যোদ্ধা ও শান্তির পায়রা। এ ছাড়া জোড়া পাখি আর মরণ চাঁদ স্যারের রিকশা তো থাকবেই। এত সব তথ্যের সন্ধান দিলেন ভাস্কর্য বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষ।এখানেই শেষ নয়; সন্ধার পর থেকেই শুরু হয় যাত্রার মহড়া। প্রতিবছর বৈশাখের দ্বিতীয় দিন চারুকলা চত্বরে চারুশিক্ষার্থীদের অংশগ্রহণে যাত্রার আয়োজন করা হয়। ঐতিহাসিক কাহিনিভিত্তিক এ যাত্রার নাম নাচমহল। দীপক, মানব, ঝুমা, স্বপ্ন, নব, তানি প্রমুখের অংশগ্রহণে চলছে জমজমাট আয়োজন।যে শহরের নিয়ন আলোয় নেমে আসে নতুন বছর, সেখানে নগর সংস্কৃতির আমেজে নতুন বছরের আগমনকে উৎসবের উদ্দীপনা এনে দেয় চারুশিক্ষার্থীদের এই আয়োজন। তাই তো চারুকলার মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নতুন বছরের সূর্যোদয়ের পর থেকেই ঢাকার সব পথ যেন মিশে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল-সাদার মোহনায়।