মঙ্গল বারতা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই ভোরের আলোয় জেগে উঠবে নতুন এক দিন, সূচনা হবে নতুন এক বর্ষের। গোটা দেশই রঙের ছটায় রঙিন হয়ে উঠবে। নগরের কর্মব্যস্ত মানুষগুলোর মনেও লাগবে উৎসবের আমেজ। সবাই নববর্ষকে বরণের উৎসবে মেতে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবমুখর এই পরিবেশ গড়ে তোলার সিংহভাগ কৃতিত্বই কিন্তু চারুকলার শিক্ষার্থীদের। তাঁদের এই উৎসবমুখর আমেজের রহস্য উদ্ঘাটনের জন্যই গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।দুই পাশের সাদামাটা দেয়ালের মাঝের ফটকে দু-চারজন শিক্ষার্থীর আনাগোনা দেখে অনুমান করা কঠিন চারুকলার ভেতরের পরিবেশ। ফটক পেরিয়ে বাঁ দিকে তাকাতেই চোখে পড়বে জলরঙে আঁকা বিভিন্ন ছবি। যেসব ছবিতে ফুটে উঠেছে গ্রামবাংলার বিভিন্ন রূপ, কোনো রূপসী রমণীর মুখ, শহরের মানুষের জীবনযাত্রানির্ভর কিছু ছবি। এসব ছবিতে একধরনের সরলতার আভা ছড়িয়ে রয়েছে। শিক্ষার্থীদের মনের কথাই যেন বলছে জলরঙে আঁকা এই ছবিগুলো। জলরঙের ছবিগুলো থেকে চোখ সরিয়ে একটু ডান দিকে তাকালেই দেখা যাবে, বিভিন্ন রঙের ভিন্ন আকারের সরা, চারুকলার লাল ইটের দেয়ালে এক এক করে সাজানো। এর খুব কাছেই বসে শিক্ষার্থীরা এসব সরা রং করছেন। সরাগুলোর বিষয়বস্তুতে রয়েছে ভিন্নতা। কোনোটায় আঁকা পেঁচার মুখ, কোনোটায় আবার ময়ূর, কোনো কোনো সরায় ফুল ও লতাপাতার অসাধারণ সব নকশা। ‘এসব সরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে,’ বললেন মৃৎশিল্প বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী রাজীব। রাজীব নিজেও একটি সরায় আলপনা করছিলেন এবং এর ফাঁকে বললেন, সরা ও জলরঙের ছবিগুলোর আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার তহবিল গঠনের জন্য। এই জলরঙের ছবি ও সরাগুলো বিক্রির জন্যই তৈরি। সরাগুলোর দাম পড়বে ২৫০ থেকে ৫০০ টাকা। ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে জলরঙের কোনো ছবি। প্রতিবছর মঙ্গল শোভাযাত্রা সফল হয় চারুকলার শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই। এই শোভাযাত্রাকে সফল করার জন্য প্রতিবছর একটি নির্দিষ্ট ব্যাচের ওপর পুরো উৎসবের দায়িত্ব বর্তায়। এবার সেই দায়িত্ব অর্পিত হয়েছে মাস্টার্সের দশম ব্যাচের ওপর। মঙ্গল শোভাযাত্রায় কী ধরনের ভাস্কর্য থাকবে এবং কোন বিষয়গুলো উপস্থাপন করা হবে, তা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করে আগেই ঠিক করে নেওয়া হয়। ড্রইং ও পেইন্টিং বিভাগের শিক্ষক শিশির ভট্টাচার্য ও নিসার হোসেন সার্বিক আয়োজন তত্ত্বাবধান করছেন। এত সব তথ্যের সন্ধান দিলেন ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শ্যামল সরকার।শ্যামলের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি মঙ্গল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ কাকাতুয়া তৈরির কাজে ব্যস্ত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থী শুনে একটু খটকা লেগেছিল, কিন্তু শ্যামল নিজেই সেই রহস্যের জট খুলে দিলেন। প্রতিবছরই পয়লা বৈশাখের আগে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় চারুকলায় ছুটে আসেন এবং কাজের নেশায় মত্ত হয়ে পড়েন। ফলে জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে যায়। এবারের মঙ্গল শোভাযাত্রায় বিশেষ কী থাকছে জানতে চাইলে শ্যামল জানান, বাঁশ ও বেত দিয়ে তৈরি ফুল-পাখির একটি বিশেষ ধরনের গঠন। এটা অনেক আগে গ্রামবাংলার কুমোরেরা তৈরি করত মাটি দিয়ে। পুরোনো সেই ধারা বজায় রেখে কিছুটা নতুন আঙ্গিকে সবার কাছে পরিচিত করার জন্যই এই আয়োজন। রয়েছে দুই ধরনের পাখির ভাস্কর্য। এ ছাড়া এবারের কুমিরের ভাস্কর্যটির রয়েছে প্রতীকী ব্যঞ্জনা। শ্যামল জানান, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতীক হিসেবেই এবার কুমির ভাস্কর্যটি মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে। ভাস্কর্যের কথা শুনতে শুনতে চারুকলার বারান্দার একপ্রান্তে চোখ পড়তেই দেখা গেল, শিক্ষার্থীরা মাটি দিয়ে কাজ করছেন। দূর থেকে দেখে মনে হয়, তাঁরা যেন মাটি নিয়ে খেলা করছেন। কিন্তু কাছে গিয়েই বোঝা গেল, রাজা-রানির সেই বিখ্যাত মুখোশ বানানোর কাজ চলছে। তবে এবার নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যেমন টেপা পুতুল, মোড়ল। শিল্পকলার ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রদীপের সঙ্গে কথা বলে জানা যায়, এই মুখোশগুলো মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করার পর বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে বড় মুখোশগুলোর দাম পড়বে পাঁচ হাজার ও ছোটগুলো দুই হাজার টাকা করে।পুরো চারুকলায় চলছে উৎসবের কাজ। মঙ্গল শোভাযাত্রার কাজগুলো চার ভাগে ভাগ করা হয়েছে, আর তা হলো জলরং, সরা আলপনা, ভাস্কর্য এবং মুখোশ তৈরি। শিক্ষার্থীদেরও নিজ নিজ কাজ সেভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। সাধারণত এই কাজগুলো করার সময় অধিকাংশ শিক্ষকই তাঁদের ক্লাস স্থগিত করে দেন। তবে কোনো ক্লাস যদি চলে, সে ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নিয়মকানুন শিথিল করা হয়। সাধারণত প্রতিবছর অনেক আগে থেকে কাজ শুরু হলেও এ বছর একটু দেরিতেই হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের জন্য। ২৯ মার্চ থেকে কাজ শুরু হওয়ায় দিন-রাত শিক্ষার্থীদের কাজ করতে হচ্ছে। তার পরও তাঁদের মধ্যে কোনো ক্লান্তি নেই। হাসি-ঠাট্টা, গল্প-গুজব, গান, খুনসুটি সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে চলছে উৎসবের প্রস্তুতি। এমন মজার এক পরিবেশে শিক্ষার্থীদের সুনিপুণ হাতের কাজ দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে টেরই পাইনি। অতঃপর উৎসবমুখর পরিবেশ পেছনে ফেলে নির্জন ফটকের কাছে আসতেই মনে অদ্ভুত এক আনন্দ দোলা খেয়ে গেল, রাত পোহালেই মঙ্গল শোভাযাত্রা। রঙের ছটায় রঙিন হয়ে উঠবে গোটা দেশ।